• ই-পেপার

তিস্তার তীরে বিজিবির নতুন বিওপি

উত্ত্যক্তের অভিযোগে চার বখাটে আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
উত্ত্যক্তের অভিযোগে চার বখাটে আটক

বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে চার বখাটেকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটকরা হলেন নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের পুত্র হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের পুত্র আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের পুত্র প্রতিম আচার্য ও রতন কুমার দাসের পুত্র হৃদয় দাস। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা বিদ্যালয়টির সামনে অভিযান পরিচালনা করি। এ সময় আমরা অভিযুক্ত এই চারজনকে আটক করি এবং অভিভাবকরা তাঁদের চিহ্নিত করেন।

 

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি, ছয় জেলে নিখোঁজ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি, ছয় জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে গলাচিপার ১১ জেলেসহ ফিশিং ট্রলার ডুবে যায়। পরে পাঁচ জেলে জীবিত উদ্ধার হলেও অন্য ছয়জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই উদ্ধার হওয়া পাঁচ জেলেকে গলাচিপা নিয়ে আসা হয়। গতকাল সোমবার উদ্ধার হওয়া জেলেরা সাগরে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর গলাচিপা থানায় খবরটি জানান বলে নিশ্চিত করেছেন ওসি মো. ইমতিয়াজ আহমেদ। উদ্ধার হওয়া জেলেদের কাছ থেকে তথ্য নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য এরই মধ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন তৎপরতা নিয়েছে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। ফিশিং ট্রলারে নিখোঁজ ছয় জেলে হলেন মো. হারুন হাওলাদার, মো. এমাদুল, মো. ফোরকান. মো. সায়েম ও মো. আল আমিন ও মো. আকাশ।

 

ধর্ষণ মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি
ধর্ষণ মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন

গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। জানা গেছে, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস ওই ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। তাতে রাজি না হওয়ায় ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় আরেক আসামি কল্পনা বিশ্বাসকে দিয়ে ওই ছাত্রীকে ডেকে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে উজ্জ্বল। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। ধর্ষিতার মা অনিতা টিকাদার বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

অটোরিকশা চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বরগুনা প্রতিনিধি
অটোরিকশা চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বরগুনায় চার্জে থাকা অটোরিকশার সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. বেল্লাল (৪৫) ও তাঁর স্ত্রী মোসা. কমলা বেগম (৪০)। নিহত ওই দম্পতির তিন ছেলেমেয়ে রয়েছে। নিহত ওই দম্পতির বড় মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বাড়িতে থাকা নিজের অটোরিকশার চার্জের সংযোগ খুলতে গিয়ে বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাঁকে উদ্ধার করতে স্ত্রী কমলা ও তাঁর মেয়ে সেখানে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তী সময়ে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বরগুনা সদর থানা পুলিশের ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।