• ই-পেপার

চীনে খামার থেকে পালিয়েছে ৯০০ সাপ

সুদানে ছয় মাসে ৩০০ শিশু হতাহত, ড্রোন হামলায় বাড়ছে প্রাণহানি

অনলাইন ডেস্ক
সুদানে ছয় মাসে ৩০০ শিশু হতাহত, ড্রোন হামলায় বাড়ছে প্রাণহানি
সংগৃহীত ছবি

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে গত ছয় মাসে অন্তত ৩০০ শিশু নিহত বা আহত হয়েছে। এসব শিশুর বেশির ভাগই ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটি বলছে, দেশটির নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং শিশুদের জীবন ক্রমেই ঝুঁকির মধ্যে পড়ছে।

ইউনিসেফ জানিয়েছে, সুদানে চলমান সংঘাতে শিশুদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সংস্থাটি যুদ্ধরত সব পক্ষের প্রতি শিশু ও অন্যান্য বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।  ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘাত চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে। একই সময়ে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এছাড়া ৩ কোটির বেশি মানুষ এখন জরুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

বর্তমানে উত্তর করদোফান, দক্ষিণ করদোফান, দারফুর এবং ব্লু নাইল অঞ্চলে সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে হতাহতের প্রায় ৬০ শতাংশের পেছনে ড্রোন হামলা দায়ী। এসব হামলায় স্কুল, বাজার, জ্বালানি সংরক্ষণাগার, পানি সরবরাহ কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অন্তত পাঁচ লাখ মানুষের জীবন ও জীবিকা ঝুঁকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। এদিকে উত্তর করদোফানের কৌশলগত শহর এল-ওবেইদকে ঘিরে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ।

অন্যদিকে, জাতিসংঘ-সমর্থিত মানবাধিকার পরিষদ একটি প্রস্তাব পাস করে আরএসএফ ও তাদের মিত্রদের সহিংসতার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সংঘাতের কারণে আশ্রয় নেওয়া শরণার্থীদের স্বাগতিক দেশগুলোকে আরো সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে সুদানের সংঘাতে সব ধরনের বিদেশি হস্তক্ষেপ বন্ধেরও আহ্বান জানানো হয়। ইউনিসেফের সুদান প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, দেশটির শিশুরা দীর্ঘদিন ধরে সহিংসতা, বাস্তুচ্যুতি এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার এক কঠিন বাস্তবতার মধ্যে রয়েছে। তিনি যুদ্ধরত সব পক্ষের প্রতি বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার পাশাপাশি বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে পৃথক এক ঘটনায়, সুদানের মিসর সীমান্তের কাছে ওয়াদি হালফা এলাকায় একটি পরিত্যক্ত স্বর্ণখনির অংশ ধসে অন্তত ১৫ জন অনানুষ্ঠানিক খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে খনিটি আগেই বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু শ্রমিক সেখানে আবার খননকাজ শুরু করলে এই দুর্ঘটনা ঘটে।

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ

অনলাইন ডেস্ক
পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বিশ্বাস ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটা (যুদ্ধবিরতি) শেষ হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘আমি ইরানের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। দেশটি জঘন্য। তাদের সঙ্গে কাজ করা শুধু সময়ের অপচয়, কারণ তারা মিথ্যা বলে।’ ট্রাম্পের মতে, দুপক্ষের আলোচকরা এখনো আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে তিনি মনে করেন এসব আলোচনা ফলপ্রসূ হবে না এবং এতে শুধু সময় নষ্ট হচ্ছে।

হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকার হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে কুয়েত ও বাহারাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় ইরান। 

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শাসকগোষ্ঠীর তীব্র সমালোচনা করেন। তিনি তাদের ‘দুষ্ট লোক’ বলে আখ্যা দেন এবং ইরানের প্রশাসনকে ‘পাগল’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তিনি হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক হামলার ঘটনাও উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘এরা দুষ্ট ও অসুস্থ লোক। এরা ক্যান্সারের মতো। ক্যান্সার শুরুতেই থামিয়ে দিতে হয়।’ ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে চাপে পড়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কিছু অংশ অকার্যকর হয়ে পড়েছে।’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক হামলা, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত যুদ্ধবিরতি চুক্তির গুরুত্বপূর্ণ অংশগুলোকে কার্যত অকার্যকর করে দিয়েছে।’

আরাগচি বলেন, ইরান তার ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের দ্বিধা করবে না। এ ছাড়া উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ইরান যেকোনো হামলার উৎস ও উৎপত্তিস্থলকেই লক্ষ্যবস্তু করবে।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার পর বাহরাইন ও কুয়েতের ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এরপর বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

আইআরজিসি আরো দাবি করেছে, কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিও তাদের হামলার লক্ষ্য ছিল। হামলার পর বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজায়। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।


 

যুক্তরাষ্ট্রের হামলার পর বাহরাইন ও কুয়েতে ইরানের পাল্টা হামলা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের হামলার পর বাহরাইন ও কুয়েতে ইরানের পাল্টা হামলা
ছবি : রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার পর বাহরাইন ও কুয়েতের ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেহরান। আজ বুধবার (৮ জুন) এ হামলা চালায় দেশটি।  

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এরপর বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। আইআরজিসি আরো দাবি করেছে, কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিও তাদের হামলার লক্ষ্য ছিল।

ইরানের ভাষ্য অনুযায়ী, হরমোজগান প্রদেশ ও মাহশাহর উপকূলের কয়েকটি সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। হামলার পর বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজায়। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা শুরু করে এবং হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার পর ইরানের তেল বিক্রির একটি লাইসেন্স বাতিল করে। এতে আগে থেকেই নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতি চুক্তির ওপর নতুন চাপ তৈরি হয়েছে।

এদিকে পবিত্র শহর কোমে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির স্মরণে বড় শোকসভা অনুষ্ঠিত হওয়ার একদিন পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ধারাবাহিক হামলায় ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানে হামলা চালিয়েছে।

তাদের দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করা। এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘ইরানি বাহিনীর এই অযৌক্তিক হামলা যুদ্ধবিরতির স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘন।

 

এআইয়ের কারণে চাকরির শঙ্কা

কম কর্মঘণ্টায় পূর্ণ বেতনের দাবি অস্ট্রেলিয়ার বন্দর শ্রমিকদের

অনলাইন ডেস্ক
কম কর্মঘণ্টায় পূর্ণ বেতনের দাবি অস্ট্রেলিয়ার বন্দর শ্রমিকদের
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার বন্দর শ্রমিকরা সপ্তাহে কাজের সময় ২৮ ঘণ্টায় নামিয়ে আনার দাবি জানিয়েছেন। তবে তারা স্পষ্ট করে বলেছেন, কর্মঘণ্টা কমলেও বেতন কমানো যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়তে থাকায় চাকরি নিয়ে উদ্বেগ থেকেই এই দাবি তুলেছে শ্রমিকদের ইউনিয়ন।

অস্ট্রেলিয়ার বিভিন্ন বন্দরে স্বয়ংক্রিয় প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ নিয়ে দেশটির মেরিটাইম ইউনিয়ন বলেছে, নতুন প্রযুক্তি চালুর ফলে বিপুলসংখ্যক শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। ইউনিয়নের দাবি, প্রযুক্তির সুবিধা শুধু কোম্পানির মুনাফা বাড়ানোর জন্য ব্যবহার করা উচিত নয়। এর সুফল শ্রমিকদেরও দিতে হবে। এক বিবৃতিতে ইউনিয়ন জানায়, যদি ডিপি ওয়ার্ল্ড কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে, তাহলে এর সামাজিক ও অর্থনৈতিক সুবিধাও শ্রমিকদের মধ্যে ভাগ করে দিতে হবে। তাদের ভাষ্য, নতুন প্রযুক্তির কারণে শ্রমিকদের চাকরি হারানো গ্রহণযোগ্য নয়। শুধু একটি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর জন্য কর্মীদের জীবিকা ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। এ বিষয়ে মন্তব্য জানতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মেরিটাইম ইউনিয়নের অনুরোধে সেন্টার ফর ইন্টারন্যাশনাল করপোরেট ট্যাক্স অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিসার্চ একটি গবেষণা চালায়। গবেষণায় বলা হয়েছে, ডিপি ওয়ার্ল্ড কর্মীদের কাজের ব্যবস্থাপনা এবং শিফট নির্ধারণে ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা পরীক্ষাও চালানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রযুক্তি চালুর আগে শ্রমিকদের সঙ্গে যথাযথ আলোচনা করা হয়নি। গবেষকদের আশঙ্কা, এই কর্মসূচির ফলে প্রায় এক হাজার জনের চাকরি ঝুঁকির মধ্যে পড়তে পারে। যা বন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের মোট কর্মীর ৬০ শতাংশেরও বেশি। গবেষণায় আরো বলা হয়েছে, ডিপি ওয়ার্ল্ড ভবিষ্যতে এআই-নিয়ন্ত্রিত দূর থেকে পরিচালিত ক্রেন এবং চালকবিহীন যানবাহন ব্যবহারের পরিকল্পনাও করছে।

গত ৩ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে মেরিটাইম ইউনিয়ন বলেছে, প্রযুক্তির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জীবন সহজ করা, তাদের কর্মসংস্থান কমিয়ে দেওয়া নয়। এ কারণেই তারা সপ্তাহে ২৮ ঘণ্টার কর্মসপ্তাহ চালুর দাবি জানিয়েছে। তবে কর্মঘণ্টা কমলেও বর্তমান বেতন বহাল রাখতে হবে বলে ইউনিয়নের দাবি। অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউর তথ্য অনুযায়ী, বর্তমানে ডিপি ওয়ার্ল্ডের বন্দর শ্রমিকরা কাজের স্থান অনুযায়ী সপ্তাহে গড়ে ৩২ থেকে ৩৫ ঘণ্টা কাজ করেন। 

ডিপি ওয়ার্ল্ড দুবাইভিত্তিক রাষ্ট্রায়ত্ত একটি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান। এটি বিশ্বের অন্যতম বড় বন্দর পরিচালনা কোম্পানি। প্রতিষ্ঠানটির চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের হাতে। অস্ট্রেলিয়ায় সিডনি, মেলবোর্নসহ বিভিন্ন বন্দরে প্রতি বছর লাখ লাখ কনটেইনার পরিবহন করে ডিপি ওয়ার্ল্ড। বিশ্বের ৮৪টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। সেখানে এক লাখ ২৬ হাজারের বেশি মানুষ কাজ করেন। বিশ্বে সমুদ্রপথে পরিবহন হওয়া কনটেইনারের প্রায় ১০ শতাংশ ডিপি ওয়ার্ল্ড পরিচালনা করে। গত বছর প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লেন হিলটন বলেছিলেন, সরবরাহ ব্যবস্থাকে আরো দক্ষ ও দ্রুত করতে বিভিন্ন বন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হচ্ছে। তার ভাষায়, 'এআই ব্যবহার এখন আর বিকল্প নয়, এটি এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে।'