বাংলাদেশের রাজধানী ঢাকা আন্তর্জাতিক বিবেচনায় প্রায় বসবাসের অযোগ্য। শহরের বেশির ভাগ নাগরিকের মুখেও শোনা যায় দৈনন্দিন দুর্দশা-দুর্ভোগের কথা। যাতায়াতব্যবস্থা, স্বাস্থ্যসেবার মতো অপরিহার্য পরিষেবার নাকাল দশা। এমন শোচনীয় পরিস্থিতির চিত্রই উঠে এসেছে এবারের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বৈশ্বিক বাসযোগ্যতার জরিপে।
জানা গেছে, বিশ্বের ১৭৩টি শহরের ওপর পরিচালিত জরিপে ইকোনমিস্ট মূলত পাঁচটি সূচক বিবেচনায় নিয়েছে। সেগুলো হলো স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। এই হিসেবে ঢাকার অবস্থান এসে ঠেকেছে ১৭১-এ; এর নিচে শুধু রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক ও লিবিয়ার ত্রিপোলি। গত বছরও এই জরিপে ঢাকার অবস্থান একই ছিল। ৩১.৬ স্কোর নিয়ে ১৭৩তম হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। এর ঠিক ওপরে, ৪১ স্কোর নিয়ে ১৭২তম অবস্থানে রয়েছে লিবিয়ার ত্রিপোলি। আর ৪১.৭ স্কোর নিয়ে ১৭১তম অবস্থানে রয়েছে ঢাকা। এরপর আছে পাকিস্তানের করাচি, ১৭০তম স্থানে। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো তালিকার শীর্ষস্থান বা সবচেয়ে বাসযোগ্য শহর হয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, স্কোর ৯৮। এ ছাড়া তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
এটি অস্বীকার করার জো নেই, রাজধানী ঢাকার বাসযোগ্যতা দিন দিন আরো হ্রাস পাচ্ছে। সবচেয়ে হতাশার দিক হলো, এই গতিমুখ ফেরানোর প্রয়োজনীয় উদ্যোগও দৃশ্যমান হচ্ছে না। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ যেকোনো দাপ্তরিক কাজে সারা দেশের মানুষকে ঢাকামুখী হতে হয়। এর ওপর সিটি করপোরেশন, রাজউক, ওয়াসার মতো সেবা সংস্থাগুলোর দীর্ঘদিনের সমন্বয়হীনতা শহরের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলেছে। অথচ একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য ঢাকার সম্ভাবনা কম ছিল না। রয়েছে সমৃদ্ধ অতীত। চারপাশে রয়েছে নদ-নদী। দেশের মধ্যাঞ্চলে অবস্থান হওয়ায় বেশির ভাগ জেলা থেকে কম সময়ে যাতায়াত করা যায়। কিন্তু পরিতাপের বিষয় হলো, সঠিক পরিকল্পনার অভাবে আজ গোটা শহর ধুঁকছে। চারদিকে দালানকোঠা ঠিকই উঠেছে, উন্নয়নের নামে অনেক কিছুই হয়েছে, কিন্তু মানুষ আজ ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না।
বিশেষজ্ঞদের পরামর্শ, ঢাকাকে বাসযোগ্য করে তুলতে হলে প্রথম শর্ত হলো, ঢাকার ওপর চাপ কমাতে হবে। ঢাকামুখী প্রবণতা কমিয়ে সবকিছু বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ দিতে হবে। এ ব্যাপারে সরকারের সদিচ্ছা জরুরি। নইলে অদূর ভবিষ্যতে ঢাকা পরিত্যক্ত নগরীর তকমাও পাবে।

