টাঙ্গাইলের মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন গাড়াইল এলাকার তালুকদার ভিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালী গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে মির্জাপুর উপজেলার থলপাড়া গ্রামের জুয়েল তালুকদারের গাড়াইল এলাকার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয়র সূত্র জানা যায়, সকালে ভাড়া বাসার ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে যান রায়হান। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভবনের মালিক জুয়েল তালুকদার জানান, রায়হান ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। তিনি প্রায় প্রতিদিনই ছাদে টাঙানো পতাকা নামানো ও উত্তোলনের কাজ করতেন। প্রতিদিনের মতো রবিবারও ছাদে গিয়ে পতাকা ধরতে গিয়ে নিচে পড়ে যান।
পরিবারের সদস্যরা জানান, রায়হান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন। ঘটনার দিন সকালে তিনি হঠাৎ করে ছাদে যান এবং কিছুক্ষণ পর নিচে পড়ে যান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিহত ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’




