• ই-পেপার

সংসদে আনোয়ারার বেড়িবাঁধ নির্মাণের অনিয়ম তুলে ধরলেন এমপি সরওয়ার নিজাম

সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। 

সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতে সামান্য বাড়তে পারে।

আরো পড়ুন
ইরান উত্তেজনার মধ্যে নিরাপত্তা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু

ইরান উত্তেজনার মধ্যে নিরাপত্তা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু

 

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ৩-৪ দিনের মধ্যে সারা দেশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৫১ মিলিমিটার। 
 

ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ

অনলাইন ডেস্ক
ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ার মতো জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত অসহায় ও দুঃস্থ  মানুষকে চিকিৎসা সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থ বছরের চতুর্থ কিস্তিতে ৪৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই অর্থ দেশের ৬৩ জেলার ৯ হাজার ৮৮৯ জন রোগীর মধ্যে বিতরণ করা হবে।

চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপের মধ্যে সরকারের এই সহায়তা কর্মসূচি হাজারো দরিদ্র রোগী ও তাদের পরিবারের জন্য স্বস্তি হিসেবে বিবেচিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগের চিকিৎসা চালিয়ে যেতে অনেক পরিবারকে জমি বিক্রি, ঋণ গ্রহণ কিংবা সঞ্চয় ভেঙে ফেলতে হয়। সরকারের এ আর্থিক সহায়তা তাদের চিকিৎসা ব্যয়ের একটি অংশ বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রতিটি আবেদন যথাযথভাবে যাচাই করার পরই তা অনুমোদন দেওয়া হয়। চিকিৎসা ব্যয়ের তুলনায় বরাদ্দের পরিমাণ হয়ত সীমিত, কিন্তু দরিদ্র রোগীদের জন্য এটি অত্যন্ত সহায়ক।’

তিনি আরো বলেন, ‘সরকার চায় দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত উপকারভোগীদের হাতে এই অর্থ পৌঁছে দিতে। সে কারণেই বরাদ্দ অনুমোদনের পর দ্রুত অর্থ ছাড় এবং বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।’

আবেদনের পর রোগীদের সরকারি অর্থ সহায়তা পেতে বিলম্ব হয়—এমন অভিযোগ প্রসঙ্গে কামাল উদ্দিন বিশ্বাস বলেন, রোগ শনাক্ত হওয়ার পরপরই আবেদন করলে অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় না।

তিনি বলেন, অনেক রোগী দেরিতে সহায়তার জন্য আবেদন করেন। তখন চিকিৎসা করে রোগ নির্মূলের সময়ও হয়ত থাকে না। তাই রোগ নির্ণয়ের সঙ্গে সঙ্গেই সরকারি সহায়তার জন্য আবেদন করা প্রয়োজন। তাই রোগী, স্বজন এবং সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের প্রতি এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

সীমান্ত সম্মেলন

পুশ ইন ও সীমান্ত হত্যায় কড়া জবাব দেবে বিজিবি

অনলাইন প্রতিবেদক
পুশ ইন ও সীমান্ত হত্যায় কড়া জবাব দেবে বিজিবি

পুশ ইন, হত্যাসহ সীমান্তে স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনায় বসছে বিজিবি-বিএসএফ। সোমবার (৮ জুন) নয়াদিল্লিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী এ সীমান্ত সম্মেলন। বর্তমান সরকারের আমলে এটিই প্রথম সীমান্ত সম্মেলন। এ সম্মেলন দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে নারী-শিশুসহ বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) বিএসএফের দফায় দফায় চেষ্টা এবং আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনায় সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ ঢাকায় বসছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ তুলে ধরে নয়াদিল্লিকে কড়া বার্তা দিতে চায় ঢাকা।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৩ থেকে ৬ জুন পর্যন্ত মাত্র চার দিনে ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর (বঙ্গাবাড়ী), নওগাঁর সাপাহার (হাপানিয়া), লালমনিরহাটের বরখাতা ও পাটগ্রাম এবং পঞ্চগড় সীমান্ত দিয়ে সরাসরি বিএসএফের সহায়তায় অন্তত ২৩টি পুশ ইনের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে দুই শতাধিক মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বিজিবির দৃঢ় তৎপরতায় তা ব্যর্থ হয়। এই ঘটনার পর থেকে দেশের সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যদের সশস্ত্র অবস্থায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবি সদর দপ্তরের উপমহাপরিচালক (মিডিয়া) কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম জানান, এবারের সম্মেলনে বিজিবির মূল এজেন্ডাই থাকবে সীমান্ত হত্যা ও পুশ ইন। কেউ বাংলাদেশি হলে তাকে গ্রহণে বাংলাদেশের আপত্তি নেই, তবে তার জন্য দীর্ঘ আইনি প্রক্রিয়া ও নাগরিকত্ব যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। যথাযথ প্রক্রিয়া ছাড়া রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে মানুষকে পুশ ইন করা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এবারের সম্মেলনে পুশ ইন ও সীমান্ত হত্যা ছাড়াও বিজিবির এজেন্ডায় থাকছে, ভারতীয় ড্রোন ও হেলিকপ্টার কর্তৃক বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের কড়া প্রতিবাদ। পঞ্চগড়, লালমনিরহাট ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় বিএসএফ কর্তৃক ড্রোন ও হেলিকপ্টার উড়িয়ে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ঘোষণা করবে বিজিবি। পাশাপাশি, আগরতলার শিল্পবর্জ্য বাংলাদেশের আখাউড়ায় প্রবেশ ঠেকাতে ভারতীয় খরচে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের প্রস্তাব দেওয়া হবে।

এর বাইরেও মাদক চোরাচালান বন্ধ, অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন, স্থায়ী সীমান্ত পিলার নির্ধারণ, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা বন্ধ করা এবং ভারতীয় গণমাধ্যমে সীমান্তকেন্দ্রিক উসকানিমূলক ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাবে বাংলাদেশ প্রতিনিধিদল।

চার দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিচ্ছে। এতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলে দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। আগামী ১১ জুন যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হওয়ার কথা রয়েছে।

ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক
ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত

সাভারের আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের অনুপস্থিতি, নাগরিক সেবায় দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সোমবার (৮ জুন) সকালে তিনি কার্যালয়টি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, নাগরিক সেবার মান এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করতে গিয়ে একাধিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার চিত্র উঠে আসে।

প্রতিমন্ত্রীর উপস্থিতির সময় কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান অফিসে ছিলেন না। প্রতিমন্ত্রীর আগমনের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তিনি কর্মস্থলে পৌঁছান। এছাড়া কার্যালয়ের মোট আটজন কর্মকর্তার মধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন মাত্র দুজন। তাদের মধ্যে একজন সার্ভেয়ার ও একজন নামজারি সহকারী।

আরো পড়ুন
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

 

এ সময় ভূমি অফিসের বাইরে অপেক্ষমান সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তারা অভিযোগ করেন, বিভিন্ন সেবা নিতে বারবার অফিসে আসতে হলেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। নাগরিক সেবায় এমন দীর্ঘসূত্রিতা ও ভোগান্তির বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে কর্মকর্তাদের উপস্থিতির সময় যাচাই করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তথ্যকেন্দ্র-কাম-হেল্প ডেস্ক ঘুরে দেখে এর কার্যকারিতা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।

তবে রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিটে তুলনামূলক সন্তোষজনক চিত্র পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। এ সময় প্রতিমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন রেকর্ড রুমও পরিদর্শন করেন এবং নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন।

আরো পড়ুন
জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

 

কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে জানান, দীর্ঘদিন ধরে সার্ভারজনিত সমস্যার কারণে মিউটেশন (নামজারি) কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সার্ভার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন তিনি।

এ ছাড়া তথ্যকেন্দ্রকে আরো কার্যকর ও জনবান্ধব করতে সেখানে নির্দিষ্ট জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু সময়মতো অফিসে উপস্থিত থাকাই যথেষ্ট নয়, নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব।’

পরিদর্শন শেষে ভূমি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।