• ই-পেপার

যুক্তরাজ্য সফরে বাকিংহাম প্রাসাদে থাকবেন প্রিন্স হ্যারি

ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের

কালের কণ্ঠ ডেস্ক
ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
সংগৃহীত ছবি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কটাকে খোঁচাখুঁচির পর্যায়ে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেন ইতালির প্রধানমন্ত্রীকে ক্ষেপিয়ে মজাই পাচ্ছেন তিনি। ফ্রান্সে জি-৭ সম্মেলনের সময় ছবি তোলা নিয়ে শুরু হওয়া ভুল বোঝাবুঝিকে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প। শুধু বয়ে বেড়াচ্ছেন বললে  ভুল হবে, মাঝে মধ্যেই উত্তেজনার আগুনে পেট্রল ঢালছেন তিনি।

রবিবার রাতে নিজ মালিকানার ট্রুথ সোশ্যালে মেলোনির সাথে তার একটা ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিতে দেখা যাচ্ছে, মেলোনি ঠোঁটে হাসি আর চোখে অপার মুগ্ধতা নিয়ে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। ট্রাম্প ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সংযত থাকার আদেশ প্রয়োজন’।

মেলোনির সঙ্গে ট্রাম্পের সম্পর্কে যে তিক্ততা, তাতে এটি তাকে আরো উত্যক্ত করবে নিশ্চয়ই। আগামীকাল তুরস্কের আঙ্কারায় শুরু হতে যাচ্ছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। সে সম্মেলনে মেলোনির সঙ্গে ট্রাম্পের দেখাও হতে পারে।
 
অথচ একসময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের দারুণ সম্পর্ক ছিল। দ্বিতীয় দফায় ট্রাম্পের অভিষেকের সময়ও উপস্থিত ছিলেন মেলোনি। ট্রাম্পের বিভিন্ন নীতিরও প্রশংসা করেছেন তিনি। কিন্তু ইরানে মার্কিন আগ্রাসনের সময় ন্যাটোর সহায়তা না পেয়ে ক্ষুব্ধ হন ট্রাম্প। মেলোনিও যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছিলেন। গত মাসে ফ্রান্সে জি-৭ সম্মেলনে দেখাও হয় দুজনের। কিন্তু তখনই নতুন করে ঝামেলা শুরু হয়, যার শুরুটা করেছেন ট্রাম্প নিজেই।

জি-৭ সম্মেলনের সময় ইতালির একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘মেলোনি আমার সাথে একটা ছবি তোলার জন্য বারবার মিনতি করেছিলেন। তিনি আমার সাথে ছবি তুলতে এতটাই মরিয়া ছিলেন যে আমি হয়তো ছবি তুলতামই না, কিন্তু তার জন্য আমার মায়া লেগেছিল।’

ট্রাম্পের এ বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানান মেলোনি। তিনি একে গালগল্প বলে উড়িয়ে দেন। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার পূর্ব নিধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন। উত্তেজনা প্রশমনের চেষ্টা না করে ট্রাম্প তাতে বারবার ঘি ঢেলেছেন। যুক্তরাষ্ট্রে ফিরে ট্রুথ সোশ্যালে তিনি আবার মেলোনির ছবি তোলার জন্য বারবার মিনতির ব্যাপারটি পুনরুল্লেখ করেন। ট্রাম্প বলেছিলেন, কমে যাওয়া জনপ্রিয়তা ফিরে পেতে মেলোনি তার সাথে ছবি তুলতে ব্যাকুল ছিলেন। ট্রাম্পকে নিজের জনপ্রিয়তার দিকে নজর দেয়ার পরামর্শ  দিয়ে মেলোনি বলেছিলেন, তার জনপ্রিয়তা ট্রাম্পের সাথে সম্পর্কের ওপর নির্ভর করে না।

ন্যাটো সম্মেলনের ঠিক আগে আগে এমন হালকা চালের ছবি আর ইঙ্গিতপূর্ণ ক্যাপশন, দুই নেতার সম্পর্কের জটিলতা আরো বাড়াতে পারে।

মুম্বাইয়ে ভবন ধসে ৬ জন নিহত, ভারি বৃষ্টিতে স্কুল-কলেজ বন্ধ

অনলাইন ডেস্ক
মুম্বাইয়ে ভবন ধসে ৬ জন নিহত, ভারি বৃষ্টিতে স্কুল-কলেজ বন্ধ
ছবি : সংগৃহীত।

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে একটি আবাসিক ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সঙ্গে ভারি বর্ষণে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মুম্বাইয়ের পূর্বাঞ্চলে জরাজীর্ণ একটি আবাসিক ভবন রবিবার ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। মুম্বাইয়ের মেয়র রিতু তাওদে এ তথ্য নিশ্চিত করেছেন। ভারি বৃষ্টির কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবারের জন্য শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

আবহাওয়া বিভাগ আরো ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। জলাবদ্ধতার কারণে মুম্বাইয়ের সব স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। মেয়র রিতু তাওদে নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, প্রবল বাতাসে গাছ বা ডালপালা ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।

ভারতের কৃষি ও শিল্প খাতের জন্য মৌসুমি বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে এবং দেশটিতে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। এ বছর এল নিনো প্রভাবের কারণে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

২০ মিলিয়নের বেশি মানুষের এই শহর সম্প্রতি তীব্র গরম ও পানির সংকটেরও মুখোমুখি হয়েছে। গত মাসে কর্তৃপক্ষ পানি ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করেছিল এবং সুইমিং পুল ও নির্মাণকাজে পানি সরবরাহ কমিয়ে দিয়েছিল।
 

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ১৯, আহত শতাধিক

অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ১৯, আহত শতাধিক
সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। আজ সোমবার চিকিৎসকেরা এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ সংবাদ সংস্থা এএফপিকে জানান, হাসপাতালে এখন পর্যন্ত চারজন কারারক্ষী এবং ১৫ জন বন্দির মরদেহ আনা হয়েছে।

তিনি আরো বলেন, এই সংঘর্ষে আহত ১০০ জনের বেশি বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

কারাগারের ভেতরে কীভাবে এই সংঘর্ষ শুরু হয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
 

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল, ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর

অনলাইন ডেস্ক
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল, ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর
ছবি : রয়টার্স

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে একটি অনিয়ন্ত্রিত দাবানল মারাত্মক রূপ ধারণ করেছে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্পেন সীমান্তের কাছাকাছি ছোট শহর ও গ্রামগুলো থেকে প্রায় দশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের (৬ জুলাই) তীব্র বাতাস পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস জানিয়েছেন, সোমবার সকাল থেকে পরিস্থিতির অবনতি হয়েছে।

বিশ্বখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্স’-এর তৃতীয় পর্বের রুটের কাছাকাছি এই দাবানলটি জ্বলছে। ফলে জরুরি উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাতে সহজে যাতায়াত করতে পারে, সেজন্য স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ দর্শকদের জন্য এই পর্বের এলাকাটি বন্ধ করে দিয়েছে। তবে প্রতিযোগিতাটি বাতিল করা হয়নি; এটি চালু থাকলেও রেসের পেছনে থাকা দলগুলোর গাড়ির বহর একদম সীমিত বা ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরাসি পিরেনিজ পর্বতমালার পাদদেশে লাগা এই আগুনে ইতিমধ্যেই প্রায় ৪৬০০ হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে বলে এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন স্থানীয় প্রশাসক পিয়ের রেগনো দে লা মোথ। মে ও জুন মাসে ফ্রান্সসহ পশ্চিম ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে বিস্তীর্ণ এলাকা শুকিয়ে যাওয়ায় এ বছর অঞ্চলটি দাবানলের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আগুনের কারণে স্পেনের প্রায় ২২০০ হেক্টর এলাকা ধ্বংস হয়েছে, যার ৯৭ শতাংশই ‘লেস গাভারেস’ নামের একটি সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলে অবস্থিত। তবে কাতালান কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনের অংশের আগুন বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং এই সপ্তাহের মধ্যেই তা পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হবে।

এই আগুন লাগানোর অভিযোগে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের সাথে চুক্তিবদ্ধ একটি কম্পানির এক কর্মচারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ রয়েছে, তিনি রাস্তার পাশে অসাবধানতাবশত ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ (লোহা বা পাথর কাটার যন্ত্র) ব্যবহার করার সময় স্ফুলিঙ্গ থেকে এই আগুনের সূত্রপাত হয়।

এ ছাড়া, কাতালোনিয়ার দক্ষিণে কাস্তেলোন প্রদেশে আরেকটি ভিন্ন দাবানল ‘সিয়েরা দে এস্পাদান’ জাতীয় উদ্যানে প্রবেশ করায় সেখান থেকেও প্রায় ৫০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এই উদ্যানটি কর্ক ওক বনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল।