নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু হয়েছে। গাইবান্ধায় সালিশ বৈঠকে মারপিটে একজন নিহত হয়েছেন। ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা গেছেন এক ব্যক্তি। এ ছাড়া বাগেরহাট, মৌলভীবাজার, বগুড়া, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে আরো পাঁচজনকে খুন করা হয়েছে। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর :
নওগাঁ : মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল ভোরে শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মহাতাব সরকার পেশায় রিকশাচালক ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাদকাসক্তির কারণে এক বছর আগে সুমনকে রেখে তাঁর স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় চাকরি নিয়ে চলে যান। কয়েক দিন আগে সুমা বাড়িতে আসেন। আবারও তাঁদের মধ্যে ঝগড়া হয়। সুমন রাগ করে রবিবার রাত ১২টার দিকে তাঁর বাবার কাছে গিয়ে শুয়ে পড়েন। সুমনের ঘুম আসছিল না দেখে বাবা মহাতাব সরকার দোয়া পড়ে তাঁর ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ নিয়ে আরো রেগে যান সুমন। এক পর্যায়ে তাঁর বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে নিয়ে এসে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করেন এবং ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান।
গাইবান্ধা : সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় আব্দুর রাজ্জাক মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত খাইরুজ্জামানের ছেলে।
এ ঘটনায় আটককৃতরা হলেন—একই গ্রামের গোলজার হোসেন (৬৫), তাঁর ছেলে লিটন মিয়া (২৮), রিপন মিয়া (১৯), মেয়ে রত্না আক্তার (৩০) ও স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪৫)।
ময়মনসিংহ : গৌরীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাতে স্থানীয় বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক আকন্দ গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে।
মোল্লাহাট (বাগেরহাট) : দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে বিবাদে প্রতিপক্ষের মারধরে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ (৩০) ওই গ্রামের নাসির শেখের ছেলে।
মৌলভীবাজার : স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা দিয়ে নিখোঁজের নাটক সাজানো স্বামী আলমগীর হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২০ দিন পর গতকাল তাঁর স্বীকারোক্তি অনুযায়ী নিজ বাড়ির উঠান খুঁড়ে স্ত্রী জাহেদা বেগমের (২৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে আলমগীর তাঁর স্ত্রী জাহেদাকে ২০ দিন আগে শ্বাসরোধে হত্যা করেন। গতকাল তিনি রাজনগর থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ সময় আলমগীরের অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিনি হত্যার দায় স্বীকার করেন।
বগুড়া : শিবগঞ্জে এক মসলা পেশাই মিলের মালিককে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই মিলে থাকা পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করে ভেতরের মালপত্র লুট করে নিয়ে গেছে তারা।
রবিবার রাত থেকে গতকাল সকালের মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায়। নিহত ওই মিল মালিকের নাম আলহাজ মোহাম্মদ আলী সরকার (৬৫)।
গোপালগঞ্জ : কাশিয়ানীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল দুপুরে রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলি বেগম (৩০) ও তাঁর স্বামী আলামিন (৩০) একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। গোসল শেষে আলামিন একাই শ্বশুরবাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত বেরিয়ে যান। এ সময় আলামিনের শাশুড়ি মেয়ের খোঁজ জানতে চাইলে তিনি বলেন, মিলি পরে বাড়িতে ফিরবে।
কিন্তু দীর্ঘ সময়েও মিলি বাড়িতে না ফেরায় তাঁর মা পুকুরপারে গিয়ে মেয়ের লাশ ভাসতে দেখেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : উপজেলার জাঙ্গালিয়া এলাকায় রবিবার রাতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এক অটোরিকশাচালককে হত্যা করেছে। গতকাল বিকেলে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহত মো. হারুন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মো. অলিউল্লাহর ছেলে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে গেছে।