সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা ফের প্রকাশ্যে গণনার সিদ্ধান্ত হয়েছে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সম্প্রতি গঠিত উচ্চ পর্যায়ের কমিটির তত্ত্বাবধানে আগামী শনিবার (১১ জুলাই) প্রকাশ্যে গণনার এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দানবাক্স খুলে অর্থ গণনা করা হবে। এ কার্যক্রমের প্রস্তুতি চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিকেল ৪টায় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’ শাহজালাল (রহ.)-এর দরগায় এ নিয়ে ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে মাজারে দানের অর্থ গণনা করা হবে।

