বিশ্বকাপে ভক্তদের ঢোলের বাড়ি পড়ার আগেই বড় ধাক্কা খেল ঘানাশিবির। আইনি জটিলতার কারণে কানাডায় প্রবেশাধিকার পাননি দলটির তারকা মিডফিল্ডার টমাস পার্টে। ফলে আগামী বুধবার টরন্টোতে পানামার বিপক্ষে ব্ল্যাক স্টারদের বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে মাঠে নামতে পারছেন না ৩২ বছর বয়সী এই সাবেক আর্সেনাল তারকা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ফিফা জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে টমাস পার্টে যুক্তরাষ্ট্রের বস্টনে ঘানার বেসক্যাম্প থেকে কানাডা ভ্রমণ করতে পারবেন না। আগামী ১৭ জুন পানামার বিপক্ষে প্রথম ম্যাচের জন্য তার করা ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে কানাডিয়ান সরকার।’ তবে ভিসা বা অভিবাসন প্রক্রিয়ায় তাদের কোনো হাত নেই বলেও স্পষ্ট জানিয়েছে ফিফা।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক কানাডা। কিন্তু পার্টের ওপর থাকা গুরুতর ফৌজদারি মামলার কারণেই তাকে দেশে ঢোকার অনুমতি দেয়নি কানাডিয়ান ইমিগ্রেশন বিভাগ (আইআরসিসি)।
ইংলিশ ক্লাব আর্সেনালে খেলার সময় তার বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে। ২০২৫ সালের জুলাইয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তার বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের মামলা করে। সে বছরের সেপ্টেম্বরে নিজেকে নির্দোষ দাবি করেন পার্টে। তবে চলতি বছরের (২০২৬) ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে নতুন করে আরো দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। এপ্রিল মাসেও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে খেলা এই মিডফিল্ডার।
যুক্তরাষ্ট্রে ঢুকতে কোনো সমস্যা না হলেও কানাডা সরকার তাদের নিয়মে অনড়। দেশটির ইমিগ্রেশন বিভাগ (আইআরসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘কানাডিয়ানদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ব্যক্তির প্রোফাইল বা টুর্নামেন্টে তার ভূমিকা কী, তা বিবেচনা না করে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করা হয়। কোনো ব্যক্তি দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে তাকে প্রবেশাধিকার দেওয়া হয় না।’
গ্রুপ ‘এল’-এ ঘানার বাকি দুটি ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ২৩ জুন বস্টনে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে পার্টের খেলতে কোনো বাধা নেই। দেশের হয়ে ৫৮ ম্যাচে ১৬ গোল করা এই অভিজ্ঞ তারকার প্রথম ম্যাচে অনুপস্থিতি নিশ্চিতভাবেই পোড়াবে ঘানাকে।




