• ই-পেপার

মা-বাবার ভরণপোষণের দায়িত্ব কার, ইসলাম কী বলে

দুই অঙ্গের নিয়ন্ত্রণে জান্নাতের নিশ্চয়তা

দুই অঙ্গের নিয়ন্ত্রণে জান্নাতের নিশ্চয়তা

মহান আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়েছেন। তাদের সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন। তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা অন্য সব মাখলুকের ওপর রাজত্ব করতে পারে। মানুষকে মহান আল্লাহ যেসব অঙ্গ-প্রত্যঙ্গ দান করেছেন, তার মধ্যে দুটি অঙ্গ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১. জিহ্বা ও ২. লজ্জাস্থান। এ দুটি অঙ্গের সঠিক ব্যবহার যেমন মানুষের মর্যাদা, ইজ্জত ও জান্নাত লাভের মাধ্যম হতে পারে, তেমনি এগুলোর অপব্যবহারে তার দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যেতে পারে। তাই ইসলাম এ দুটি অঙ্গ সংরক্ষণের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে।

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু (জিহ্বা) এবং দুই ঊরুর মাঝখানের বস্তুর (লজ্জাস্থান) জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতের জিম্মাদার।’ (বুখারি, হাদিস : ৬৪৭৪)

সাধারণত এই দুটি অঙ্গ দিয়েই মানুষ জঘন্য পাপে লিপ্ত হয়। অথচ মানুষ মুখ দিয়ে যা বলে, সব তাৎক্ষণিক লিপিবদ্ধ হয়ে যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যে কথাই মানুষ উচ্চারণ করে (তা সংরক্ষণের জন্য) তার নিকটে একজন সদা তৎপর প্রহরী আছে।’ (সুরা : কাফ, আয়াত : ১৮)

অতএব মানুষ তার জিহ্বাকে ব্যবহার করে গিবত, চোগলখুরি, গালিগালাজ, অপবাদ, মিথ্যা কথা, নাশোকরিমূলক উক্তি ও এজাতীয় অন্যান্য যে পাপাচারেই লিপ্ত হয়, সবই সংরক্ষিত হয়ে যায়। যেগুলোর পরিণতি খুবই ভয়াবহ। পবিত্র কোরআন গিবতকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সঙ্গে তুলনা করেছে। (সুরা : হুজুরাত, আয়াত : ১২)

চোগলখোরদের বিশ্বাস করতে নিষেধ করা হয়েছে। (সুরা : কলম, আয়াত : ১১)। 

এমনিভাবে মিথ্যা, অপবাদ, গালাগালের  ভয়াবহতা নিয়ে বহু আয়াতে সতর্ক করা হয়েছে।

মানুষের মুখের কথা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। কখনো কখনো একটি কথার কারণে মানুষের অনেক বড় বিপদ নেমে আসতে পারে, তার দুনিয়া-আখিরাত ধ্বংস হয়ে যেতে পারে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন যে নিশ্চয় বান্দা পরিণাম চিন্তা ব্যতিরেকেই এমন কথা বলে, যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে, যার দূরত্ব পূর্ব-পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। (বুখারি, হাদিস : ৬৪৭৭)

এ জন্য আল্লাহ মুখের জোর দিলেই তা দিয়ে মানুষকে হেয় করা, মিথ্যা অপবাদ দেওয়া, ঝগড়া করা, গালাগাল দেওয়া ও মিথ্যা ও কুফরি কথা বলার সুযোগ নেই।

অন্যদিকে লজ্জাস্থানের পাপ মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে বিপর্যস্ত করে দেয়। এ জন্য ইসলাম ব্যভিচারকে শুধু হারামই করেনি; বরং তার নিকটবর্তী হওয়ার পথও নিষিদ্ধ করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩২)

মুমিন কখনো এই পথে পা বাড়াতে পারে না। পবিত্র কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে আল্লাহ বলেন, ‘আর তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৫)

কিয়ামতের দিন যেসব অঙ্গের পাপের কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে অন্যতম হলো এই দুটি অঙ্গ। রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করে? তিনি উত্তর দেন, ‘মুখ ও লজ্জাস্থান।’ (তিরমিজি, হাদিস : ২০০৪)

বস্তুত জিহ্বা ও যৌন প্রবৃত্তির নিয়ন্ত্রণই তাকওয়ার অন্যতম পরিচায়ক। যে ব্যক্তি গিবত, মিথ্যা, অপবাদ, অশ্লীল ভাষা ও কু-কথা থেকে নিজেকে রক্ষা করে এবং ব্যভিচার ও অশ্লীলতার সব পথ বন্ধ রাখে, সে নিজের ঈমান, সম্মান ও আখিরাতকে নিরাপদ রাখে।

আর যে ব্যক্তি এ দুটি অঙ্গকে লাগামহীন ছেড়ে দেয়, সে নিজের হাতে নিজের ধ্বংস ডেকে আনে। তার পাপে দুনিয়া-আখিরাত ভারী হয়ে ওঠে। যাকে তার উভয় জাহানের লাঞ্ছনাকে ত্বরান্বিত করে। তাই প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো সর্বদা জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করা। কেননা এ দুটির সঠিক ব্যবহার জান্নাতের পথ সুগম করে এবং অপব্যবহার জাহান্নামের দিকে ঠেলে দেয়।

আজকের নামাজের সময়সূচি, ৮ জুন ২০২৬

অনলাইন ডেস্ক
আজকের নামাজের সময়সূচি, ৮ জুন ২০২৬

আজ সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২১ জিলহজ ১৪৪৭।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু ১২টা ০১ মিনিটে।

আসরের সময় শুরু ৪টা ৩৭ মিনিটে।

মাগরিব ৬টা ৪৮ মিনিটে।

এশার সময় শুরু ৮টা ১৪ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৩টা ৪৬ মিনিটে 

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১১ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার ও আত্মনিয়ন্ত্রণ

মুফতি সাঈদ আহমাদ যশোরী
সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার ও আত্মনিয়ন্ত্রণ
সংগৃহীত ছবি

বর্তমান যুগকে বলা হয় তথ্য ও প্রযুক্তির যুগ। পৃথিবীর কোটি কোটি মানুষ আজ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে যুক্ত। প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রগতি মানবজীবনকে যেমন সহজ করেছে, তেমনি নতুন কিছু চ্যালেঞ্জও সৃষ্টি করেছে। আজ অনেকের দিন শুরু হয় মোবাইলের স্ক্রিন দেখে, আর শেষ হয় সোশ্যাল মিডিয়ার নিউজফিড স্ক্রল করতে করতে। ফলে অজান্তেই প্রযুক্তি মানুষের জীবন পরিচালনার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে।

নামাজে যেমন ইমাম সামনে থেকে নেতৃত্ব দেন আর মুক্তাদি তাঁর অনুসরণ করেন, তেমনি আধুনিক সমাজে অনেক মানুষের জীবনযাত্রা, চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ, এমনকি মূল্যবোধও অনেকাংশে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম দ্বারা পরিচালিত হচ্ছে। একজন মুমিনের জন্য এটি গভীরভাবে ভাবনার বিষয়। কারণ ইসলাম মানুষকে পরিস্থিতির দাস নয়, বরং আত্মনিয়ন্ত্রিত, সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চায়। তাইতো আল্লাহ তাআলা বলেন, ‘সময়ের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে।’(সুরা : আসর, আয়াত : ১-২)

বর্তমানে অসংখ্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেন, অথচ দিনের শেষে উপলব্ধি করেন যে তারা উল্লেখযোগ্য কোনো উপকারই অর্জন করেননি। ইসলাম আমাদের শিক্ষা দেয়, প্রতিটি মুহূর্তের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। মহানবী (সা.) বলেন, ‘কিয়ামতের দিন বান্দার পদযুগল নড়বে না, যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে—তার জীবন কোথায় ব্যয় করেছে।’ (তিরমিজি, হাদিস: ২৪১৭)

সুতরাং সোশ্যাল মিডিয়ায় ব্যয় করা প্রতিটি মিনিটও আমাদের আমলনামার অংশ।

চিন্তার স্বাধীনতা হারিয়ে ফেলছি না তো?
সোশ্যাল মিডিয়ার অন্যতম বড় প্রভাব হলো এটি মানুষের চিন্তাকে প্রভাবিত করে। কী ট্রেন্ডিং, কী জনপ্রিয়, কে কী বলছে—এসব দেখে অনেক মানুষ নিজের বিবেক ও বিচারশক্তির পরিবর্তে জনমতের অনুসারী হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ করো না।’(সুরা : ইসরা, আয়াত : ৩৬)

এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে অন্ধ অনুসরণ নয়, বরং যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়াই একজন মুমিনের বৈশিষ্ট্য। সোশ্যাল মিডিয়ার যুগে এটি আরও বেশি প্রাসঙ্গিক।


ইসলাম মানুষের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়। একজন মুমিন কখনো তার ইচ্ছা, আবেগ কিংবা পরিবেশের অন্ধ অনুসারী হয় না। আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, তার আবাস হবে জান্নাত।;’ (সুরা : নাজিআত, আয়াত : ৪০-৪১)

আজকের দিনে নফসের অন্যতম বড় পরীক্ষা হলো উদ্দেশ্যহীন স্ক্রলিং, সময় অপচয় এবং ডিজিটাল আসক্তি। একজন সচেতন মুসলিমকে এসব বিষয়ে আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে হবে। মহানবী (সা.) বলেন, ‘মানুষের ইসলামের সৌন্দর্যের অন্যতম লক্ষণ হলো, সে অনর্থক বিষয় পরিত্যাগ করে।’ (তিরমিজি, হাদিস : ২৩১৭)

সোশ্যাল মিডিয়ায় এমন অসংখ্য বিষয় রয়েছে যা মানুষের দুনিয়া ও আখিরাত—উভয়ের জন্যই কোনো কল্যাণ বয়ে আনে না। একজন মুমিনের উচিত উপকারী জ্ঞান, ইসলামী শিক্ষা, ব্যবসায়িক দক্ষতা, শিক্ষামূলক বিষয় এবং সমাজকল্যাণমূলক কনটেন্টকে অগ্রাধিকার দেওয়া।

আর সোশ্যাল মিডিয়াকে মুক্তাদি বানানোর অর্থ প্রযুক্তি বর্জন করা নয়; বরং প্রযুক্তিকে নিজের লক্ষ্য ও মূল্যবোধের অধীনস্থ করা। অর্থাৎ— আমরা সোশ্যাল মিডিয়ার দাস হব না, আমরা সময় নির্ধারণ করে ব্যবহার করব, অপ্রয়োজনীয় স্ক্রলিং কমিয়ে আনব, উপকারী ও শিক্ষামূলক কনটেন্ট অনুসরণ করব, গিবত, অপবাদ, অশ্লীলতা ও ফিতনা থেকে দূরে থাকব, প্রযুক্তিকে দ্বীনের খেদমত, জ্ঞান অর্জন ও আত্মউন্নয়নের মাধ্যম হিসেবে ব্যবহার করব ইত্যাদি। যখন প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে না, বরং আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব—তখনই সোশ্যাল মিডিয়া মুক্তাদি হবে আর আমরা নিজেদের জীবনের ইমাম হতে পারব।

একজন মুমিনের ডিজিটাল নীতিমালা
১. দিনের নির্দিষ্ট সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা।
২. ফজর ও এশার পর অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমানো।
৩. প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত ও ইসলামী জ্ঞানার্জনের জন্য নির্ধারণ করা।
৪. কোনো খবর শেয়ার করার আগে যাচাই করা।
৫. গিবত, তর্ক-বিতর্ক ও অশ্লীল কনটেন্ট থেকে দূরে থাকা।
৬. বাস্তব জীবনের পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া।
৭. প্রতিদিন নিজের স্ক্রিন টাইম পর্যালোচনা করা।


সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম। এটি মানুষের জ্ঞান বৃদ্ধি করতে পারে, আবার সময় ও চিন্তার স্বাধীনতাও কেড়ে নিতে পারে। তাই একজন মুমিনের দায়িত্ব হলো প্রযুক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখা, প্রযুক্তির নিয়ন্ত্রণে চলে না যাওয়া। ইসলাম আমাদের আত্মনিয়ন্ত্রণ, সচেতনতা এবং সময়ের মূল্য শেখায়। সুতরাং আসুন, আমরা সোশ্যাল মিডিয়াকে আমাদের জীবনের ইমাম না বানিয়ে তাকে মুক্তাদির আসনে বসাই। আমাদের চিন্তা, সময়, আমল এবং জীবন পরিচালনার নেতৃত্ব যেন থাকে কোরআন, সুন্নাহ ও বিবেকের হাতে। তখনই আমরা প্রযুক্তির সুফল ভোগ করতে পারব এবং দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রেই সফলতার পথে এগিয়ে যেতে পারব। মনে রাখতে হবে, একজন মুমিনের হাতে প্রযুক্তি একটি উপকারী হাতিয়ার; কিন্তু প্রযুক্তির হাতে একজন মুমিন কখনো খেলনা হতে পারে না।

লেখক : সিনিয়র মুহাদ্দিস, মারকাজুল কোরআন ঢাকা। 

একজন ন্যায়পরায়ণ শাসকের হৃদয়স্পর্শী অনুশোচনা

মুফতি ওমর বিন নাছির
একজন ন্যায়পরায়ণ শাসকের হৃদয়স্পর্শী অনুশোচনা
সংগৃহীত ছবি

মানব ইতিহাসে এমন শাসক খুব কমই এসেছেন, যাদের ক্ষমতা যত বেড়েছে, বিনয় তত গভীর হয়েছে। যাদের মর্যাদা যত উচ্চতায় পৌঁছেছে, আল্লাহভীতি তত বেশি তাদের অন্তরে স্থান করে নিয়েছে। ইসলামের দ্বিতীয় খলীফা, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব (রা.) ছিলেন এমনই এক বিরল ব্যক্তিত্ব। তিনি ছিলেন বিজয়ী সাম্রাজ্যের শাসক, কিন্তু একই সঙ্গে ছিলেন নিজের ভুলের কঠোর সমালোচক। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় ন্যায়বিচার, জবাবদিহিতা ও আল্লাহভীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। 

খোলাফায়ে রাশেদার সোনালী যুগে মুসলিম বাহিনী একের পর এক বিজয় অর্জন করছিল। সেই সময় খেলাফতের রাজধানী ছিল মদিনা। আমিরুল মুমিনীন ওমর (রা.) যুদ্ধক্ষেত্রে প্রেরিত প্রতিটি বাহিনীকে নির্দেশ দিতেন, যেন যুদ্ধের সকল তথ্য নিয়মিত মদিনায় পাঠানো হয় এবং বিজয়-পরাজয় যাই ঘটুক, তা যেন তাকে জানানো হয়।

একবার আহনাফ ইবনে কায়েস (রা.) কয়েকজন সঙ্গীসহ এক মহান বিজয়ের সুসংবাদ নিয়ে মদিনায় উপস্থিত হন। তাদের আগমনের পর ওমর (রা.) জানতে চাইলেন তারা কোথায় অবস্থান করছেন। এরপর তিনি নিজেই তাদের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন, দীর্ঘ পথ চলার কারণে উটগুলো অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছে। উটগুলোর অবস্থা দেখে তিনি ব্যথিত হয়ে বললেন, ‘তোমরা কি এই আরোহী প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো না? তোমরা কি জানো না, এদেরও তোমাদের উপর অধিকার রয়েছে? তোমরা কেন তাদের ছেড়ে দিলে না, যাতে তারা কিছু ঘাস খেতে পারে?’ সাহাবিরা বললেন, ‘হে আমিরুল মুমিনিন! আমরা মহান বিজয়ের সুসংবাদ দ্রুত আপনার ও মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পথে কোথাও থামিনি।’ 

 
এরপর ওমর (রা.) তাদের সঙ্গে ফিরে আসছিলেন। এমন সময় এক ব্যক্তি তাঁর কাছে অভিযোগ নিয়ে উপস্থিত হলো। সে বলল, ‘হে আমিরুল মুমিনিন! অমুক ব্যক্তি আমার ওপর জুলুম করেছে। আপনি আমাকে সাহায্য করুন।’ তখন ওমর (রা.) রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। হঠাৎ অভিযোগ শুনে তিনি কিছুটা বিরক্ত হলেন। তিনি নিজের চাবুক দিয়ে লোকটির মাথায় হালকা আঘাত করে বললেন, ‘আশ্চর্যের বিষয়! ওমর যখন মুসলমানদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত, তখন তোমরা এসে বলতে থাকো—আমাকে সাহায্য করুন!’

লোকটি তখন নিরাশ হয়ে ফিরে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ওমর (রা.)-এর অন্তরে তীব্র অনুশোচনা জেগে উঠে। তিনি উপলব্ধি করলেন, একজন শাসকের কাছে সাহায্যপ্রার্থী ব্যক্তি কখনো অবহেলার পাত্র হতে পারে না। তিনি সঙ্গে সঙ্গে সেই লোকটিকে আবার ডেকে আনলেন। লোকটি এলে নিজের চাবুক তার সামনে রেখে বললেন, ‘নাও, তুমি আমার ওপর প্রতিশোধ গ্রহণ করো।’ লোকটি বলল, ‘না, আমি প্রতিশোধ নেব না। আমি বিষয়টি আল্লাহর ওপর এবং আপনার ওপর ছেড়ে দিলাম।’ কিন্তু ওমর (রাঃ) তাতে সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, ‘না, বিষয়টি এভাবে শেষ হবে না। তুমি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ক্ষমা করে দাও, অথবা আমার কাছ থেকে তোমার বদলা নিয়ে নাও।’

অবশেষে লোকটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁকে ক্ষমা করে দেন। ঘটনাটি এখানেই শেষ হয়নি। বাড়িতে ফিরে ওমর (রা.) দুই রাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি নিজের নফসকে উদ্দেশ্য করে বলতে লাগলেন— ‘হে খাত্তাবের পুত্র! তুমি এক সময় ছিলে নগণ্য, আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছেন। তুমি পথভ্রষ্ট ছিলে, আল্লাহ তোমাকে হেদায়াত দিয়েছেন। তুমি ছিলে অপমানিত, আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। অতঃপর আল্লাহ তোমাকে মানুষের শাসক বানিয়েছেন। আর আজ এক মজলুম ব্যক্তি তোমার কাছে সাহায্য চাইতে এলো, আর তুমি তাকে আঘাত করলে! কিয়ামতের দিন যখন তুমি তোমার রবের সামনে দাঁড়াবে, তখন এর কী জবাব দেবে?’ তিনি এত এমনভাবে নিজেকে তিরস্কার করছিলেন যে, আহনাফ ইবনে কায়েস (রা.) দেখে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে নিলাম, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্যতম।’

খলিফা ওমর (রা.) শুধু বিশাল ইসলামী সাম্রাজ্যের শাসকই ছিলেন না; বরং ছিলেন এমন একজন মানুষ, যিনি নিজের একটি ছোট ভুলের জন্যও গভীরভাবে অনুতপ্ত হতেন এবং আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে কেঁপে উঠতেন। আজ যখন ক্ষমতা ও নেতৃত্ব অনেক সময় অহংকারের কারণ হয়ে দাঁড়ায়, তখন ওমর (রা.)-এর এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়—প্রকৃত নেতৃত্ব হলো মানুষের সেবা করা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি হৃদয়ে লালন করা। তাঁর অনুশোচনার এই ঘটনা যুগে যুগে ন্যায়পরায়ণতা, আত্মসমালোচনা ও তাকওয়ার এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবে। (ইবনুল আসির, উসদুল গাবাহ, ৩/৬৫৩-৬৫৪; ইমাম ইবনুল জাওজি, মানাকিবে ওমর, ১০৯ পৃ., ইবনু আসাকির, তারিখু দিমাশক্ব, ৪৪/২৯১-২৯২)