বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ড্র করে এমনি বিপাকে রয়েছে বেলজিয়াম। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ইরানের। এরই মধ্যে আবার প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ ক্যাম্প ছাড়তে চেয়েছে তারকা উইঙ্গার জেরেমি ডোকু। দলের এমন সময়ে বিশ্বকাপ থেকে বাড়ি ফিরতে চাওয়ায় ব্যাপক সমালোচনার শিকার ২৪ বছর বয়সী এই উইঙ্গার।
বিসিসির প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের এই তারকার স্ত্রী শিরিনের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সন্তান প্রসবের কথা রয়েছে। বিশ্বকাপে টিকে থাকলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে কোয়ার্টারে থাকবে রেড ডেভিলসরা।
ম্যানচেস্টার সিটির ২৪ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘এটা আমার প্রথম সন্তান, তাই আমি অবশ্যই সেখানে থাকতে চাইব’।
তবে বিশ্বকাপ ছেড়ে দেশে ফেরার পরিকল্পনায় তীব্র সমালোচনা করেন ‘লা কিপ’ চ্যানেলের উপস্থাপিকা ফ্রান্স পিয়েরন।
উপস্থাপিকা ফ্রান্স পিয়েরন সমালোচনার পর স্যোশাল প্ল্যাটফর্মে ডোকুকে সমর্থন দিয়েছেন সাবেক স্বর্ণ জয়ী বক্সার ব্রাহিম আসলুম। তিনি লেখেন, ‘একটি শিশু আপনার পুরো জীবন। বিশ্বকাপ যখন শেষ হয়, তখনই তা শেষ।’
গত শনিবার পিয়েরন সমালোচনার জন্য নিজের এক্সে এক পোস্টে ক্ষমা চান।




