আয়াতের অর্থ
‘এটা এ জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে, আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করব। আল্লাহ তাদের গোপন অভিসন্ধি অবগত আছেন। ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, তখন তাদের দশা কেন হবে! এটা এ জন্য যে তারা তার অনুসরণ করে, যা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তাঁর সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে; তিনি তাদের কর্ম নিষ্ফল করে দেন।’ (সুরা : মুহাম্মদ, আয়াত : ২৬-২৮)
আয়াতগুলোতে পাপীদের মৃত্যুর অবস্থা বর্ণনা করা হয়েছে।
শিক্ষা ও বিধান
১. ইহুদিরা মুহাম্মদ (সা.)-এর প্রতি কোরআন অবতীর্ণ হওয়াকে অপছন্দ করত। তারা এ বিষয়ে তাঁকে হিংসা করত।
২. মদিনার মুনাফিকরা ইহুদিদের সঙ্গে মিলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তারা বলত, আমরা তোমাদের সাহায্য করব। তোমরা বলো—আমাদের করণীয় কী?
৩. আয়াত দ্বারা প্রমাণ হয়, আল্লাহ মানুষের রুহ কবজ করার জন্য ফেরেশতা নিযুক্ত করেন।
৪. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, প্রত্যেক পাপীর মৃত্যুর সময় ফেরেশতারা তার মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে।
৫. আয়াত থেকে বোঝা যায়, পাপ কাজ আল্লাহকে ক্ষুব্ধ করে এবং কুফরি আগের সব নেক আমল নিষ্ফল করে দেয়। (তাফসিরে আবু সাউদ : ৮/১০০)



