• ই-পেপার

বাঁচার লড়াইয়ে সন্তানের জন্য মায়ের আত্মত্যাগ

ইসরায়েল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর

কালের কণ্ঠ ডেস্ক
ইসরায়েল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্রে স্বাক্ষরিত ইসরায়েল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম চুক্তিটি প্রত্যাখ্যান করে বলেছেন, এর পরিবর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকে সই করা উচিত।

গতকাল শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ আল-ফাওকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সিও (এনএনএ) এই হামলার খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের নিরাপত্তাচুক্তি সই করার এক দিন পর এই হামলার খবরটি আসে।

এদিকে গতকাল ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর দখলে থাকা কথিত নিরাপত্তা অঞ্চলে ‘দীর্ঘদিন অবস্থান’ করার জন্য ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি বলেছেন, ইসরায়েল-লেবানন চুক্তিটি ইসরায়েলিদের জন্য সুবিধাজনক হলেও লেবানিজদের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক চুক্তি। সূত্র : আল জাজিরা

ইউরোপের ওপর ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

কালের কণ্ঠ ডেস্ক
ইউরোপের ওপর ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, কোনো ইউরোপীয় দেশ যদি মার্কিন প্রযুক্তি কম্পানিগুলোর ওপর ডিজিটাল সেবা কর (ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স) আরোপ করে, তাহলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইউরোপের বেশ কয়েকটি দেশ এমন কর চালুর পরিকল্পনা করছে এবং কিছু দেশ এটি কার্যকর করার খুব কাছাকাছি রয়েছে।

তিনি জানান, এমন কোনো কর কার্যকর হলে যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে পাল্টা ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলোও কার্যত অকার্যকর হয়ে যাবে। তিনি আরো লেখেন, যে দেশই এই কর আরোপ করবে তাদের যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর অবিলম্বে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

যুক্তরাজ্য ২০২০ সাল থেকেই ২ শতাংশ ডিজিটাল সেবা কর চালু রেখেছে। এই কর মূলত বড় সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মার্কেটপ্লেসগুলোর ওপর প্রযোজ্য, যাদের বৈশ্বিক ডিজিটাল আয় ৫০ কোটি পাউন্ডের বেশি এবং যুক্তরাজ্যে আয় দুই কোটি ৫০ লাখ পাউন্ডের বেশি। এর আওতায় অ্যাপল, গুগল, মেটা ও অ্যামাজনের মতো বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে। সূত্র : বিবিসি

পাকিস্তানে অভিযানে আট ‘সন্ত্রাসী’ নিহত

কালের কণ্ঠ ডেস্ক
পাকিস্তানে অভিযানে আট ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের খারান ও মাস্তুং জেলায় দুটি পৃথক অভিযানে মোট আটজন সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানায়। বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ২৫ ও ২৬ জুন পরিচালিত এই দুটি অভিযান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ ছিল। পাকিস্তান এসব গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করছে।

পাকিস্তান সরকারের দাবি, বেলুচিস্তানভিত্তিক এসব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা রয়েছে এবং তারা পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে ভারত এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। সূত্র : দ্য ডন

ট্রাম্পের ভারত সফর আগামী বছরের প্রথম দিকে

কালের কণ্ঠ ডেস্ক
ট্রাম্পের ভারত সফর আগামী বছরের প্রথম দিকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী বছরের প্রথম দিকে ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ২০২৭ সালের প্রথম দিকে ট্রাম্পের ভারত সফর নিয়ে কাজ করছে ওয়াশিংটন। একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পাদনের দিকে দুই দেশ এগিয়ে যাওয়ায় ভারত-মার্কিন সম্পর্কের ক্রমবর্ধমান গতিকেও তিনি তুলে ধরেন।

গতকাল শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। হোয়াইট হাউসে আইএএনএসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রুবিও বলেন, মার্কিন প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি নিতে রুবিও চলতি বছরের শেষ নাগাদ ভারতে যাওয়ার আশা করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আশা করছি। আমরা এটি সম্পন্ন করার একেবারে শেষ পর্যায়ে আছি এবং বিষয়টি খুবই ইতিবাচক। ওয়াশিংটনও অদূর ভবিষ্যতে কোয়াড নেতাদের আরেকটি বৈঠকের প্রত্যাশা করছে।’

রুবিও বলেন, ‘জি৭ সম্মেলনের ফাঁকে মি. ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সাম্প্রতিক বৈঠকের পর ভারত-মার্কিন সম্পর্ক একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।’ সূত্র : দ্য হিন্দু, রয়টার্স