• ই-পেপার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

সরকারি সুবিধা এবং বিভিন্ন রকমের কার্ড দেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া সেই বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ন কবির। গতকাল সোমবার বিকেলে নিজ দলীয় কার্যালয়ে হুমায়ন কবির সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা সোহেল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। জানা যায়, সোহেল ২০২৪ সালের ৫ আগস্টের পর  ভাঙ্গুড়া বাজার, ভেড়ামারা ও পারভাঙ্গুড়া গ্রামের অর্ধশতাধিক মানুষকে ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন। হুমায়ন কবির বলেন, দলের পদে থাকা একজন নেতার এমন অনৈতিক কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই অভিযুক্ত নেতাকে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন।

অ্যাম্বুলেন্স ভাড়া বাড়ল ৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অ্যাম্বুলেন্স ভাড়া বাড়ল ৩০ শতাংশ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের রোগী ও লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স ভাড়া এক লাফে ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভাড়া পুনর্মূল্যায়ন পূর্বক যৌক্তিককরণসংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণের পর নতুন বর্ধিত ভাড়া তালিকা প্রকাশের পর তা কার্যকর শুরু হয়েছে। এ নিয়ে প্রায় এক বছরের মধ্যে দুই দফায় অ্যাম্বুলেন্সের ভাড়া বেড়েছে ৪০ শতাংশ। গত বছরের ১৮ জুন চমেক হাসপাতালে এক সভায় ১০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। এরপর গতকাল ৩০ শতাংশ ভাড়া বাড়ল। বর্ধিত নতুন ভাড়ার তালিকায় চট্টগ্রাম নগরে এখন সর্বনিম্ন ভাড়া এক হাজার ১৪৪ টাকা এবং সর্বোচ্চ ভাড়া তিন হাজার ৫৭৪ টাকা। এ ছাড়া চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে লোহাগাড়া উপজেলায় পাঁচ হাজার ৭৮৫ টাকা এবং সর্বনিম্ন কর্ণফুলী উপজেলায় দুই হাজার ৩৮৪ টাকা।

 

রংপুর মেডিক্যালে ইন্টার্নদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মেডিক্যালে ইন্টার্নদের কর্মবিরতি

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মাসিক ভাতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং চিকিৎসাসেবায় কিছুটা চাপ দেখা দেয়। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, তাঁরা প্রতিদিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে রোগীদের চিকিৎসাসেবা দিলেও বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় তাঁদের ভাতা অত্যন্ত অপ্রতুল। এতে অনেক ইন্টার্ন চিকিৎসককে আর্থিক সংকটে পড়তে হচ্ছে বলে দাবি করেন তাঁরা। ইন্টার্ন ডক্টরস সোসাইটি রংপুর মেডিক্যাল কলেজের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডা. সাদমান মীর মিরাজ, সাধারণ সম্পাদক নাঈম শাহরিয়ার এবং কোষাধ্যক্ষ আবু বক্করসহ অন্য নেতারা।

 

 

বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিলেন ছেলে ফেরত চাওয়ায় মারধর

ভোলা প্রতিনিধি
বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিলেন ছেলে ফেরত চাওয়ায় মারধর

ভোলার বোরহানউদ্দিনে বাবার অসুস্থতার সুযোগে ভুল বুঝিয়ে জমি লিখে নিয়েছেন ছেলে। বিষয়টি টের পেয়ে জমি ফেরত পেতে আদালতে মামলা করলে উল্টো মা-বাবার ওপর হামলা চালিয়েছেন ছেলে জামাল হোসেন। গত শুক্রবার উপজেলার দেউলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ছেলে জামাল হোসেন আদালত আমার হাতের তালুতে বলে দম্ভোক্তি করেন। এ সময় ১২ থেকে ১৫ জন বহিরাগত লোকজন নিয়ে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ঘরে ঢুকে মালপত্র লুটসহ মা-বাবার ওপর হামলা করেন তিনি। এ ঘটনায় বাবা আনোয়ার হোসেন ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।