বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সদস্য অধ্যাপক ড. এ এস এম গোলাম হাফিজ বলেন, ‘প্রাণিসম্পদ সেক্টর দেশের গুরুত্বপূর্ণ একটি খাত, যা দেশের জিডিপিতে ২ শতাংশ অবদান রাখছে। এ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। যারা আজকে নবীন হিসেবে যাত্রা শুরু করছেন তাদের বলব আপনারা পড়াশোনা চালিয়ে যান এবং আপনাদের মেধা, যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশের জন্য অবদান রাখবেন।’
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কম্বাইন্ড ডিগ্রির (বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজবেন্ড্রি) প্রথম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্সে হলে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অধ্যাপক অধ্যাপক গোলাম হাফিজ আরো বলেন, ‘বাকৃবিতে পড়াশোনার পরিবেশ অত্যন্ত অনুকূল। এখানে যেমন মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে, তেমনি প্রকৃতিকে কাছ থেকে জানারও সুযোগ রয়েছে। আমি আশা করি, শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজবেন্ড্রির ডিন অধ্যাপক ড. মো বাহানুর রহমান, এনিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল ইসলাম খান, বিভাগীয় প্রধান ও অন্য শিক্ষকবৃন্দ।





