• ই-পেপার

শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার সিদ্ধান্ত

ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান
সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি হেলিকপ্টারে ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় মহড়া স্থলে পৌঁছান। এ সময় সেনাপ্রধান সেনাবাহিনীর রণকৌশল ও প্রস্তুতি প্রত্যক্ষ করেন।

মহড়া পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার পাশাপাশি, যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান।

এর আগে সেনাপ্রধানকে স্বাগত জানান সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
মৃত আল আমিন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম আল-আমিন (১৪)। আর অভিযুক্তের নাম বাবু (১০)। তারা ওই গ্রামের জাফর আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুর একটি পোষা পাখি ছিল। ওই পাখিকে বুধবার সকালে বিড়াল মেরে ফেলে। এ ঘটনায় বাবু কান্নাকাটি করতে থাকে। তাকে কান্না থামাতে বলায় বড় ভাই আল-আমিনের সঙ্গে বাবুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

শ্রীমঙ্গলে জলাবদ্ধতায় জনজীবন স্থবির, দুর্ভোগে পরীক্ষার্থীরা

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে জলাবদ্ধতায় জনজীবন স্থবির, দুর্ভোগে পরীক্ষার্থীরা
ছবি : কালের কণ্ঠ

লঘুচাপের প্রভাবে অবিরাম বর্ষণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত ৩৬ ঘণ্টায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা ভারি বর্ষণের ফলে শহরের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা-বুধবার সকাল ৬টা) : ৯১ মিলিমিটার। পরবর্তী ১২ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা- সন্ধ্যা ৬টা) : ৭৯ মিলিমিটার। মোট ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভারি বর্ষণে শ্রীমঙ্গল শহরতলির শাহীবাগ, সবুজবাগ, লালবাগ ও সন্ধানী আবাসিক এলাকাসহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং অনেক নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।

বিশেষ করে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বিপাকে পড়েছেন। পরীক্ষা শেষে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির তীব্রতায় সাধারণ মানুষের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, আগামী ২৪ ঘণ্টায় আরো ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ মাঝারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বদলির খবরে শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখলেন শিক্ষক-কর্মচারীরা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বদলির খবরে শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখলেন শিক্ষক-কর্মচারীরা
সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেনকে বদলি করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও দপ্তরি কাম প্রহরীরা উপজেলা শিক্ষা অফিসারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন তিনি। 

এর আগে গত ৭ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার সই করা পত্রে এ বদলির আদেশ জারি করা হয়। ওই পত্রে জানানো হয়েছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেনকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে বদলি করা হয়েছে। 

শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধের সময় উপস্থিত প্রধান শিক্ষকরা জানান, ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন ঘুষ ও দুর্নীতি ছাড়া কিছুই বোঝেন না। ২০২৫-২৬ অর্থবছরের বিদ্যালয় উন্নয়ন বরাদ্দের শেষ কিস্তির স্কুলপ্রতি সর্বনিম্ন ১৫ হাজার থেকে সর্বোচ্চ ২২ হাজার টাকার কাজ প্রধান শিক্ষকদের দিয়ে করিয়ে ভাউচার জমা নিয়েছেন তিনি, কিন্তু টাকা দেননি। দিনের পর দিন ঘুরাচ্ছেন। এখন চলে গেলে ভাঙ্গা উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ২৫ লাখ থেকে ৩০ লাখ টাকা থেকে বঞ্চিত হবেন। 

উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ তুলে ভাঙ্গার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন আলম বলেন, ‘গত অর্থবছরের উন্নয়ন বরাদ্দ বাবদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আমাকে দিয়ে ১৫ হাজার টাকার কাজ করিয়েছেন। আমি ভাউচার জমা দিয়েছি। আমাকে দিনের পর দিন ঘোরাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) তার ভাঙ্গায় শেষ অফিস। তাই টাকা মেরে যাতে না যেতে পারেন, সে জন্য এসেছি। অনেক বিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। তিনি ঘুষ ছাড়া কিছু বোঝেন না।’

ভাঙ্গার ভদ্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের তিন মাসের বেতন শিক্ষা অফিসার দেন না। শুনেছি অর্থবছর শেষ হওয়ার আগেই তিনি ৭৪ জন দপ্তরি কাম প্রহরীর তিন মাসের বেতনের টাকা সরিয়ে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে রেখেছেন। তিনি চলে গেলে আমরা টাকা পাব কিভাবে? তাই আমরা আমাদের বেতনের টাকার দাবিতে এখানে এসেছি।’

ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি চক্রান্তের শিকার। আমাকে ফাঁসানো হয়েছে।’

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন শিক্ষক ও কর্মচারী দ্বারা অবরুদ্ধ হয়েছেন। এ খবর পাওয়ার পর আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। স্থানীয় ব্যাংকের সঙ্গে কথা বলেছি। অভিযোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’