ভারতীয় টেস্ট দলে ৩১৯ নম্বর ক্যাপ মাথায় চড়িয়ে আফগানিস্তানে বিরুদ্ধে ঘূর্ণির জাদু দেখালেন রাজস্থানের বাঁহাতি স্পিনার মানব সুতার। ঘরোয়া ক্রিকেট ও গুজরাট টাইটান্সের জার্সিতে নজর কাড়া এই তরুণের বোলিং দক্ষতার নেপথ্যে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।
ভারতীয় ক্রিকেটে আবিষ্কার আরেক স্পিনারের উত্থান আফগানিদের বিরুদ্ধে একমাত্র টেস্টে। নিউ চণ্ডীগড়ে অভিষেক টেস্টে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা সুতার এখন আলোচনার কেন্দ্রে। টেস্ট অভিষেকের আগে ভারতের ৩১৯ নম্বর ক্যাপটি তাঁর হাতে তুলে দেন কুলদীপ যাদব।
সতীর্থদের অভিনন্দন আর করতালির মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রাজস্থানের এই তরুণ। তারপর মাঠে নেমে এমন পারফরম্যান্স, যা তাঁকে সরাসরি জাতীয় আলোচনায় টেনে এনেছে ।
আরো পড়ুন
সাড়ে ৫ ঘণ্টায় ১৫ উইকেট হারিয়ে ভারতের কাছে বিধ্বস্ত আফগানিস্তান
আফগানদের বিরুদ্ধে শুধু বলে নয়, ব্যাট হাতেও উজ্জ্বল সুতার। প্রথম ইনিংসে ৪১ বলে ২৮ রান করেন। হাঁকান দুটি ছক্কাও। তবে আসল ম্যাজিক বল হাতে। ঘূর্ণির জাল বিস্তারের ফলে আফগান ব্যাটিং লাইনআপকে কার্যত দিশেহারা করে দেন তিনি।
রাজস্থানের ছেলে, আইপিএলেও পরিচিত মুখ
মানবের জন্ম রাজস্থানের গঙ্গানগরে। বাঁহাতে প্রাথাগত স্পিনের পাশাপাশি প্রয়োজনে ব্যাটও পারেন ভালো। ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের প্রতিনিধি, আইপিএলে তাঁর দল গুজরাট টাইটান্স। ২০২৫ সালের নিলামে ৩০ লক্ষ টাকায় মানবকে কিনে নেয় গুজরাট। আইপিএলে প্রথম সুযোগ পান ২০২৪ সালে। সেই মৌসুমে একটি ম্যাচ খেলেন। এরপর চলতি সিজনে চারটি ম্যাচে সুযোগ, যেখানে ঝুলিতে দুই উইকেট। আইপিএলে খুব বেশি আলোচনায় না এলেও ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের অনেক আগেই নজর কেড়েছিল।
২০২২-২৩ রঞ্জি ট্রফিই ছিল মানব সুতারের বড় ব্রেকথ্রু। সেই মৌসুমে মাত্র ৬ ম্যাচে ৩৯ উইকেট তুলে চমকে দেন ভারতীয় ক্রিকেট অঙ্গনকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যে ১২০ উইকেট শিকার করেছেন তিনি। দীর্ঘ স্পেল বল করার ক্ষমতা, টার্ন এবং নিয়ন্ত্রণ—তিন অস্ত্রই তাঁকে আলাদা করেছে। চণ্ডীগড় টেস্টেও এই বৈশিষ্ট্যগুলি দেখা গিয়েছে। আফগান ব্যাটারদের বিরুদ্ধে ধৈর্য ধরে আক্রমণ চালিয়েছেন সমান তালে। শেষ পর্যন্ত তার পুরস্কার ৬ উইকেট।
আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের রাগবি তারকার কাছ থেকে বিশেষ উপহার পেলেন মেসি
ছিলেন দ্রাবিড়ের নজরেও
জাতীয় দলে ডাক পাওয়ার অনেক আগেই মানব সুতার রাহুল দ্রাবিড়ের নজরে। কোচ ধীরাজ শর্মার দাবি, সাবেক ক্রিকেটার সুতারের অলরাউন্ড দক্ষতায় মুগ্ধ হলেও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। কোচের বক্তব্য অনুযায়ী, দ্রাবিড় মনে করেছিলেন, দীর্ঘ এবং সফল ক্রিকেট ক্যারিয়ার গড়তে হলে সুতারের আসল মনোযোগ থাকা উচিত ব্যাটিং নয়, বোলিংয়ের উপর।
অভিষেক টেস্ট অন্তত বলছে, টিম ইন্ডিয়ার সাবেক কোচের পরামর্শ গুরুত্ব দিয়েছেন মানব। ৬ উইকেটের পারফরম্যান্স শুধু ইতিবাচক পদক্ষেপ নয়, ভারতীয় ক্রিকেটে নতুন এক স্পিনারের আগমনের ইঙ্গিতও বটে।