বিশ্বের অন্যতম গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা ইউনিভার্সিটি র্যাংকিং বাই একাডেমিক পারফরম্যান্স (ইউআরএপি) প্রকাশিত ইউআরএপি ওয়ার্ল্ড র্যাংকিং ২০২৫-২০২৬-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ এবং বিশ্বব্যাপী ১,৪৬১তম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এই অর্জন গবেষণা ও একাডেমিক উৎকর্ষে ডিআইইউর ধারাবাহিক অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।
এ বছরের ইউআরএপি ওয়ার্ল্ড র্যাংকিংয়ে বিশ্বের শীর্ষস্থান অর্জন করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। গবেষণার গুণগত মান, প্রকাশনার সংখ্যা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে ইউআরএপি ওয়ার্ল্ড র্যাংকিং।
ইউনিভার্সিটি র্যাংকিং বাই একাডেমিক পারফরম্যান্স (ইউআরএপি) বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা ও একাডেমিক মান মূল্যায়নে ছয়টি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনা করে। এগুলো হলো-
- নাম্বার অব আর্টিকেলস
- সাইটেশন ইমপ্যাক্ট
- টোটাল সায়েন্টিফিক ডকুমেন্টস
- আর্টিকেল ইমপ্যাক্ট টোটাল
- সাইটেশন ইমপ্যাক্ট টোটাল
- ইন্টারন্যাশনাল কোলাবোরেশন
এসব সূচকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার পরিমাণ ও মান, বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক গবেষণায় অবদান মূল্যায়ন করা হয়।
এই অর্জন গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টি, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, উচ্চমানের গবেষণা প্রকাশনা বৃদ্ধি এবং একাডেমিক উন্নতি নিশ্চিত করার ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এটি বাংলাদেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ডিআইইউর অবস্থানকে আরো সুদৃঢ় করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই গৌরবজনক অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অ্যালামনাই, দেশি-বিদেশি অংশীদার এবং সকল স্টেকহোল্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টা, গবেষণায় অবদান এবং একাডেমিক উৎকর্ষের প্রতি অঙ্গীকারই ডিআইইউর এই আন্তর্জাতিক সাফল্যের ভিত্তি তৈরি করেছে।




