কক্সবাজারের পেকুয়ায় লাগাতার ভারি বর্ষণে পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুর নানি আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খলিফা মুড়ার আলিম্যার ঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম মো. মিনহাজ উদ্দিন (৭)। সে ওই এলাকার কলিম উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানায়, গত দুই দিনের বৃষ্টিতে পাহাড়ি এলাকায় বসবাস করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুপুর ও বিকেলের ভারি বর্ষণের ফলে সন্ধ্যার দিকে পাহাড়ের মাটি ধসে কলিম উল্লাহর বাড়ির ওপর পড়ে। পরে স্থানীয়রা এসে মাটির নিচ থেকে ওই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে পাহাড় ধসে শিশু মিনহাজের মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে৷
স্থানীয় ইউপির সদস্য মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারি বর্ষণের ফলে বসতভিটার পেছনে পানি জমে যায়। মৃত শিশু ও তার নানি পানি নিষ্কাশনের কাজ করছিল। সে সময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে বসতঘরের ওপর এসে পড়ে। এতে বাড়ির দেওয়াল চাপা পড়ে শিশুটি মারা যায়। এ সময় শিশুটির নানি নুরুন্নাহার বেগম (৫৫) আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।




