• ই-পেপার

আড়াল ভেঙে ফিরছেন বুবলী

১২৭টি দৃশ্য বাদ, এবার প্রদর্শনীই বন্ধ সিনেমার

বিনোদন ডেস্ক
১২৭টি দৃশ্য বাদ, এবার প্রদর্শনীই বন্ধ সিনেমার
সংগৃহীত ছবি

মুক্তির আগেই দীর্ঘদিন বিতর্কে ছিল দিলজিত দোসাঞ্জ অভিনীত সিনেমা ‘পাঞ্জাব ৯৫’। সেন্সর বোর্ডের সঙ্গে প্রায় তিন বছরের টানাপোড়েনের পর পরিবর্তিত নামে ‘সতলুজ’ শিরোনামে অবশেষে মুক্তি পায় ছবিটি। তবে মুক্তির মাত্র দুই দিনের মাথায় ভারতে ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবিটির প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

গত ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এ মুক্তি পেয়েছিল ‘সতলুজ’। কিন্তু রবিবার হঠাৎ করেই ছবিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে জি৫ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি’র কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছবিটি স্ট্রিম করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে দর্শকদের স্বার্থে যত দ্রুত সম্ভব আবারও ছবিটি প্রদর্শনের জন্য সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

Diljit Dosanjh's Punjab 95 Finally Streams As Satluj: Where To Watch The  Long-Delayed Film

‘সতলুজ’ মূলত ‘পাঞ্জাব ৯৫’ সিনেমার নতুন নাম। পরিচালক হানি ত্রেহান নির্মিত ছবিটি মানবাধিকারকর্মী যশবন্ত সিং খালরার জীবন থেকে অনুপ্রাণিত। পেশায় তিনি ছিলেন একজন ব্যাংক ব্যবস্থাপক। পরে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ১৯৯০-এর দশকে পাঞ্জাবে ২৫ হাজারের বেশি শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ প্রকাশ্যে আনেন।

১৯৯৫ সালে যশবন্ত সিং খালরাকে অপহরণের পর হত্যা করা হয়। পরে এই ঘটনায় ছয়জন পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁর জীবনসংগ্রাম ও মানবাধিকার আন্দোলনের ঘটনাগুলোই উঠে এসেছে এই সিনেমায়।

ছবিটি নির্মাণের পর থেকেই সেন্সর বোর্ডের আপত্তির মুখে পড়ে। পরিচালকের অভিযোগ, সিনেমাটি মুক্তির অনুমতি পেতে ১২৭টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি ২০২৩ সালে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সরকারি আপত্তির কারণে প্রদর্শনী বাতিল করা হয়।

সিনেমাটি নিয়ে এর আগে নিজের অনুভূতির কথা জানিয়ে দিলজিত দোসাঞ্জ বলেছিলেন, যশবন্ত সিং খালরার মানবিক অবদানের কারণেই তিনি এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর মতে, এই চরিত্রে অভিনয় করা তাঁর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।

‘সতলুজ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলজিত দোসাঞ্জ। এছাড়া ছবিতে আরও রয়েছেন অর্জুন রামপাল, কনওয়ালজিৎ সিং, সুখবিন্দর ভিকিসহ একাধিক শিল্পী।

ফের হাসপাতালে দীপিকা

বিনোদন ডেস্ক
ফের হাসপাতালে দীপিকা
সংগৃহীত ছবি

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের ক্যান্সারের চিকিৎসা এখনো চলমান। দ্বিতীয় দফার ইমিউনোথেরাপি শুরু হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

যদিও চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন অভিনেত্রীকে, তবু দীর্ঘ এই চিকিৎসাপ্রক্রিয়া তার স্বাভাবিক জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে।

গত বছরের মে-জুন মাসে দীপিকার যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যান্সার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার যকৃৎ থেকে টেনিস বলের সমান একটি টিউমার অপসারণ করা হয়। এর পর থেকেই চলছে নিয়মিত চিকিৎসা। এর মধ্যেই কয়েকবার শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।

সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে দীপিকার বর্তমান শারীরিক অবস্থার কথা জানান তাঁর স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। ভিডিওতে দীপিকাও চিকিৎসাজনিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘এটা এখন যেন রুটিন হয়ে গেছে। ২০-২১ দিন পরপরই আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।’

শোয়েব জানান, বেশ কিছুদিন ধরেই দীপিকার শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শে তাঁকে আইভি আয়রন ড্রিপ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অতিরিক্ত ঝিমুনি অনুভব করায় এক রাত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

তবে নিজের অসুস্থতার চেয়েও ছেলে রুহানকে নিয়েই বেশি দুশ্চিন্তায় আছেন দীপিকা। তাঁর মতে, গত কয়েক সপ্তাহে ছেলের আচরণে বেশ পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে মায়ের অসুস্থতা, ঘন ঘন হাসপাতালে যাওয়া এবং পরিবারের স্বাভাবিক পরিবেশের অভাব ছোট্ট রুহানের মনেও প্রভাব ফেলছে।

দীপিকা বলেন, ‘রুহান আগের তুলনায় অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে।’ তাই চিকিৎসার ব্যস্ততার মধ্যেও ছেলের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করছেন তিনি এবং শোয়েব।

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই নিজের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলে আসছেন এই অভিনেত্রী। 

এর আগেও তিনি জানিয়েছিলেন, চিকিৎসা, শারীরিক দুর্বলতা এবং নিয়মিত হাসপাতালে যাতায়াতের কারণে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে মা হিসেবে ছেলেকে পর্যাপ্ত সময় দিতে না পারার কষ্ট তাঁকে সবচেয়ে বেশি মানসিকভাবে নাড়া দেয়।

দীপিকার বিশ্বাস, গুরুতর অসুস্থতা শুধু একজন মানুষের শরীরেই নয়, তাঁর পারিবারিক জীবন, দায়িত্ববোধ ও দৈনন্দিন বাস্তবতাতেও বড় পরিবর্তন আনে। তবুও চিকিৎসকদের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আশাবাদী তিনি।

উল্লেখ্য, ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন দীপিকা কক্কর। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাস্থ্যগত অগ্রগতির খবরও ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

১০ দিনে কত আয় করল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

বিনোদন ডেস্ক
১০ দিনে কত আয় করল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?
সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহুল আলোচিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিসেবে নির্মিত এই ছবিটি গত ২৬ জুন ভারতের প্রায় ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 

আহমেদ খান পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রায় ১৮ বছর পর  আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনকে।

মুক্তির পর ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সমালোচনার মাঝেও বক্স অফিসে ভালো সূচনা করেছে ছবিটি। 

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১০ দিনে ভারতে ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে ১৩৬ কোটি ৮০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ২৯ কোটি ৯৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় ১৬৬ কোটি ৭৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৫ কোটি ৬৮ লাখ টাকার সমান।

অন্যদিকে, বলি মুভি রিভিউজের হিসাব অনুযায়ী, প্রথম ১০ দিনে ছবিটির দৈনিক নেট আয় ছিল যথাক্রমে ১৫ কোটি, ২০ কোটি, ২৪.৭৫ কোটি, ৮.২৫ কোটি, ৮.৫০ কোটি, ৫.৭৫ কোটি, ৫ কোটি, ৪ কোটি, ৭ কোটি এবং ৯ কোটি রুপি। তাদের হিসাবে ১০ দিনে বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে ১৩৮ কোটি ২৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৮ কোটি ৮১ লাখ টাকা।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মাল্টিস্টারার বলিউড সিনেমাগুলোর একটি। এতে ৩০ জনেরও বেশি জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়স তলপাড়ে, তুষার কাপুর, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, লারা দত্ত, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা ও মুকেশ তিওয়ারি।

ছবিটি প্রযোজনা করেছেন ফিরোজ নাদিয়াদওয়ালা। অক্ষয় কুমার জানিয়েছেন, প্রায় ১১৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি।

উল্লেখ্য, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৭ সালে। এরপর ২০১৫ সালে আসে ‘ওয়েলকাম ব্যাক’। প্রায় এক দশকের বিরতির পর মুক্তি পেল এই সিরিজের তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন আনিস বাজমি, আর নতুন কিস্তিটি পরিচালনা করেছেন আহমেদ খান।

আবারও জুটি হবেন শাকিব ও ইধিকা?

বিনোদন প্রতিবেদক
আবারও জুটি হবেন শাকিব ও ইধিকা?

শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ‘বরবাদ’-এর সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন তিনি। আর সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—শাকিব খানের বিপরীতে আবারও কি দেখা যাবে ইধিকা পালকে?

‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। এরপর প্রায় দুই বছর পর ‘বরবাদ’-এ আবারও একসঙ্গে অভিনয় করেন এই জুটি। সেই সিনেমাতেও তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসিত হয় এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।

শুরুতেই হোঁচট খেলেন শাকিব খানের নায়িকা ইধিকা!

সাম্প্রতিক সময়ে শাকিব খানের বিপরীতে একাধিক নতুন মুখ দেখা গেলেও দর্শকদের একটি বড় অংশ এখনও ইধিকাকেই তাঁর সঙ্গে সবচেয়ে মানানসই জুটিগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। ফলে নতুন সিনেমার ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত আবারও শাকিব-ইধিকা জুটিকে একসঙ্গে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

দর্শকদের কৌতূহল আরো বেড়েছে শাকিব খানের দেওয়া একটি পোস্ট ঘিরে। সেখানে তিনি লিখেছিলেন, ‘বরবাদ টিম ফিরছে’। এর পর থেকেই অনেকে প্রশ্ন তুলছেন, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি, পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খান ফিরছেন যখন, তখন কি সেই টিমের অংশ হিসেবে ফিরবেন ইধিকা পালও?

দ্বিধা' নিয়ে আসছেন শাকিব-ইধিকা

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, ছবির চিত্রনাট্যের কাজ এখনো শেষ পর্যায়ে রয়েছে। তাই নায়িকা নির্বাচনও এখনো চূড়ান্ত হয়নি।

কালের কণ্ঠকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত শাকিব খানই চূড়ান্ত হয়েছেন। যেহেতু এখনও স্ক্রিপ্টিং শেষ হয়নি তাই নায়িকার বিষয়টা এখনই বলা যাচ্ছে না।’

ইধিকা পাল আবারও এই সিনেমায় থাকছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাহরীন সুমি বলেন, ‘আমাদের শর্ট লিস্টে তিন-চারজন নায়িকা রয়েছেন, যাদের কথা আমরা ভাবছি। স্ক্রিপ্টিং শেষ হলে হয়তো চরিত্র অনুযায়ী আমরা তাদের সঙ্গে কথা বলব। তবে হ্যাঁ, সেই শর্টলিস্টে ইধিকা পাল আছেন, এতটুকু বলতে পারি। তবে নায়িকা চূড়ান্ত হবার খবরটি আশা করি আগস্টের শেষ দিকে দিতে পারব।’

পাইরেসির কবলে শাকিবের 'বরবাদ', আইনের দ্বারস্থ প্রযোজক

প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। 

থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবির দৃশ্যধারণ হবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে। আগামী বছরের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।