চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশই অংশ নিচ্ছে না। প্রতিবছর পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয় না। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে হারটি ৭ শতাংশ বেড়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের মতো একটি গুরুত্বপূর্ণ ধাপে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অনুপস্থিতি আমাদের শিক্ষাব্যবস্থার জন্য বড় অশনিসংকেত। শিক্ষার্থীরা কেন পরীক্ষায় অংশ নিচ্ছে না—এটি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং এক গভীর সামাজিক সংকটের ইঙ্গিত। দারিদ্র্যের কশাঘাত, পারিবারিক বিপর্যয় এবং শিক্ষাসামগ্রীর দুষ্প্রাপ্যতা অনেককে ঝরে পড়তে বাধ্য করছে। একই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতা এবং মানসিকভাবে প্রস্তুত না থাকায় অনেকের মাঝে পরীক্ষার ভীতি তৈরি হয়েছে। এমতাবস্থায় কেন শিক্ষার্থীরা পরীক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ অনুসন্ধান চালানো জরুরি। ঝরে পড়া রোধে কাউন্সেলিং, বৃত্তি প্রদান এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ ও মানসিক সাহস জোগাতে সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার।
সরফরাজ শিপন
শিক্ষার্থী, সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া




