• ই-পেপার

বদলির খবরে শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখলেন শিক্ষক-কর্মচারীরা

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড
ছবি: কালের কণ্ঠ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রায়হান মিয়া (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া উপজেলার মীরনগর গ্রামের কাউসার মিয়ার ছেলে।

বুধবার (৮জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারায় এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে রায়হান মিয়ার বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক এ দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

দণ্ডাদেশের পর রায়হান মিয়াকে পুলিশি হেফাজতে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার

রাঙামাটি, প্রতিনিধি
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি

ভারি বৃষ্টি ও পাহাড়ধসের ঝুঁকির কারণে আগামীকাল বৃহস্পতিবার রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা বর্ষণে জলাবদ্ধতা, প্লাবন ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান ভারি বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে বুধবারের এইচএসসি ও সমমানের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সার্বিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে টানা চতুর্থ দিনের মতো রাঙামাটিতে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। অবিরাম বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা আরো বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে। একই সঙ্গে প্রবল বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

রামগতিতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতিতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
রামগতিতে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু।

লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন ওই এলাকার মো. রিয়াজ হোসেনের মেয়ে মায়সা আক্তার (৩) ও মজনু মিয়ার ছেলে মুজাহিদ হোসেন (৩)। সম্পর্কে তারা দুজন চাচাতো ও জ্যাঠাতো ভাইবোন হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার ও রামগতি থানার ওসি লিটন দেওয়ান।

পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার বিকেলে হালকা বৃষ্টি চলছিল। তখন বাড়ির উঠানে তারা দুজন খেলাধুলা করে পরিবারের অজান্তে বাড়ির পুকুরের পানিতে নেমে পড়ে। এ সময় দুজনই ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরের পানিতে দুজনকে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান
সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি হেলিকপ্টারে ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় মহড়া স্থলে পৌঁছান। এ সময় সেনাপ্রধান সেনাবাহিনীর রণকৌশল ও প্রস্তুতি প্রত্যক্ষ করেন।

মহড়া পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার পাশাপাশি, যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান।

এর আগে সেনাপ্রধানকে স্বাগত জানান সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।