বলিউড সুপারস্টার হৃতিক রোশনের বোন সুনয়না রোশন একসময় স্থূলতা, ফ্যাটি লিভার, জন্ডিস ও যক্ষ্মার (টিবি) মতো একাধিক কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়েছিলেন। চিকিৎসকেরা যখন আশা ছেড়ে দিয়েছিলেন, তখন ভাইকে পাশে পেয়েছিলেন তিনি। দিদির জীবন বাঁচাতে হৃতিক রোশন কিভাবে দিনের পর দিন রাত জেগে মন্দিরে প্রার্থনা করেছিলেন, সম্প্রতি এক আবেগঘন পোস্টে সেই কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করেছেন সুনয়না।
একটা সময়ে অতিরিক্ত ওজনের কারণে সুনয়নার শরীরে নানা রোগ বাসা বেঁধেছিল। ফ্যাটি লিভারের সমস্যার কারণে তিনি ঘন ঘন জন্ডিসে আক্রান্ত হতেন, যার ফলে তার ওজন আরো বেড়ে যাচ্ছিল। ওজন কমাতে ডায়েট করেও কোনো লাভ হয়নি। একপর্যায়ে ওজন কমানোর নেশায় তিনি শুধু পানি খেয়ে দিন কাটাতে শুরু করেন। খাবার-দাবার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় তার শরীরের অবস্থা মারাত্মক খারাপ নেয়।
সুনয়না জানান, অসুস্থতার কারণে টানা দুই-তিন দিন তার কোনো জ্ঞান ছিল না, কেবল শ্বাসটুকুই চলছিল। চিকিৎসকেরা পরিবারকে জানিয়ে দিয়েছিলেন যে সুনয়নার প্যারালাইসিস হতে পারে, এমনকি তিনি কোমাতেও চলে যেতে পারেন। বোনের এই চরম সংকটের সময়ে হৃতিক রোশন হাল ছাড়েননি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সুনয়না নিজে থেকে খাবার খেতে চাইলে বোঝা যাবে তিনি সুস্থ হচ্ছেন। দিদির জ্ঞান ফেরাতে এবং সুস্থতার জন্য অভিনেতা হৃতিক একটি মন্দিরের বাইরে সারারাত জেগে প্রার্থনা করেছিলেন। ভাইয়ের সেই আন্তরিক প্রার্থনার কয়েকদিন পরেই অলৌকিকভাবে সুনয়না খাবার খেতে চান এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার কিছুদিন পরেই আবার যক্ষ্মা (টিবি) রোগে আক্রান্ত হন সুনয়না। রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যাওয়ায় তাকে এক মাস হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এরপর রোগটি যেন আবার ফিরে না আসে, সেজন্য চার মাস ঘরের মধ্যে বন্দি জীবন কাটাতে হয়েছিল তাকে। দীর্ঘদিন সঠিক চিকিৎসা এবং ভাই হৃতিক রোশনসহ পুরো পরিবারের অক্লান্ত সমর্থনে শেষ পর্যন্ত কঠিন সব রোগকে জয় করে নিজের জীবনকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে পেরেছেন সুনয়না।
সূত্র : এই সময়




