• ই-পেপার

মশার প্রজনন ধ্বংসে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজের অভিযান

ভোলায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
ভোলায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ছবি : কালের কণ্ঠ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে আরো বেগবান করার লক্ষ্যে ভোলায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ।

বুধবার (৮ জুলাই) যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় দ্বীপজেলা ভোলার শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া। আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মীর আবিদ হোসেন রাফি, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক হৃদয় দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির, দপ্তর সম্পাদক নুর ফাতেমা ও অন্য সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. তোতা মিয়া বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতি সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব, নিরাপদ পানির সংকট এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। তবেই দেশব্যাপী একটি সবুজ বিপ্লব গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে মো. শাফায়াত হোসেন সিয়াম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার ভিত্তিও তৈরি করে। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের মাধ্যমে আমরা শুধু গাছের চারা বিতরণ করছি না, বরং পরিবেশ রক্ষায় একটি সামাজিক আন্দোলনকে এগিয়ে নিচ্ছি।’

চারা গ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, প্রাপ্ত চারাগুলো নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় রোপণ করবেন এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা করবেন।

জবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

জবি প্রতিনিধি
জবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি : কালের কণ্ঠ

‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্যাম্পাসকে সবুজ করার অঙ্গীকার করেছেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের অংশ হিসেবে ক্যাম্পাস প্রাঙ্গণে সোনালু ফুল, জারুল, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, আম, কাঁঠাল, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তারা।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিবেশবান্ধব ও সবুজ চত্বর হিসেবে গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের এই ধরনের সচেতনতামূলক ও সামাজিক কাজ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য ইতিবাচক বার্তা বহন করে। প্রশাসন সবসময়ই বসুন্ধরা শুভসংঘের পাশে থাকবে এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করবে।’

বসুন্ধরা শুভসংঘের সাবেক সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, ‘শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়, বরং সবুজ ও নির্মল ক্যাম্পাস গড়ার অঙ্গীকার। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং প্রকৃতিকে ভালোবাসার চর্চায় এ ধরনের ইতিবাচক উদ্যোগ আমাদের ক্যাম্পাসকে আরো সুন্দর করে তুলবে বলে আমি বিশ্বাস করি।’

বসুন্ধরা শুভসংঘের জবি শাখার সদস্য জান্নাতুল মাওয়া লিশা বলেন, ‘দেশের পরিবেশকে সবুজায়নের লক্ষ্যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ক্যাম্পাসে গাছগুলো যেমন পরিবেশকে সুন্দর করে তোলে, তেমনি এর পরিচর্যা করা আমাদের জন্যও আনন্দের।’

বসুন্ধরা শুভসংঘের আরেক সদস্য তৌফিক হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যেই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন পরিবেশ রক্ষায় নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয়। আমাদের এই ছোট উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলাই মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম আমরা অব্যাহত রাখব।’

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুভসংঘের সদস্য রুপা, বিথি, রিতু রায়, তৌহিদ হেসেন, আলী কাজী, রোকন হোসেন, সামিয়া আক্তার, রোকেয়া আক্তার, আয়েশা আক্তার, তহমিনাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জামালগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
জামালগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলমের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আহাদ বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার জরুরি। পরিবার থেকেই সন্তানদের মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা এবং সুশীলন এনজিওর উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিন।

মারজানা ইসলাম শিবনা বলেন, নারী ও শিশু দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্র, পরিবার ও সমাজ—সবার দায়িত্ব। তিনি বলেন, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং অনলাইন হয়রানির মতো অপরাধ নারী ও শিশুদের স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এসব প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রহমত আরা শারমিন বলেন, নারী ও শিশু নির্যাতন একটি গুরুতর সামাজিক সমস্যা। নিরাপদ ও মানবিক সমাজ গঠনে পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। তিনি বাল্যবিবাহ, যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন এবং অনলাইন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় আইনগত সহায়তা গ্রহণের আহ্বান জানান।

এ সময় আরো বক্তব্য দেন ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিবন রায়, জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক মহিলা সদস্য খালেদা আক্তার এবং বসুন্ধরা শুভসংঘের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মহিদুল ইসলাম।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কন্যাশিশুর নিরাপত্তা ও সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি নারী নির্যাতন ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনমুক্ত, বাল্যবিবাহবিহীন ও সচেতন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনা আক্তার ও মো. রবিউল আউয়াল, নারীবিষয়ক সম্পাদক মোছা. সাবিনা আক্তার, কর্ম ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক কলি আক্তার, সহসাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মৌসুমী তালুকদার, নারী ও শিশুবিষয়ক সম্পাদক জান্নাত আক্তার, আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. আশিক নুর, কার্যকরী সদস্য অসিম তালুকদার, পুঁজা রানী দাসসহ সংগঠনের অন্য সদস্যরা।

কাঁঠালিয়ায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
কাঁঠালিয়ায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ
ছবি : কালের কণ্ঠ

‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যে ঝালকাঠির কাঁঠালিয়ায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা সদর ইউনিয়নের উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে দুটি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশে চারা রোপণ এবং পরিচর্যার অঙ্গীকার করে।

বসুন্ধরা শুভসংঘের কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সাকিবুজ্জামান সবুরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তৈমুর হোসেন অপুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান রিপন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস অ্যাম্বাসাডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সাংবাদিক ফারুক হোসেন খান, উপসহকারী কৃষি অফিসার অদিতি রানী, মো.আমিরুল ইসলাম মুরাদ ও সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক মো.শাহ জামাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক হাসিব ভুট্রো, শিক্ষক হালিমা আক্তার, মাসুমা আক্তার, শিক্ষার্থী তাসমিয়া জাহান আদিবা ও তাসনিম আক্তার। 

বক্তারা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। জলবায়ু পরির্বতনের ভয়াবহ প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে অধিক পরিমাণ গাছ লাগাতে হবে। সেই যাত্রা হিসেবে শিশুদের হাতে গাছের তুলে দেওয়া হলো। এই শিশুরাই আগামী দিনের অভিভাবক হয়ে পরিবেশ রক্ষা করবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ উদ্যোগ সফল করতে হবে।’

পরে প্রধান অতিথি স্কুল আঙিনায় কাঁঠাল ও নিমের চারা রোপণ করেন।