• ই-পেপার

সিমন-কস্তার প্রতিরোধে গোলশূন্য প্রথমার্ধ স্পেন-পর্তুগালের

রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন

ক্রীড়া ডেস্ক
রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন

আক্রমণ-প্রতিআক্রমণে ভরপুর প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধ ছিল কিছুটা নিষ্প্রাণ। মনে হচ্ছিল ম্যাচ গড়াচ্ছে অতিরিক্ত সময়ে। কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে বদলি হিসেবে নামা মিকেল মেরিনোর দারুণ ফিনিশিংয়ে পালটে যায় হিসাব-নিকাশ। শেষ মুহূর্তের এই গোলেই পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। আর এই হারের মধ্য দিয়ে হয়তো বিশ্বকাপ শিরোপার আক্ষেপ নিয়েই বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ডালাসে শেষ ষোলোর এই মহারণে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল দুই দল। তবে আক্রমণভাগের ব্যর্থতা আর দুই দলের গোলরক্ষকদের দারুণ নৈপুণ্যে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমে রদ্রির ডিফেন্সচেরা পাস ধরে চমৎকার এক ফিনিশিংয়ে স্প্যানিশদের জয়ের আনন্দে ভাসান মেরিনো। শেষ আটের লড়াইয়ে স্পেন এখন মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার জয়ী দলের।

এই জয়ের মধ্য দিয়ে ২০১০ সালে বিশ্বকাপ জেতার পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার খরা কাটাল স্পেন। একই সঙ্গে গত বছর উয়েফা নেশন্স লিগের ফাইনালে পেনাল্টি শুটআউটে পর্তুগালের কাছে হারের প্রতিশোধও নিল ‘লা রোহা’রা। অন্যদিকে, গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা পর্তুগালকে এবার বিদায় নিতে হলো শেষ ষোলো থেকেই।

ম্যাচের শুরু থেকেই দুই দলের ফরোয়ার্ডদের হতাশা আর গোলরক্ষকদের বীরত্ব ছিল চোখে পড়ার মতো। ষষ্ঠ মিনিটে জোয়াও ক্যান্সেলোর শট পোস্টের ওপর দিয়ে যায়। এরপর স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। ১২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাসে রোনালদোর জোরালো শট ফিরিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন।

পরপর দুই মিনিটে দারুণ সেভ করেন পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তাও। লামিনে ইয়ামাল ও আলেক্স বায়েনার শট রুখে দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন তিনি। ৩১ মিনিটে কস্তার আরেকটি দুর্দান্ত সেভে গোলবঞ্চিত হয় স্পেন। এরপর ৩৭ মিনিটে উনাই সিমোনও নিজের সামর্থ্যের প্রমাণ দেন জোয়াও ফেলিক্স ও রোনালদোর জোড়া শট আটকে দিয়ে।

ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত আসে ৪১ মিনিটে। পর্তুগালের নুনো মেন্দেসের বুলেট শট স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোরোর মাথায় লেগে ক্রসবারে প্রতিহত হয়। কপাল জোরে বেঁচে যাওয়া স্পেন ঠিক তার পরের মিনিটেই ইতিহাস গড়ে। ২০২২ বিশ্বকাপ ও চলতি আসর মিলিয়ে টানা ৫৬১ মিনিট গোল না খেয়ে সুইজারল্যান্ডের ১৬ বছর পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দেয় স্পেন।

পুরো ম্যাচে ইয়ামালকে দারুণভাবে সামলানো মেন্দেস ৫৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লে তার জায়গায় নামেন নেলসন সেমেদো। দ্বিতীয়ার্ধে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও জালের দেখা পাচ্ছিল না। ৭৩ মিনিটে ইয়ামালের বিপজ্জনক ফ্রি-কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন কস্তা।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই জ্বলে ওঠেন মেরিনো। তার শেষ মুহূর্তের গোলেই নিশ্চিত হয় স্পেনের জয় আর বিদায়ঘণ্টা বাজে পর্তুগিজদের।

পর্তুগালের আক্রমণ রুখে বিশ্বরেকর্ড স্পেনের

ক্রীড়া ডেস্ক
পর্তুগালের আক্রমণ রুখে বিশ্বরেকর্ড স্পেনের

ফুটবল মাঠে ভাগ্য আর ইতিহাসের মেলবন্ধন কতটা নাটকীয় হতে পারে, ডালাস স্টেডিয়ামে আজ তা দেখল বিশ্ববাসী। ঘড়ির কাঁটায় তখন ম্যাচের ৪১ মিনিট। পর্তুগালের নুনো মেন্দেসের এক বুলেট গতির শট যখন স্পেনের ডিফেন্ডার পেদ্রো পোরোর মাথা ছুঁয়ে জালের দিকে ছুটছিল, তখন নিশ্চিত গোলের আশঙ্কায় ছিল স্প্যানিশ ভক্তরা। ছোট করে নেওয়া কর্নার থেকে উড়ে আসা বল পোরো হেড দিয়ে ক্লিয়ার করতে চাইলেও বলের গতি স্পেনের গোলরক্ষক উনাই সিমনকেও ফাঁকি দিচ্ছিল। কিন্তু বলটি ক্রসবারে লেগে ফিরে আসলে কপাল জোরে বেঁচে যায় স্পেন।

ঠিক তার পরের মিনিটেই, অর্থাৎ ৪২তম মিনিটে ইতিহাস নতুন করে লিখল ‘লা রোহা’রা। সুইজারল্যান্ডের দীর্ঘ ১৬ বছর পুরোনো রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের দীর্ঘতম সময় জাল অক্ষত রাখার অনন্য বিশ্বরেকর্ড এখন স্পেনের দখলে।

পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে নামার আগেই স্পেনের রক্ষণভাগের ঝুলিতে ছিল টানা ৫১৯ মিনিট গোল না খাওয়ার কীর্তি। রেকর্ড স্পর্শ করতে দরকার ছিল আর ৪০ মিনিট। ম্যাচে নুনো মেন্দেসের সেই শটটি ক্রসবারে প্রতিহত হওয়ার ঠিক ৬০ সেকেন্ড পরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৪২ মিনিটে পা রাখার সাথে সাথেই স্পেনের জাল অক্ষত থাকার সময়কাল দাঁড়ায় ৫৬০ মিনিটে, যা ভেঙে দেয় সুইজারল্যান্ডের ৫৫৯ মিনিটের পুরোনো বিশ্বরেকর্ড। প্রথমার্ধের বাঁশি বাজা পর্যন্ত স্পেনের এই ‘ক্লিন শিট’ রেকর্ড গিয়ে ঠেকেছে ৫৬১ মিনিটে।

বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সময় কোনো গোল না খাওয়ার আগের রেকর্ডটি এককভাবে ছিল সুইজারল্যান্ডের। ১৯৯৪ বিশ্বকাপ থেকে শুরু করে ২০১০ বিশ্বকাপ পর্যন্ত টানা তিনটি আসর মিলিয়ে ৫৫৯ মিনিট নিজেদের জালে বল ঢুকতে দেয়নি সুইসরা।

স্পেন এই যাত্রা শুরু করেছিল ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ভাগে। সেখানে মরক্কোর বিরুদ্ধে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিট গোলহীন থাকার পর, চলতি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ৩টি ম্যাচ (২৭০ মিনিট) এবং নকআউট পর্বের আগের ম্যাচেও প্রতিপক্ষকে গোল করতে দেয়নি লুইস দে লা ফুয়েন্তের দল। 

ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ শেষ মাঝমাঠের তারকার

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ শেষ মাঝমাঠের তারকার

স্বাগতিক মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়। মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার আনন্দে যখন ভাসছে ইংল্যান্ড, ঠিক তখনই থ্রি লায়ন্স শিবিরে নেমে এলো বিষাদের ছায়া। ম্যাচ শেষের উদযাপনের সময় অনাকাঙ্ক্ষিত এক চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

গত সোমবার (৬ জুলাই) শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে বিদায় করার পর মাঠজুড়ে উৎসবে মাতেন ইংলিশ ফুটবলাররা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হেন্ডারসন নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। অ্যাজটেকার অবিশ্বাস্য পরিবেশের প্রশংসা করে তিনি জানান, মেক্সিকো শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন লড়াই করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে তারা গর্বিত।

কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই ঘটে বিপত্তি। গ্যালারির দর্শকদের অভিনন্দন জানিয়ে ড্রেসিংরুমে ফেরার পথে মাঠের পাশে থাকা বিজ্ঞাপন বোর্ড টপকে লাফ দেন হেন্ডারসন। ল্যান্ডিংয়ের সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে কব্জিতে মারাত্মক আঘাত পান এই অভিজ্ঞ মিডফিল্ডার।

যন্ত্রণায় মাঠে কাতরাতে থাকা হেন্ডারসনকে দেখে দ্রুত চিকিৎসাকর্মীদের ডাকেন সতীর্থরা। প্রাথমিক চিকিৎসার পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।

পরে ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়, এক্স-রে পরীক্ষায় হেন্ডারসনের কব্জিতে ফ্র্যাকচার (হাড় ভাঙা) ধরা পড়েছে। এই চোটের কারণে চলতি বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না তার। দলের সঙ্গে কানসাস সিটির পরবর্তী কন্ডিশনিং ক্যাম্পে না গিয়ে, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মেক্সিকোতেই থাকতে হচ্ছে তাকে।

মায়ামিতে সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ে ম্যাচের আগে অভিজ্ঞ হেন্ডারসনের দল থেকে ছিটকে যাওয়াটা নিশ্চিতভাবেই বড় এক ধাক্কা থমাস টুখেলের দলের জন্য। 

স্পেনের একাদশ অপরিবর্তিত, পর্তুগালের চমক

ক্রীড়া ডেস্ক
স্পেনের একাদশ অপরিবর্তিত, পর্তুগালের চমক
রয়টার্সের ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আজ রাতে মাঠে নামছে দুই ইউরোপীয় পরাশক্তি স্পেন ও পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে ভক্তদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্পেনের কোচ আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখলেও, পর্তুগাল শিবিরে এসেছে বড় পরিবর্তন। একাদশে চমক হিসেবে ফিরেছেন জোয়াও ফেলিক্স।

অস্ট্রিয়ার বিপক্ষে খেলা সবশেষ ম্যাচটির একাদশই অপরিবর্তিত রেখেছে স্পেন। গোলপোস্টের নিচে থাকছেন উনাই সিমোন। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন পেদ্রো পোরো, পাও কুবারসি, আইমেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠের নিয়ন্ত্রণে থাকছেন রদ্রি, পেদ্রি ও দানি ওলমো। আর আক্রমণভাগে দেখা যাবে তরুণ তারকা লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারজাবাল ও আলেক্স বায়েনাকে।

অন্যদিকে, পর্তুগাল তাদের শুরুর একাদশে বড় পরিবর্তন এনেছে। যেখানে সবচেয়ে বড় চমক জোয়াও ফেলিক্সের অন্তর্ভুক্তি। দলটির গোলরক্ষক হিসেবে খেলবেন দিয়োগো কস্তা। ডিফেন্সে থাকবেন জোয়াও ক্যান্সেলো, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস ও নুনো মেন্দেস। মাঝমাঠ সামলাবেন জোয়াও নেভেস, ভিতিনিয়া ও ব্রুনো ফার্নান্দেজ। আর আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে থাকছেন জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতো।

স্পেন একাদশ:

উনাই সিমোন, পেদ্রো পোরো, পাও কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারজাবাল, আলেক্স বায়েনা।

পর্তুগাল একাদশ:

দিয়োগো কস্তা, জোয়াও ক্যান্সেলো, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।