• ই-পেপার

নোয়াখালীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষ : পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্তবাহিনী মব সৃষ্টি করে : কামরুল হুদা

প্রধানমন্ত্রীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্তবাহিনী মব সৃষ্টি করে : কামরুল হুদা
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মো. কামরুল হুদা বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাঁর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্তবাহিনী মব সৃষ্টি করে চলেছে। এ গুপ্তবাহিনী যে ভাষায় স্লোগান দেয়, মিছিল করে, ছাত্রদলকে তা প্রতিহত করতে হবে। গুপ্ত বাহিনী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। 

শনিবার (৬ জুন) বিকেলে জিয়াউর রহমান বীর উত্তম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌদ্দগ্রাম উপজেলা এবং পৌরসভার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলকে সুসংগঠিত ও গতিশীল করতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গুপ্ত শক্তি ও কিছু চক্র পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা। এ দেশের সফলতা তাদের সহ্য হয় না।

তিনি আরো দাবি করেন- গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

কামরুল হুদা বলেন, অতীতে আমাদের অনেক নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আমাদের কোনো নেতাকর্মীর ওপর অন্যায়ভাবে হামলা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত মিঞা মো. জুবায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, তোফায়েল হোসেন জুয়েল, উপজেলা ছাত্র দলের সভাপতি ফখরুল হাসান, চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্র দলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধুরী, পৌরসভা ছাত্র দলের সাধারণ সম্পাদক গাজী আব্দুল্লাহ আল জোবায়ের রায়হান। 

বিএনপির বহিষ্কৃত নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও

লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির বহিষ্কৃত নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও
ছবি: কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের রায়পুরে ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কৃত নেতা এবাদ উল্যা গাজীর বিরুদ্ধে এক ইতালি প্রবাসীর বাড়ি দখলে নিতে চারপাশে জোরপূর্বক কাঁটাতার দিয়ে ঘেরাও করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৬ জুন) ভুক্তভোগী ইতালি প্রবাসী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম রায়পুর থানায় ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এর আগে শুক্রবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরবংশী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এবাদ উল্যা উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী খাসের হাট এলাকার বাসিন্দা ও ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সভাপতি। অভিযুক্ত অন্যরা হলেন শাকিল কবিরাজ, রাছেল হোসেন ছোটন ছৈয়াল, রায়হান গাজী, ইসমাইল বেপারী, ইয়ামিন দেওয়ান ও অজ্ঞাত ১২ জন। শাকিল উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার এলাকার মৃত জয়নাল কবিরাজের ছেলে ও অন্যরা চরবংশী গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্র জানা যায়, প্রায় ৬ বছর আগে ইতালি প্রবাসী মামুন ঘটনাস্থলে জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে। সম্প্রতি ওই বাড়ি দখলের জন্য এবাদ উল্যা ও শাকিল পাঁয়তারা করে আসছে। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাড়ির টিনের বেড়ার চারপাশে কাঁটাতারের বেড়া লাগিয়ে দেয়। এতে প্রবাসী পরিবার বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে পরিবারের লোকজনকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করে বাদী। এর আগেও গত ডিসেম্বর মাসে বাড়িটি দখলের চেষ্টা করা হয়। তখন রায়পুর থানায় একটি মামলা দায়ের করে প্রবাসী পরিবার।

ভুক্তভোগী রোজিনা বেগম বলেন, শাকিল ও এবাদ আমাদের বাড়ি ঘর দখলে নিতে চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রেখেছে। জমি নিয়ে কোন সমস্যা থাকলে তাদেরকে বৈঠকে বসতে বলা হয়েছে। কিন্তু তারা না বলে বারবার আমার বাড়ি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। দুইদিন ধরে আমরা অবরুদ্ধ হয়ে পড়ে আছি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি।

সাবেক বিএনপি নেতা এবাদ উল্যা গাজী বলেন, শাকিল কবিরাজ লোকজন এনে ওই বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়েছে। জমির বিরোধ নিয়ে উভয়পক্ষকে নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। তখন আমি সালিশি বৈঠকের একজন ছিলাম। সালিশদার হিসেবে ঘটনার দিন আমাকে ডেকেছে, এজন্য আমি সেখানে গিয়েছি। আমি কিছু করিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে শাকিল কবিরাজের মোবাইলফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে পরে কল করার কথা বলে কেটে দেন তিনি।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আত্তাব হোসেন (৬০) নামে এক পল্লী চিকিৎসককে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে। অভিযুক্ত আত্তাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা বলছেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে চিকিৎসক আত্তাবের দোকানে যায়। এসময় কেউ না থাকার সুযোগে চিকিৎসক মেয়েটি ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। 

এ ঘটনা জানাজানির পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রাখে। এসময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ভিকটিম ও তার পরিবার বলছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটি বাড়ি ফেরার পর তার আচরণ দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। আরো নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

তারেক রহমানের চকরিয়া সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি

জনসভায় ৩ লাখ মানুষের সমাগমের আশা

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
তারেক রহমানের চকরিয়া সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি
ছবি: কালের কণ্ঠ

আগামী ১৪ জুন চকরিয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চকরিয়া পৌরসভা বিএনপি। ওই দিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে সফল করতে ইতোমধ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১১টায় ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন। পরে পেকুয়ায় শহীদ ওয়াসীমের কবর জিয়ারত, পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর চকরিয়ায় এসে মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম জানান, জনসভায় চকরিয়া পৌরসভা এলাকা থেকে নারী-পুরুষ মিলিয়ে ৫০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে আগত প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে তারা আশা করছেন।

জনসভা সফল করার লক্ষ্যে শনিবার (৬ জুন) চকরিয়া আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গণে চকরিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতারা জনসভা সফল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ, শৃঙ্খলা রক্ষা এবং আগত মানুষের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিএনপি নেতাদের প্রত্যাশা, ১৪ জুনের জনসভা চকরিয়ার রাজনৈতিক ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবেশে পরিণত হবে এবং এতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসবে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এ সফরসূচি এখনো সম্ভাব্য পর্যায়ে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এতে পরিবর্তন আসতে পারে।