• ই-পেপার

কারাগারে বসেই আন্তর্জাতিক অপরাধ চক্র নিয়ন্ত্রণ করেন লরেন্স বিষ্ণোই

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

অনলাইন ডেস্ক
মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান
সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশে একটি শক্তিশালী মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করেছে বলে জানায় তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির খোরমুজ এলাকার আকাশে আইআরজিসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেটি ভূপাতিত হয়। 

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এক বিবৃতিতে বলেন, ‘সন্ত্রাসী মার্কিন বাহিনীর বিমান আগ্রাসনের’ জবাবে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে সফলভাবে গুলি করে নামিয়েছে।

তার দাবি, ভোরের ওই অভিযানের সময় ড্রোনটি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল।  

এর আগে আইআরজিসি জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। ওই হামলার পরই দ্বিতীয় মার্কিন ড্রোনটি ভূপাতিত করার দাবি করা হয়।

হরমুজে নতুন শাসনব্যবস্থার বিকল্প নেই : ইরান

অনলাইন ডেস্ক
হরমুজে নতুন শাসনব্যবস্থার বিকল্প নেই : ইরান
সংগৃহীত ছবি

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরানের নতুন বাস্তবতা মেনে নিতেই হবে। এর বাইরে যুক্তরাষ্ট্রের জন্য আর কোনো পথ নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রাথমিক জবাব’ হিসেবে এ অঞ্চলে থাকা ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

আইআরজিসির ওই ঘোষণার প্রতিক্রিয়ায় আজিজি স্পষ্ট করে বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের নতুন বাস্তবতা যুক্তরাষ্ট্রকে স্বীকার করতেই হবে। এর বাইরে আর কোনো পথ নেই।’

ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে ট্রাম্প মিডিয়ার মামলা খারিজ

অনলাইন ডেস্ক
ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে ট্রাম্প মিডিয়ার মামলা খারিজ
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ সংস্থা দ্য ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠানের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। মানহানির অভিযোগে ৩.৮ বিলিয়ন (৩৮০ কোটি) ডলারের মামলাটি করে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (টিএমটিজি)।

ওই মামালার রায়ে ফ্লোরিডার টাম্পাভিত্তিক মার্কিন জেলা বিচারক থমাস বারবার বলেন, দ্য ওয়াশিংটন পোস্ট ইচ্ছাকৃতভাবে বা সত্যকে উপেক্ষা করে মিথ্যা তথ্য প্রকাশ করেছে—এমনটি প্রমাণ করার মতো পর্যাপ্ত ও সুস্পষ্ট প্রমাণ ট্রাম্প মিডিয়া উপস্থাপন করতে পারেনি। ফলে আদালত ওয়াশিংটন পোস্টের পক্ষে সারসংক্ষেপ রায় দেন এবং ট্রাম্প মিডিয়ার আবেদন নাকচ করেন।

তবে এ বিষয়ে বিস্তারিত লিখিত রায় পরে প্রকাশ করা হবে বলে জানান বিচারক।

এদিকে ২০২৩ সালে দায়ের করা মামলায় ট্রাম্প মিডিয়া অভিযোগ করেছিল, ওয়াশিংটন পোস্ট তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে আসছে এবং ২০২৩ সালের ১৩ মে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করেছে।

প্রতিবেদনে ট্রাম্প মিডিয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে অর্থায়ন সংগ্রহের প্রচেষ্টা নিয়ে বিভিন্ন দাবি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের আইনে কোনো জনপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানহানির মামলা জিততে হলে প্রমাণ করতে হয় যে ‘অ্যাকচুয়াল ম্যালিস’ অর্থাৎ তথ্যটি মিথ্যা জেনেও বা সত্যতা যাচাইয়ে বেপরোয়া অবহেলা করে—সংবাদমাধ্যমটি তা প্রকাশ করেছে।

কিন্তু আদালতের মতে, এই অভিযোগে ট্রাম্প মিডিয়া সেই মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে।

রায়ের পর ওয়াশিংটন পোস্টের এক মুখপাত্র বলেন, আদালতের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। একই সঙ্গে তারা পূর্ণাঙ্গ লিখিত রায়ের অপেক্ষায় রয়েছেন।

অন্যদিকে ট্রাম্প মিডিয়া জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়টি বিবেচনা করছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ৩ বছর পর ওয়াশিংটন পোস্ট স্বীকার করেছে যে তাদের প্রতিবেদনের কিছু অংশ ভুল ছিল। তবে আমরা মনে করি, এসব মিথ্যা তথ্য মানহানিকর ছিল কি না, তা জুরি বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত।

উল্লেখ্য, মামলার তদন্ত চলাকালে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০২৬ সালের মে মাসে ওয়াশিংটন পোস্ট ২০২৩ সালের ওই প্রতিবেদনের একটি সংশোধনী প্রকাশ করে।

সেখানে বলা হয়, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল ট্রাম্প মিডিয়া ২ লাখ ৪০ হাজার ডলার ঋণ-রেফারেল ফি পরিশোধ করেছিল, কিন্তু পরবর্তী তদন্তে দেখা যায়, তথ্যটি সঠিক ছিল না।

তবে পত্রিকাটি দাবি করে, প্রকাশের সময়কার তথ্য-উপাত্তের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল।

প্রসঙ্গত, ট্রাম্প মিডিয়া মূলত ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্ম পরিচালনা করে। যা প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের মধ্যে জনপ্রিয় হলেও আর্থিকভাবে এখনো লোকসানে রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ছিল ১০ লাখ ডলারেরও কম।

এর আগে ট্রাম্প মিডিয়া দ্য গার্ডিয়ানের বিরুদ্ধেও একটি মানহানির মামলা করেছিল। তবে গত নভেম্বরে সেটিও আদালত খারিজ করে দেন।

পরে সংশোধিত অভিযোগ দাখিল করা হলেও চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটি মামলাটি প্রত্যাহার করে নেয়।

চীনে ভয়াবহ ভূমিধসে ২১ বনকর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক
চীনে ভয়াবহ ভূমিধসে ২১ বনকর্মীর মৃত্যু
ছবি : সিহুয়া।

উত্তর-পশ্চিম চীনের একটি দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিধসে ২১ জন বনকর্মীর মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরো ১২ জন প্রাণে বেঁচে গেছেন। তাদের মধ্যে সাতজন সামান্য আহত হয়েছেন।

ভূমিধসটি ঘটেছে চীনের গানসু প্রদেশের তানচাং কাউন্টির একটি জনবসতিহীন পাহাড়ি এলাকায়। এটি প্রাদেশিক রাজধানী ল্যাংজো থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বনভূমি পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজে যাওয়ার পথে শ্রমিকদের দলটি ভূমিধসের কবলে পড়ে। সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড়ের একটি বড় অংশ ধসে নিচে নেমে এসেছে। ধসে পড়া মাটির অংশ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের এলাকাটি প্রায় ৪০ মিটার চওড়া ছিল এবং প্রায় পাঁচ হাজার ৪০০ বর্গমিটার এলাকা মাটি ও পাথরের নিচে চাপা পড়ে। ধ্বংসস্তূপের গভীরতা ছিল ৮ থেকে ১০ মিটার। উদ্ধারকাজে খননযন্ত্র ব্যবহার করে ধ্বংসাবশেষ সরানো হয়। 

লংনান শহরের প্রাকৃতিক সম্পদ বিভাগের কর্মকর্তা ইয়াং ইয়াওশিয়ান জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, খাড়া পাহাড়ি ঢাল, মাটির ক্ষয় এবং এলাকার ভূতাত্ত্বিক গঠনের কারণে এই ভূমিধস ঘটেছে। তিনি আরো বলেন, ধসে পড়া মাটি ও পাথর এখনো অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ফলে একই এলাকায় আবারও ভূমিধসের ঝুঁকি রয়েছে।