ইরানকে ঘিরে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের আটকে থাকা কয়েক বিলিয়ন ডলার অর্থ ছেড়ে দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, গত কয়েক সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় পরিসরের আলোচনাও চলছে। সেই আলোচনার শেষ পর্যায়ে এসে বিদেশে আটকে থাকা ইরানের তেল বিক্রির অর্থ ছাড়ের বিষয়টি সামনে এসেছে।
কূটনৈতিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন বিদেশি ব্যাংকে ইরানের কয়েক দশমিক বিলিয়ন ডলার আটকে রয়েছে। সেই অর্থ ছেড়ে দেওয়ার বিষয়টিও আলোচনার অংশ হতে পারে।
রয়টার্সকে দেওয়া তথ্যে দুইটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত মোট ১০ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ছেড়ে দিতে রাজি হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ হস্তান্তর করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
তবে বিষয়টি সম্পর্কে অবগত আরো দুটি সূত্র বলেছে, মোট অর্থের পরিমাণ ২০ বিলিয়ন ডলার পর্যন্তও হতে পারে। তাদের দাবি, ইরান সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলা বন্ধ করার বিনিময়ে এই আর্থিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি পৃথক সূত্র জানিয়েছে, প্রথম ধাপে প্রায় ৩ বিলিয়ন ডলার ইতিমধ্যেই ছাড় করা হয়েছে।
রয়টার্স জানায়, এই অর্থ কোন উৎস থেকে এসেছে তা যাচাই করা যায়নি। অর্থটি সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব তহবিল, দেশটির ব্যাংকে দীর্ঘদিন ধরে আটকে থাকা ইরানের অর্থ, নাকি অন্য কোনো উৎস থেকে এসেছে- সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আরো পড়ুন
জালিয়াতির অভিযোগে কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার
তবে এসব প্রতিবেদনের জবাবে শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেখানে তারা অর্থ মুক্ত করার সব ধরনের দাবি সরাসরি অস্বীকার করে। মন্ত্রণালয় জানায়, ইরানের কোনো জব্দকৃত অর্থ মুক্ত করা হয়নি এবং কোনো অর্থ স্থানান্তরও করা হয়নি। তারা স্পষ্টভাবে আরো বলে, এ ধরনের কোনো আর্থিক লেনদেন বা প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত জড়িত নয়। বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।’ তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আর কোনো ব্যাখ্যা দেয়নি তারা।
এর আগে রয়টার্সের প্রশ্নের জবাবে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা বলেছিলেন, দেশটি সব সময় আঞ্চলিক উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা বজায় রাখার নীতিতে কাজ করে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রনীতি এমনভাবে পরিচালিত হয়, যাতে অঞ্চলে সংঘাত কমে আসে এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়।
তিনি আরো বলেন, ওই অঞ্চলের মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়, সংযুক্ত আরব আমিরাত সেগুলোকে সমর্থন করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্যোগও অন্তর্ভুক্ত।