দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে নামছে স্কটল্যান্ড। প্রথম ম্যাচে গ্রুপ ‘সি’তে আগামীকাল হাইতির মুখোমুখি হবেন স্কটিশরা। পেটের পীড়া কাটিয়ে স্কটিশ তারকা স্কট ম্যাকটমিনে প্রথম ম্যাচের জন্যই প্রস্তুত বলে জানিয়েছেন কোচ স্টিভ ক্লার্ক। শনিবার (১৩ জুন) এ তথ্য জানান তিনি।
১৪ জুন (রবিবার) ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে (বোস্টন স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে ম্যাচটি।
নাপোলির এই খেলোয়াড়ের ফিটনেস সম্পর্কে সাংবাদিকরা জানতে চায়লে ক্লার্ক বলেন, ‘সে পুরোপুরি সুস্থ এবং খেলার জন্য প্রস্তুত।’
গেল মৌসুমে সেরি’ আ-তে নেপোলির হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছে ২৯ বছর বয়সী এই স্কটিশ খেলোয়াড়। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল করেছেন তিনি।
গেল বছরের নভেম্বরে ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলে জয়ে দারুণ পারফর্ম করেন তিনি। এ ছাড়া ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো স্কটিশদের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন নিশ্চিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
স্কটল্যান্ডের গ্রুপে অন্য দুটি দল হলো সাবেক সেমিফাইনালিস্ট মরক্কো এবং বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল। নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখতে ফিফা র্যাংকিংয়ে ৮৩ নম্বরে থাকা হাইতির বিরুদ্ধে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া তাদের জন্য বাধ্যতামূলক।
স্কটল্যান্ড তাদের ফুটবল ইতিহাসে এর আগে কখনো বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। কোচ স্টিভ ক্লার্কের অধীনে এই ‘ব্যান্ড অব ব্রাদার্স’ এবার ইতিহাস ওলটপালট করতে বদ্ধপরিকর।
বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে স্কটল্যান্ড। এবারই প্রথম গ্রুপ পর্বের বাধা টপকে নকআউটে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে কোচ স্টিভ ক্লার্কের দল।




