ময়মনসিংহ নগরীতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঘরের ভেতর জমে থাকা পানিতে ডুবে আয়াস (৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মায়ের পাশে খাটে ঘুমে থাকা অবস্থায় অসাবধানতাবশত মেঝেতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
বুধবার (৮ জুলাই) সকালে নগরীর ব্রহ্মপল্লী এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুর পুরো নাম আজলান আমিন তালুকদার আয়াস। সে সেহরা ডিবি রোড এলাকার বাসিন্দা রেজোয়ানুল আমিন তালুকদার ও বন্যা আক্তার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় সুত্র জানায়, গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অবিরাম ভারী বর্ষণে ব্রহ্মপল্লী এলাকার অধিকাংশ বাড়িতে হাঁটু সমান পানি জমে যায়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আয়াস তার মায়ের পাশে খাটে ঘুমাচ্ছিল। একপর্যায়ে সে খাট থেকে গড়িয়ে ঘরের মেঝেতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর মামী রুমানা আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘সারা রাত বৃষ্টিতে ঘরের মেঝেতে পানি জমে গিয়েছিল। আয়াস মায়ের পাশেই ঘুমাচ্ছিল। হঠাৎ খাট থেকে নিচে পড়ে যায়। হাসপাতালে নিয়েও আমরা ওকে বাঁচাতে পারলাম না।
নিহতের বাবা রেজোয়ানুল আমিন তালুকদার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নগরের ড্রেনেজ ব্যবস্থা যদি সচল থাকত, তবে ঘরের ভেতর এভাবে পানি ঢুকত না। আমার ৯ মাসের কলিজার টুকরোকেও হারাতে হতো না। আমরা এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান চাই।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ নিয়ে বাড়ি ফিরে যান।




