লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামের দুই শিশু মারা গেছে। তারা আপন চাচাতো ভাই-বোন। গতকাল বুধবার উপজেলার চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মায়েশা খন্দকার প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে। চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি দুঃখজনক। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মাসুদ জাহান জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। দুজনই মারা গেছে। রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশু মারা গেছে শুনেছি।’

