ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর মহম্মদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
নিহত গৃহবধূর নাম ননাই বিবি। তিনি উত্তর মোহম্মদপুর গ্রামের জর্দার বাড়ির বাসিন্দা কাশেমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় ওই গৃহবধূ ঝড়ে ছিঁড়ে ঝুলন্ত অবস্থায় থাকা একটি বৈদ্যুতিক তার দেখতে পান। পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারটি সরানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
পরশুরাম পল্লী বিদ্যুতের ডিজিএম বলেন, ‘মৃত্যুর ঘটনা সত্য। তবে তারটি ঝুলন্ত অবস্থায় ছিল। আমরা ঝুলন্ত তারের বিষয়ে কোনো অভিযোগ না পাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সুযোগ হয়নি।’
পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, মৃত্যুর বিষয়টি জানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। নিহতের আত্মীয় স্বজনের আবেদনের প্রেক্ষিতে ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।






