• ই-পেপার

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

‘মিরাজের মতোই অলরাউন্ডার’ মোসাদ্দেক কোন ভূমিকায় খেলবেন

ক্রীড়া প্রতিবেদক
‘মিরাজের মতোই অলরাউন্ডার’ মোসাদ্দেক কোন ভূমিকায় খেলবেন
মেহেদী হাসান মিরাজ (বাঁয়ে) ও মোসাদ্দেক হোসেন। ছবি : সংগৃহীত

দুজনই অলরাউন্ডার। আরো স্পষ্ট করে বললে দুজনই ডানহাতি অলরাউন্ডার। ব্যাট করেন লোয়ার মিডল অর্ডারে, বোলিংয়ে অবদান রাখেন অফ স্পিনার হিসেবে। 

একই ধরনের দুই অলরাউন্ডারকে সাধারণত একই দলে খেলতে দেখা যায় না। তবে মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশের হয়ে একসঙ্গে খেলে ফেলেছেন ৩৭ ম্যাচ, যার বেশির ভাগই ওয়ানডে। 

তবে এই দুজন দেশের জার্সিতে সর্বশেষ খেলেছেন ২০২২ সালে। এরপর দুজন যেন উল্টো পথের যাত্রী হয়ে পড়েন। মিরাজ নিজেকে প্রমাণ করে এখন ওয়ানডে অধিনায়ক। আর মোসাদ্দেক জাতীয় দলে জায়গা হারিয়ে আবারও ফিরে আসার জন্য লড়াই করেছেন। সেই লড়াইয়ে সফলও হয়েছেন। 

মিরপুরে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের বাংলাদেশ স্কোয়াডে আছেন মোসাদ্দেক। এই সিরিজ দিয়েই প্রায় ৪ বছর পর জাতীয় দলে ফিরছেন তিনি। 

মিরাজ-মোসাদ্দেক যেহেতু আবার একসঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন, তাহলে এবার কার ভূমিকা কী হবে? মিরপুর শের-ই-বাংলায় আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মিরাজ উত্তরটা দিলেন এভাবে, ‘আমি আর মোসাদ্দেক কিন্তু একসঙ্গে বাংলাদেশ দলে অনেক দিন খেলেছি। ২০১৯ বিশ্বকাপেও আমরা একসঙ্গে খেলেছি। আমার কাছে মনে হয়, এটা কোনো ভিন্ন ইস্যু নয়। মোসাদ্দেক তার ভূমিকা পালন করবে, আমি আমার কাজ করব। মোসাদ্দেক ব্যাটিং অলরাউন্ডার, আমি বোলিং অলরাউন্ডার। দুজনের ভূমিকাটা আলাদা।’

ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করায় মোসাদ্দেককে আর জাতীয় দলে উপেক্ষা করার উপায় ছিল না। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমে আবাহনীকে শিরোপা জেতাতে বড় অবদান রাখেন। ব্যাটিংয়ে ৪৮.৭০ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে করেন ৪৮৭ রান। বল হাতে নেন ৩০ উইকেট। ডিপিএলের চলতি মৌসুমে ভালো করেছেন। ৭৭.৫০ গড় ও ১২৯.১৬ স্ট্রাইক রেটে তার রান ৩১০, উইকেট ১২টি। 

মোসাদ্দেকের এই ছন্দ জাতীয় দলেও চান মিরাজ, ‘আমার কাছে মনে হয়, সে যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং দলের জন্য বিরাট সহায়ক হবে। দিনশেষে আমরা সবাই চিন্তা করি যে দলটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। যেভাবে সে ঘরোয়ায় পারফর্ম করেছে, তাকে নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। যদি সুযোগ আসে, আশা করি সে ভালো করবে।’

মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে শুরু আগামীকাল সকাল ১১টায়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে সব ম্যাচ দিনের আলোয় আয়োজন করছে বিসিবি।

সাড়ে ৫ ঘণ্টায় ১৫ উইকেট হারিয়ে ভারতের কাছে বিধ্বস্ত আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
সাড়ে ৫ ঘণ্টায় ১৫ উইকেট হারিয়ে ভারতের কাছে বিধ্বস্ত আফগানিস্তান
ছবি : বিসিসিআই

আফগানিস্তানকে একমাত্র টেস্টে আড়াই দিনে ইনিংস এবং ৩০০ রানের ব্যবধানে হারাল ভারত।  ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি। ভারতের ৫৬৪ রানের জবাবে আফগানিস্তান দুই ইনিংসে করেছে ১৫২ এবং ১১২ রান। অভিষেক টেস্টেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মানব সুতার।

সোমবার (৮ জুন) নিউ চণ্ডীগড়ে রেকর্ড জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস এবং ২৭২ রানে হারানোকে পেছনে ফেলল গাম্ভীরের শিষ্যরা। আর তৃতীয় স্থানে চলে গেল ২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ইনিংস এবং ২৬২ রানের জয়।

তৃতীয় দিনের শুরুতে মাঠে নামার আগে ভারতের টেস্ট জয় ছিল সময়ের ব্যাপার। জয় নিয়ে কোনো সংশয় ছিল না ক্রিকেটপ্রেমীদেরও। তবে কত বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা সেটাই ছিল দেখার বিষয়। 

তৃতীয় দিনে ৫ উইকেটে ১১৩ রান নিয়ে খেলা শুরু করে আফগানরা। ৪৩ রানে ব্যাট অপরাজিত রহমত শাহ ক্রিজে মাটি আকড়ে থাকলেও বাকি ছিল যাওয়া-আসার মিছিলে। ভারতীয় বোলিং আক্রমণে আজমতুল্লা (০), শরফুদ্দিন (১১), সালিম (০), জিয়াউর (৬) রানে আউট হন। ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেন রহমত শাহ। তাতে ১৫২ রানে শেষ হয়ে যায় আফগানদের প্রথম ইনিংস। ভারতের সফলতম বোলার অভিষেককারী সুতার। প্রথম ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নেন তিনি। এ ছাড়া ৩৭ রানে ৩ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণের। ২১ রানে ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

৪১২ রানে পিছিয়ে থাকা সফরকারীদের ফলোঅন করায় ভারত। দ্বিতীয় ইনিংসেও উল্লেখ লড়াই করতে পারেননি কোনো ব্যাটারই। ওপেনার সেদিকুল্লা অটল করেন ৪২। এছাড়া তিন নম্বরে নামা রহমানুল্লা গুরবাজের অবদান ২৪। বাকিরা কেউ দাঁড়াতেই পারেননি। আবদুল মালিক (৮), রহমত শাহ (১৩), হাসমতুল্লা শাহিদি (৫), আফসর জাজাই (৮), ওমরজাই (৪) রানে দ্রুত ফিরে যান সাজঘরে। ১০৬ রানে আফগানিস্তানের ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। তার ওপর চোটের জন্য ব্যাট করতে নামতে পারেনি আশরাফ।

স্কোর বোর্ডে আর কোনো রান যোগ করতে পারেননি শেষ ব্যাটসম্যান হিসেবে নামা পেসার সালিশ। তিনি ইনিংসের ৩৬তম ওভারে শূন্য রানে কুলদীপের বলে সুদর্শনের তালুবন্দি হলে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারে আফগানরা।
 
দ্বিতীয় ইনিংসে ভারতের সফলতম বোলার ওয়াশিংটন সুন্দর ৩৬ রানে তুলে নেন ৪ উইকেট। ৩০ রানে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ২৯ রানে ১ উইকেট সুতারের। এ ছাড়া মহম্মদ সিরাজ ১১ রানে ১ উইকেট নিয়েছেন।

কথা বলছেন এরিকসেন, শিগগিরই হাসপাতাল ছাড়ার আশা

ক্রীড়া ডেস্ক
কথা বলছেন এরিকসেন, শিগগিরই হাসপাতাল ছাড়ার আশা
ক্রিস্টিয়ান এরিকসেন। ছবি: সংগৃহীত

ডেনমার্ক ও ইউক্রেনের মধ্যকার প্রীতি ম্যাচে জ্ঞান হারানোর পর ভালোভাবে সেরে উঠছেন ড্যানিশ ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে।

গতকাল রাতে ইউক্রেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ৬৫ মিনিটে হঠাৎ বুকে হাত দিয়ে পড়ে যান। ফলে ম্যাচটি স্থগিত এবং পরবর্তীতে সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ডেনমার্ক ফুটবল ফেডারেশন জানিয়েছে, এরিকসেনের জ্ঞান ফিরেছে। তার মনোবল চাঙা । ওডেন্সে ইউনিভার্সিটি হাসপাতালে পরিবারের সঙ্গে আছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। খবর মার্কা

চিকিৎসকদের আশা, এরিকসেন শিগগিরিই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। পুরোপুরি সেরে উঠতে তিনি বাড়িতে বিশ্রামে থাকবেন।

আরো পড়ুন
মাঠেই লুটিয়ে পড়লেন ডেনমার্কের তারকা ফুটবলার, অতঃপর...

মাঠেই লুটিয়ে পড়লেন ডেনমার্কের তারকা ফুটবলার, অতঃপর...

 

আচমকা মাঠে পড়ে যাওয়া ঘটনাটি নিছক একটি আতঙ্কিত হওয়ার ঘটনা। ম্যাচের দ্বিতীয়ার্ধের হঠাৎ মাটিতে পড়ে যান এরিকসেন। তবে মাঠে তাৎক্ষণিক চিকিৎসায় জ্ঞান ফিরে পান। তারপর হেঁটে মাঠ ছাড়েন। এরপর তাঁকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গ্যালারি থেকে করতালি দেওয়া হয় ও স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়।

এর আগে ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন। অতীতের এই স্বাস্থ্যগত সমস্যার কারণে গত রাতের ঘটনা সবার মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করে।

৪৫ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাবিবুরের রেকর্ড

ক্রীড়া ডেস্ক
৪৫ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাবিবুরের রেকর্ড
হাবিবুর রহমান সোহান। ছবি : ফেসবুক

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে দলটির হয়ে ইতিহাস গড়লেন হাবিবুর রহমান সোহান। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম। 

আজ সোমবার (৮ জুন) ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ৩২২ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি স্পর্শ করেন হাবিবুর।

এত দিন বাংলাদেশে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল যৌথভাবে মোসাদ্দেক হোসেন সৈকত ও হাবিবুর রহমান সোহানের নিজের। ২০২৩ সালে দুজনই ৪৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। আজ সেই রেকর্ড একার করে নিয়েছেন হাবিবুর।

শেষ পর্যন্ত ৫৮ বলে ১৩০ রান করে থামেন হাবিবুর। আউট হওয়ার আগে মারেন ৮টি চার ও ১৩টি ছক্কা। বাংলাদেশের কোনো ব্যাটারের লিস্ট ‘এ’ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা। 

কদিন আগেও আলোচনায় এসেছিলেন হাবিবুর। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করেন তিনি, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের দ্রুততম।

রান তাড়ায় করতে নেমে ২৪৮ রানে অলআউট হয়েছে সিটি ক্লাব। লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে ৭৪ রানে। সিটি ক্লাবের ওপেনার সাদিকুর রহমানের সেঞ্চুরি বৃথা গেছে।