• ই-পেপার

আমরণ অনশনে ইবির ২ শিক্ষার্থী

তিন কেজির ইলিশ ৯ হাজারে বিক্রি

ভোলা প্রতিনিধি
তিন কেজির ইলিশ ৯ হাজারে বিক্রি

ভোলার মনপুরা উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ৮০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ। ইলিশটি ঘাটে নিয়ে এলে ডাকে (নিলামে) সর্বোচ্চ দাম ৯ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মাছঘাটের আমানত উল্যাহ আলমগীরের আড়তে এটি ডাকে বিক্রি করা হয়। এর আগে ভোরে রামনেওয়াজ মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে কলাতলীর চরের আবাসন খাল এলাকার জেলে কামাল মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী জানান, তিনি মাছটি ঢাকার মোকামে পাঠাবেন। সেখানে অন্তত ১২ হাজার থেকে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

মাগুরা-নড়াইল সড়কে বাস চলাচল শুরু

মাগুরা প্রতিনিধি
মাগুরা-নড়াইল সড়কে বাস চলাচল শুরু

দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। ট্রিপ ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে ২০১১ সাল থেকে দুই জেলা মালিক সমিতি এ বাস চলাচল বন্ধ রেখেছিল। যে কারণে মাগুরা থেকে নড়াইল যাত্রীরা ঢাকা রোড চাউলিয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া মাগুরার বাসে শালিখা উপজেলার গঙ্গারামপুর পর্যন্ত যেতে পারত। পরে সেখান থেকে নড়াইলের বাসে যেতে হতো। সম্প্রতি মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এ বিষয়ে উদ্যোগ নিয়ে নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেন। শনিবার মাগুরা শহরের চাউলিয়া বাস স্ট্যান্ডে ফিতা কেটে বাস চলাচলের উদ্বোধন করেন।

গাজীপুরে বিটুমিন তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে বিটুমিন তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের পুবাইলে পুরনো টায়ার পুড়িয়ে নকল বিটুমিন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের কলেজগেট এলাকায় অবস্থিত অটো গ্রিনটেক নামের একটি প্রতিষ্ঠানে ওই অগ্নিকাণ্ড ঘটে। এর আগেও ২০১৬ সালের ২৩ জানুয়ারি অবৈধভাবে পরিচালিত ওই কারখানায় আগুন লেগে এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছিল। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন, প্রতিষ্ঠানটি ফায়ার সনদ, পরিবেশ ছাড়াপত্র ছাড়াই অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলছিল। এখানে পরিত্যক্ত টায়ার পুড়িয়ে বিটুমিনজাতীয় এক ধরনের তেল উৎপাদন করা হতো। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

সংক্ষিপ্ত

পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড নামের পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকালে কারখানায় কাজে যোগদানের কিছুক্ষণ পর বমি, তীব্র পেটব্যথা, মাথাঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্ট দেখা দেয়। এতে মুহূর্ত্যের মধ্যে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার একই উপসর্গ নিয়ে ওই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত শ্রমিক, হাসপাতাল ও কারখানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর মাথাঘোরা, বমি, পেটব্যথা, দুর্বলতা ও শ্বাসকষ্টে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন বলে শ্রমিকরা জানান।