• ই-পেপার

কালিহাতীতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি

চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা

নিজস্ব প্রতিবেদক
চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা

অযৌক্তিকভাবে চাকরিচ্যুতি এবং বৈষম্যের শিকার ১৬২ জন সেনা সদস্য এবার পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা। একই প্রক্রিয়ায় রয়েছেন আরো অন্তত ৫০০ জন। গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৈষম্যের শিকার এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির অভিযোগ এনে ১৩ শতাধিক সৈনিক পর্যায়ের বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সেনা সদস্য চাকরি ফিরে পাওয়া অথবা ভূতাপেক্ষ পদোন্নতি ও সুযোগ সুবিধার জন্য আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে গঠিত পর্ষদ কয়েক ধাপের যাচাই-বাছাই সম্পন্ন করে প্রায় ৮৫০টি আবেদনকে যৌক্তিক হিসেবে নির্ধারণ করে। সেখান থেকে পর্যালোচনা পর্ষদ বা কমিটি প্রথম ধাপে প্রায় ৩৫০ জনের আবেদন যাচাই করে প্রায় ১৬২ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি বা সুযোগ-সুবিধা দেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন করেছে।

 

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞিপ্ততে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে উভয় দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

 

বিপিএসএর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
বিপিএসএর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৩ মে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। এতে তৎকালীন মোসলেহ উদ্দিন আহমেদ সভাপতি এবং শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবার সেই কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১০ জন সহসভাপতি, সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ছয়জন সহসাংগঠনিক সম্পাদক, অর্থ, দপ্তর, আইন, আন্ত সার্ভিস সমন্বয়, প্রচার, প্রকাশনা, স্বাস্থ্য, গবেষণা ও উন্নয়ন, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া, সাংস্কৃতিক, মহিলাবিষয়ক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং আপ্যায়ন সম্পাদকসহ সংশ্লিষ্ট সহসম্পাদকের পদ রাখা হয়েছে। এ ছাড়া কমিটিতে ৯৭ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

 

ভানুবিল, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বিনামূল্যে ত্বক স্বাস্থ্যসেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক
ভানুবিল, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বিনামূল্যে ত্বক স্বাস্থ্যসেবা প্রদান

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ভানুবিল, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বিনামূল্যে ত্বক স্বাস্থ্য শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এর লক্ষ্য ছিল অবহেলিত মণিপুরি জাতিগোষ্ঠীসহ আশপাশের গ্রামীণ জনগোষ্ঠীকে সেবা প্রদান করা। বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির (বিএডি) উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল লিগ অব ডার্মাটোলজিক্যাল সোসাইটিজ (আইএলডিএস), ইন্টারন্যাশনাল সোসাইটি অব ডার্মাটোলজি (আইএসডি) ও ওয়েলফেয়ার চার্চে ট্রাস্টের সহযোগিতায় এই স্বাস্থ্যশিবির আয়োজিত হয়।

এই শিবিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা একদল খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যাঁদের মধ্যে ছিলেন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, ডা. সাযিয়া আফরিন, ডা. ফারিয়াল আখশান, ডা. জুয়েল গাজী, ডা. সুমিত্রা দাসগুপ্ত, ডা. ইমরান হাসান এবং ডা. নাজমুল হাসান। তাঁদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণের মাধ্যমে এমন জনগোষ্ঠীর কাছে মানসম্পন্ন চর্মরোগ সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, যারা সাধারণত বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত।

আশপাশের ১০টিরও বেশি গ্রামের দুই শর বেশি রোগী উপস্থিত হয়ে বিনামূল্যে পরামর্শ, চিকিৎসা নির্দেশনা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করে।