• ই-পেপার

স্মার্ট চশমা নির্মাতা ইভেন রিয়েলিটিজের মূল্য ১০০ কোটি ডলার

চ্যাটজিপিটি ও জেমিনির মতো এআই নিয়ন্ত্রণের কথা ভাবছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক
চ্যাটজিপিটি ও জেমিনির মতো এআই নিয়ন্ত্রণের কথা ভাবছে যুক্তরাজ্য
ছবি ঃ রয়টার্স

চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটবটের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন নিয়ম আনার কথা ভাবছে যুক্তরাজ্য। বিশেষ করে মানুষ আর্থিক পরামর্শ নেওয়ার ক্ষেত্রে এসব এআই টুলের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (৬ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

সোমবার যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ)-এর নির্বাহী পরিচালক শেলডন মিলস বলেন, চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত বড় ভাষা মডেল (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) বর্তমানে কোনো নির্দিষ্ট আর্থিক নিয়ন্ত্রণের আওতায় নেই। কিন্তু এগুলোর ব্যবহার দ্রুত বাড়ছে। তাই এগুলোকে নিয়ন্ত্রণের আওতায় আনা প্রয়োজন কি না, তা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে পর্যালোচনা করা উচিত।

এফসিএর এক পর্যালোচনায় দেখা যায়, যুক্তরাজ্যের এক-চতুর্থাংশেরও বেশি মানুষ আর্থিক পরামর্শের জন্য চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনির মতো এআই টুলের ওপর আস্থা রাখছেন। তবে অনেকেই জানেন না, এসব এআই থেকে পাওয়া পরামর্শ নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শের মতো আইনি সুরক্ষার আওতায় পড়ে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৮১ শতাংশ আর্থিক প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে এআই ব্যবহার করছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ প্রতিষ্ঠান বড় পরিসরে এআই প্রযুক্তি কাজে লাগাচ্ছে।

শুরুতে এআই মূলত অফিসের অভ্যন্তরীণ কাজেই ব্যবহৃত হলেও, এখন যুক্তরাজ্যের অনেক প্রতিষ্ঠান গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি, বিনিয়োগ-সংক্রান্ত পরামর্শ এবং বিভিন্ন গ্রাহকসেবায় এআই ব্যবহার শুরু করেছে।

তবে এফসিএ সতর্ক করে বলেছে, অনেক প্রতিষ্ঠান যদি একই ধরনের এআই মডেল, ক্লাউড সেবা বা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে একসঙ্গে অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে। এতে পুরো আর্থিক খাত ঝুঁকির মুখে পড়তে পারে।

এফসিএর চেয়ারম্যান অ্যাশলি অ্যালডার বলেন, এআই প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজন হলে বিদ্যমান নিয়মকানুনও পরিবর্তন করতে হবে।

ভারতে

ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনের বিজ্ঞাপন নিয়ে চাপে মেটা

অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনের বিজ্ঞাপন নিয়ে চাপে মেটা
ছবিঃ রয়টার্স

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে কড়া নোটিশ দিয়েছে দেশটির সরকার। এক সপ্তাহের ব্যবধানে মেটার দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম—ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ—ভারত সরকারের নজরদারির মুখে পড়েছে।

সোমবার (৬ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য দেয়।

শনিবার  ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটাকে নির্দেশ দেয়, ইনস্টাগ্রামে থাকা শিশু নির্যাতনসংক্রান্ত সব বিজ্ঞাপন ও কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে সাত দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানে উঠে আসে, ভারতে ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে শিশু যৌন নির্যাতনের ভিডিও বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই ভারত সরকার মেটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

এ বিষয়ে মেটা জানিয়েছে, শিশু নির্যাতনসংক্রান্ত কোনো কনটেন্টের প্রতি তাদের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিয়মিত এ ধরনের কনটেন্ট শনাক্ত ও সরিয়ে ফেলা হচ্ছে। তবে বিশ্বের ৩৫০ কোটির বেশি ব্যবহারকারীর মধ্যে কিছু অপরাধী বিভিন্ন কৌশলে নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারত বর্তমানে মেটার সবচেয়ে বড় বাজার। দেশটিতে ৪৮ কোটির বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন। এছাড়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভারতে বেশি।

এর আগে গত সপ্তাহে হোয়াটসঅ্যাপের নতুন ইউজারনেম সুবিধা নিয়েও আপত্তি জানায় ভারত সরকার। সরকারের আশঙ্কা, এই ফিচার চালু হলে সাইবার অপরাধ বাড়তে পারে। তাই ফিচারটি আপাতত চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মেটা বলেছে, ফোন নম্বর প্রকাশ না করেই নিরাপদে যোগাযোগের সুযোগ করে দিতেই এই ফিচার আনা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো মেটার জন্য বড় সতর্কবার্তা। ভারতের মতো বিশাল বাজারে ব্যবসা চালিয়ে যেতে হলে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং কনটেন্ট পর্যবেক্ষণে আরও কঠোর হতে হবে প্রতিষ্ঠানটিকে।

এআইকে কাজে লাগিয়ে দেড় বছরে সফল নারী উদ্যোক্তা

অনলাইন ডেস্ক
এআইকে কাজে লাগিয়ে দেড় বছরে সফল নারী উদ্যোক্তা
ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য নয়, ছোট উদ্যোক্তাদের জন্যও গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠছে। এর উদাহরণ যুক্তরাষ্ট্রের এক নারী উদ্যোক্তা মিশেল টার্নার।

শনিবার (৪ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়। 

২০২৫ সালের জানুয়ারিতে তিনি হিয়ার নাও হেলথ নামে একটি মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালু করেন। বর্তমানে সেখানে ১৬ জন কর্মী কাজ করছেন। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে ফস্টার কেয়ারে থাকা শিশুদের মেডিকেইডের আওতায় মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার অনুমোদন পেয়েছে।

মিশেল টার্নার প্রযুক্তি বিশেষজ্ঞ নন। ছয় সন্তানের এই মা প্রথমবারের মতো ব্যবসা শুরু করেন। ব্যবসার পরিকল্পনা তৈরি, স্টার্টআপ সম্পর্কে শেখা এবং বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনার প্রস্তুতি নিতে তিনি এআই টুল ব্যবহার করেন। এতে তার সময় ও খরচ—দুটিই কমে যায়। পরে তিনি বিনিয়োগ পান এবং অল্প সময়েই ব্যবসা সম্প্রসারণ করতে সক্ষম হন।

টার্নার বলেন, এআই তার জন্য একজন অভিজ্ঞ ব্যবসায়িক পরামর্শকের মতো কাজ করেছে। প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ পেয়েছেন, যা তাকে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা এগিয়ে নিতে সাহায্য করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এআইয়ের কারণে ছোট উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। আগে যেসব কাজ করতে অনেক সময় ও অর্থ লাগত, এখন সেগুলো দ্রুত এবং কম খরচে করা সম্ভব হচ্ছে। ফলে নতুন উদ্যোক্তারা দ্রুত ব্যবসা বাড়াতে এবং কর্মসংস্থান তৈরি করতে পারছেন।

তবে এআই নিয়ে উদ্বেগও রয়েছে। অনেক অর্থনীতিবিদ মনে করেন, ভবিষ্যতে কিছু ধরনের চাকরির চাহিদা কমতে পারে। বিশেষ করে অফিসের প্রশাসনিক ও কেরানিভিত্তিক কাজে এর প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, অনেক বিশেষজ্ঞের মত হলো, এআই চাকরি পুরোপুরি কমিয়ে দেবে না। বরং কাজের ধরন বদলে দেবে এবং নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি করবে।

এআইয়ের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভও গবেষণা করছে। তাদের মতে, এআই উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে। তবে শ্রমবাজারে এর দীর্ঘমেয়াদি প্রভাব বুঝতে আরও সময় লাগবে।

ভারতে কমছে সাধারণ আইটি চাকরি, বাড়ছে এআই দক্ষ কর্মীর চাহিদা

অনলাইন ডেস্ক
ভারতে কমছে সাধারণ আইটি চাকরি, বাড়ছে এআই দক্ষ কর্মীর চাহিদা
ছবি : রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বদলে যাচ্ছে ভারতের আইটি খাতের চাকরির বাজার। সাধারণ আইটি চাকরির নিয়োগ কমলেও এআই-সংক্রান্ত পদে কর্মী নিয়োগ দ্রুত বাড়ছে। এতে বোঝা যায়, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এআই দক্ষ কর্মীদের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

চাকরির ওয়েবসাইট নওকরির মাসিক ‘জবস্পিক’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুনে ভারতের আইটি খাতে এআই-সম্পর্কিত চাকরিতে নিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে। অথচ একই সময়ে আইটি খাতে মোট চাকরির নিয়োগ ৩ শতাংশ কমেছে। ১ লাখ ৫০ হাজারের বেশি প্রতিষ্ঠানের চাকরির তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি কম্পানিগুলো এখন সাধারণ আইটি কর্মীর পরিবর্তে এআই বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগে বেশি আগ্রহী। বিশেষ করে সিনিয়র ও বিশেষায়িত দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা বাড়ছে।

নওকরির মালিক প্রতিষ্ঠান ইনফো এজের প্রধান নির্বাহী হিতেশ ওবেরয় বলেন, এআই এখন প্রযুক্তি প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সক্ষমতায় পরিণত হয়েছে। তাই কোম্পানিগুলো এই খাতে বিনিয়োগ ও জনবল নিয়োগ বাড়াচ্ছে।

ভারতের প্রায় ৩১৫ বিলিয়ন ডলারের আইটি শিল্প বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক গ্রাহক প্রযুক্তি খাতে ব্যয় কমিয়েছেন। একই সঙ্গে এআইয়ের দ্রুত অগ্রগতি প্রচলিত আইটি ব্যবসার ধরনেও বড় পরিবর্তন আনছে।

ভারতের শীর্ষ সফটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস) সম্প্রতি জানিয়েছে, আগামী দিনে আইটি খাতে নিয়োগের গতি আরও ধীর হতে পারে। প্রতিষ্ঠানটি এমন একটি কর্মপরিকল্পনার দিকে এগোচ্ছে, যেখানে মানবকর্মী ও এআই এজেন্টের সংখ্যা প্রায় সমান হবে। গত বছর প্রতিষ্ঠানটি ১২ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছিল। এছাড়া ২০২৬ অর্থবছর শেষে তাদের মোট কর্মীসংখ্যাও আগের বছরের তুলনায় ২৩ হাজারের বেশি কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু আইটি নয়, মোট ১৪টি খাতে এআই ও মেশিন লার্নিং–সংক্রান্ত চাকরির সংখ্যা বছরে ২৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে বীমা ও ভোগ্যপণ্য খাতে নিয়োগ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।