• ই-পেপার

পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

নড়াইলে ওয়ান শ্যুটার গান, গুলিসহ আটক ১

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ওয়ান শ্যুটার গান, গুলিসহ আটক ১
সংগৃহীত ছবি

নড়াইলের কালিয়ায় হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশি অস্ত্রসহ খবির মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার (৮ জুলাই) দুপুর থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৬-এর স্পেশাল কম্পানি এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন স্পেশাল কম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম।

আটক খবির মোল্যা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্লার ছেলে।

র‍্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় খবির মোল্লার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি এবং কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলা বারুদ অবৈধভাবে সংরক্ষণ করছিলেন খবির মোল্যা। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে কালিয়া থানায় হস্তান্তর করা হবে। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘আটকের বিষয়টি শুনেছি। আমাদের কাছে এখনো আসামি হস্তান্তর করেনি।’

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের সত্যতা

জলিপুরের ‘জলি বাটপাড়’ আলমগীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
জলিপুরের ‘জলি বাটপাড়’ আলমগীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
আলমগীর হোসেন। ছবি : সংগৃহীত

কালের কণ্ঠে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার জলিপুর এলাকার আলোচিত আলমগীর হোসেনের বিরুদ্ধে ওঠা সরকারি চাকরিতে অবৈধভাবে প্রক্সি দিয়ে দায়িত্ব পালনের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। 
জেলা সিভিল সার্জন কার্যালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে আলমগীর হোসেনের সরকারি দায়িত্ব পালনের কোনো বৈধতা না থাকার বিষয়টি নিশ্চিত করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

গত ২৯ জুন ‘জলিপুরের জলি বাটপাড়’ শিরোনামে প্রকাশিত দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারী পদে প্রক্সি দিয়ে সরকারি দায়িত্ব পালন, জালিয়াতি ও প্রতারণার অভিযোগ তুলে ধরা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আলমগীর হোসেন স্বাস্থ্য সহকারী হিসেবে কোনো বৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা নন। সরকারি বিধি অনুযায়ী তার নামে কোনো নিয়োগের নথিও পাওয়া যায়নি। একই সঙ্গে স্বাস্থ্য সহকারী সেলিনা আক্তারের কর্মস্থলে আলমগীর হোসেনের দায়িত্ব পালনের কোনো বৈধ অনুমোদন বা দাপ্তরিক প্রমাণও তদন্তে মেলেনি।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বিনা নিয়োগে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি দায়িত্ব পালন করায় আলমগীর হোসেনের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা তলবের সুপারিশ করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মনোহরগঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া তদন্ত কার্যক্রম চলমান থাকা অবস্থায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আলমগীর হোসেনকে স্বাস্থ্য সহকারী সেলিনা আক্তারের বিকল্প হিসেবে কোনো ধরনের সরকারি দায়িত্ব পালন করতে না দেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সভাপতি ছিলেন লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন এবং এন্টোমোলজিক্যাল টেকনিশিয়ান রনবীর আচার্য্য।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্কা চক্রবর্তী বলেন, ‘আলমগীরের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এখনো পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। আমরা স্বাস্থ্য সহকারী সেলিনা আক্তারকে শোকজ করেছি। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে আলমগীর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্বে প্রক্সি দেওয়া, জালিয়াতি ও প্রতারণার নানা অভিযোগ তুলে ধরা হয়। ওই প্রতিবেদনের পর স্বাস্থ্য বিভাগ তদন্ত শুরু করে। তদন্ত কমিটির সুপারিশের পর এখন আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রশাসনের চূড়ান্ত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

আমরা চাই, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠবেন : সারজিস আলম

টাঙ্গাইল প্রতিনিধি
আমরা চাই, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠবেন : সারজিস আলম
বুধবার টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়েই হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রতিটি রাজনৈতিক দলই ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু যদি আপনারা বিবেক ও সম্মান বিসর্জন দেন, তাহলে বাইরে যা-ই হোক না কেন, নিজের বিবেকের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠবেন, রাষ্ট্রের প্রশাসন হয়ে উঠবেন। কোনো রাজনৈতিক দলের চাটুকার হবেন না। রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই দায়িত্ব পালন করবেন।’ 

বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালিহাতী শাজাহান সিরাজ কলেজগেট সংলগ্ন পাভেল মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়

দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, ‘আমরা বাংলাদেশে বাংলাদেশপন্থী সরকার চাই। সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, যদি আবার পুশ ইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তখন আমরা দেখব না কে সরকারে আছে; আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান। আমরা শুধু সেই বাংলাদেশপন্থী সরকারের সঙ্গেই থাকব, যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ওপরে ওপরে জাতীয়তাবাদের কথা বলে ভেতরে ভেতরে কেউ ভারতের সঙ্গে, আবার কেউ অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে দেশের স্বার্থ ক্ষুন্ন করছে। বাংলাদেশের মানুষ আর কোনো ধরনের বিদেশমুখী বা স্বার্থবিরোধী রাজনীতি মেনে নেবে না।’

সারজিস আলম বলেন, ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে এনসিপির এই পদযাত্রা। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

জেলা এনসিপির সদস্য মেহেদী হাসান বিন ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার তুষার, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং কালিহাতী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাসেল মিয়া। এছাড়া কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড
ছবি: কালের কণ্ঠ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রায়হান মিয়া (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া উপজেলার মীরনগর গ্রামের কাউসার মিয়ার ছেলে।

বুধবার (৮জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারায় এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে রায়হান মিয়ার বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক এ দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

দণ্ডাদেশের পর রায়হান মিয়াকে পুলিশি হেফাজতে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।