• ই-পেপার

আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম

দেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে : সিপিবি

নিজস্ব প্রতিবেদক
দেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে : সিপিবি
রাজধানীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ মিছিল।

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিক্ষোভ পরবর্তী সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেছেন, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে এবং সরকার মার্কিন তোষণ নীতি অনুসরণ করছে।

আজ সোমবার রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘দেশবিরোধী বাণিজ্যচুক্তি’ বাতিল করার পরিবর্তে সরকার মার্কিন তোষণ নীতি গ্রহণ করেছে। সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের অনুমতি তারই বহিঃপ্রকাশ। সরকার ও বিরোধী দল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ভূমিকা পালন করছে।’ এ পরিস্থিতিতে দেশপ্রেমিক মানুষের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতীক ও রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংসদ ভবন প্রাঙ্গণকে কোনো বিদেশি রাষ্ট্রের জাতীয় দিবস উদযাপনের ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া স্বাধীনতা ও জাতীয় আত্মমর্যাদাবোধের পরিপন্থী। আর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি সামরিক জান্তার সহযোগী ছিল। সেই দেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সংসদ ভবন ব্যবহারের অনুমতি মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল।’ এ ঘটনার জন্য দায়ীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানান তিনি।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এ ধরনের অনুষ্ঠান আয়োজন দেশের পররাষ্ট্রনীতির স্বাধীনতা, জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্ব নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্নের জন্ম দিয়েছে।’ ভবিষ্যতে জাতীয় সংসদ ভবনসহ রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত কোনো স্থাপনা বিদেশি রাষ্ট্রের জাতীয় দিবস বা অনুরূপ আয়োজনের জন্য ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি জানান তারা।

এ সময় মুক্তিযুদ্ধে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ও স্বাধীনতাবিরোধী ভূমিকা রাখা একটি দলের প্রধানের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন সিপিবি নেতারা। তাদের দাবি, মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জামায়াত বাংলাদেশের জনগণের স্বার্থের বিপরীত অবস্থানে রয়েছে।

সমাবেশ থেকে সিপিবির সভাপতি আগামী ৮ জুলাই দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘দেশবিরোধী বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিও পুনর্ব্যক্ত করেন। এর আগে পল্টন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেসক্লাব ও কদম ফোয়ারা প্রদক্ষিণ করে আবার পল্টনে এসে সমাবেশে মিলিত হয়।

দেশের মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে : নাহিদ ইসলাম

আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
দেশের মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে : নাহিদ ইসলাম
গাজীপুরে জুলাই পদযাত্রায় কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, মানুষ ন্যায়ের পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এই বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদকে এখন অস্বীকার করছে। তারা এখন জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে।

তিনি বলেন, ‘আপনারা যে বিভিন্ন জেলা উপজেলায় মামলা বাণিজ্য করেছেন, নিরীহ মানুষের নামে মামলা দিয়ে দুর্নীতি এবং লুটপাট করেছেন। এই হয়রাণী থেকে মানুষকে মুক্তি দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন।

সোমবার (৬ জুলাই)  বিকাল ৫ টায় গাজীপুর জেলার কালিগঞ্জে সরকারি শ্রমিক কলেজ এলাকায় দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘মানুষ ন্যায়ের পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এই বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদকে এখন অস্বীকার করছে। জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে।  আমরা পাঁচটা দাবি নিয়ে এসেছি, এই গণভোটের গণনা বাস্তবায়ন করতে হবে। যার মাধ্যমে সংস্কার হবে। দেশের পরিবর্তন হবে। আকাঙ্ক্ষা ছিল অভ্যুত্থানে পরিবর্তন দেখার। সেই জন্য শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে দাবি জানিয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে বিদ্যুতের সংকট। আপনাদের এলাকায় কি বিদ্যুৎ আছে? লোডশেডিং হচ্ছে? দৈনিক সাত থেকে আট ঘন্টা লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। এ সরকার কথা দিয়েছিল কমিটমেন্ট দিয়েছিল  বিদ্যুতের সমস্যার সমাধান করবে। যে বাজেট দিয়েছে এই বাজেটে তেমন কিছু দেখি নাই। বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে। ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।  সারাদেশে আইনশৃঙ্খলার বেহাল দশা। আপনারা জানেন কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের দলের একজন এমপি বলেছিলেন, মাদক কারবারির সূতিকাগার হচ্ছে সেই কক্সবাজার থেকে। যে নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারে না সে সারাদেশে মাদক কিভাবে বন্ধ করবে? সারা দেশের আইন-শৃঙ্খলা কিভাবে ঠিক করবে? স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনি মাদক কারবার বন্ধ করুন। দেশের আইন-শৃঙ্খলা নিশ্চিত করুন।

তিনি আরো বলেন, ‘আমাদের ওসমান হাদী জীবন দিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। কিন্তু আমরা দেখছি সীমান্তে সাধারণ বাংলাদেশীদেরকে হত্যা করছে বিএসএফ খুনি বাহিনী। আমরা দেখছি সীমান্তে পুশিং হচ্ছে। এই সরকার জাতীয়তাবাদী সরকার বলে। যে নাকি জাতীয়তাবাদী নিয়ে ব্যবসা করে। সীমান্তে হত্যা বন্ধ করতে পারছে না। আমরা বলব, সীমান্তে হত্যা বন্ধ করুন। জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করুন। বাংলাদেশের সীমান্তকে সুরক্ষা দিন।’

নাহিদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল আপনার আমার অংশগ্রহণের ফলে।  এখন জুলাই গণঅভ্যুত্থানের  নতুন নতুন নেতা আসছে। শিলং থেকে লন্ডন থেকে নাকি নেতৃত্ব দেওয়া হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের। ভালো, আপনারা এখন জুলাই অভ্যুত্থানের আকাংখা বাস্তবায়ন করুন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন। আপনারা সংস্কারের বাস্তবায়ন করুন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন। যদি বিচার করতে না পারেন। তাহলে নেতৃত্বের দাবিদার এ কথাটি ভুলেও মুখে আনবেন না। জুলাই জাদুঘর খুলে দিন এবং যারা জুলাই- গণঅভ্যুত্থানের  হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত  করুন। আপনারা যে বিভিন্ন জেলা উপজেলায় মামলা বাণিজ্য করেছেন, নিরীহ মানুষের নামে মামলা দিয়ে দুর্নীতি এবং লুটপাট করেছেন। এই হয়রাণী থেকে মানুষকে মুক্তি দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব খন্দকার আল আমিন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু প্রমুখ।

কক্সবাজারে পাহাড়ধসে এনসিপির পদযাত্রা স্থগিত

অনলাইন ডেস্ক
কক্সবাজারে পাহাড়ধসে এনসিপির পদযাত্রা স্থগিত
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি। 

মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে আরো উল্লেখ করা হয়, আগামী ৯ জুলাই ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এ ছাড়া স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রা এই মাসের শেষের দিকে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে। 

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরু করছে এনসিপি। এই পদযাত্রাটি মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হবে। আজ সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কালের কণ্ঠে গত ১ জুলাই ‘জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে অ্যারোমেট সার্ভিসেস লিমিটেড। কম্পানির চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ চৌধূরী স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক, সাংগঠনিক বা আদর্শিক সম্পৃক্ততা নেই। তাকে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।’

মো. নাসের শাহরিয়ার জাহেদীর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগের বাস্তবভিত্তি নেই বলে দাবি করে সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে।

তবে কালের কণ্ঠে প্রকাশিত ওই সংবাদটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন থেকে সংগৃহীত। নীতিমালা মেনে বাংলাদেশ প্রতিদিনের বরাত দিয়ে তা প্রকাশ করা হয়।