• ই-পেপার

মেয়ের বাসায় বেড়াতে এসে ছাদ থেকে পড়ে বাবার মৃত্যু

যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, অভিযুক্ত স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক
যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, অভিযুক্ত স্বামী পলাতক
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের বড়বাগে যৌতুকের দাবিতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ শিফা আক্তার (১৯) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৫ জুলাই) বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, দাবি করা যৌতুকের বাকি টাকা ও স্বর্ণালঙ্কার না পেয়ে গত ২৪ জুন রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শিফার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী সোহেল।

জানা গেছে, নিহত শিফা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নওগা গ্রামের ঝালমুড়ি বিক্রেতা জাহাঙ্গীর আলমের মেয়ে। আট মাস আগে একই উপজেলার বাসিন্দা এবং পেশায় পোশাকশ্রমিক সোহেলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা মিরপুরের বড়বাগ আসমত গার্মেন্টসের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। শিফাও স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, আগুনে শিফার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

নিহতের বাবা জাহাঙ্গীর আলম বলেন, বিয়ের সময় সোহেলের দাবি অনুযায়ী পাঁচ ভরি সোন ও কিছু নগদ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তার দাবি ছিল ছয় ভরি সোন ও নগদ দুই লাখ টাকা। দাবিকৃত বাকি সোনা ও টাকা দিতে না পারায় প্রায়ই শিফাকে নির্যাতন করত সোহেল। সবশেষ গত ২৪ জুন রাতে কাজ থেকে ফেরার পথে শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

‘ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে জামায়াত’

অনলাইন ডেস্ক
‘ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে জামায়াত’

রাজধানীর গুলিস্তানে অবস্থিত ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে জামায়াতে ইসলামীর কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমিতির পরিচালক রবিউল ইসলাম রুবেল এই অভিযোগ তুলেছেন।

রবিবার (৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রবিউল ইসলাম রুবেল বলেন, ‘এই ফুলবাড়িয়া নগরপ্লাজা মার্কেট দীর্ঘদিন থেকে জামায়াত অবৈধভাবে দখলদারিত্ব করে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।’

তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে যারা ওখানে যাতায়াত করতাম, এগুলোর প্রতিবাদ করতাম। তারা মবের ভয় দেখিয়ে আমাদের চুপ করিয়ে রাখত। সাধারণ ব্যবসায়ীদেরও ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত।’

এই ব্যবসায়ী নেতা বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে সমবায়ের লোকজন আইন-শৃঙ্খলা বাহিনীর লোক নিয়ে এসে মার্কেট তাদের নিয়ন্ত্রণে নেয়। জামায়াত এটা থেকে বিতাড়িত হওয়ার পরে সংঘবদ্ধ হয়ে আবার পাল্টা মার্কেট দখল করতে আসছে। তারা বিএনপির লোকজনের ওপর আক্রমণ করেছে এবং সাধারণ ব্যবসায়ীদের ওপর আক্রমণ করেছে।’

ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ৭৪ আরোহী

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ৭৪ আরোহী
সংগৃহীত ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে থাকা অবস্থায় একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকায় জরুরি অবতরণ করেছে এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ মডেলের একটি উড়োজাহাজ। রবিবার (৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭৪ জনই অক্ষত রয়েছেন।

জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে উড়োজাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছু সময় পরই পাইলট ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি না নিয়ে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ সম্পন্ন করেন।

জরুরি অবতরণের পরপরই সব যাত্রীকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা সম্পূর্ণ সুস্থ এবং শঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে, গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ওই যাত্রীদের জন্য তাৎক্ষণিকভাবে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কি কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিএসসিসির উচ্ছেদ অভিযানে অবৈধ নার্সারি ও দোকানপাট অপসারণ

নিজস্ব প্রতিবেদক
ডিএসসিসির উচ্ছেদ অভিযানে অবৈধ নার্সারি ও দোকানপাট অপসারণ
ছবি: কালের কণ্ঠ

রাজধানীর সবজি বাগান এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (৫ জুলাই) সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করার দায়ে আটজন নার্সারি মালিককে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আজ সন্ধ্যা ৬টার মধ্যে নার্সারির সব গাছ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার কঠোর নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, নগরীর সৌন্দর্য বর্ধন, উন্মুক্ত স্থান দখলমুক্তকরণ এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান।

অভিযানকালে সবজি বাগান এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে এলাকাটি সম্পূর্ণরূপে খালি ও পরিষ্কার করা হয়। এছাড়া, অবৈধভাবে নার্সারি পরিচালনা করায় আট মালিকের বিরুদ্ধে আটটি মামলা করে জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে এই ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।