• ই-পেপার

অস্ট্রিয়া ম্যাচের আগে ‘মধুর সমস্যা’ আর্জেন্টিনার

ঐতিহাসিক জয়েও কানাডার বিষাদ, ক্যারিয়ার নিয়ে ঝুঁকিতে পা ভাঙা তারকা

ক্রীড়া ডেস্ক
ঐতিহাসিক জয়েও কানাডার বিষাদ, ক্যারিয়ার নিয়ে ঝুঁকিতে পা ভাঙা তারকা
ছবি : রয়টার্স

মুহূর্তটি হতে পারত পরম আনন্দ আর বাঁধভাঙা উদযাপনের। ঠিক ৪০ বছর আগে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলেছিল কানাডা। চার দশক পর ঘরের মাঠে, কানায় কানায় পূর্ণ ভ্যানকুভার স্টেডিয়ামের গর্জনের সামনে কাতারকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের ইতিহাস গড়ল তারা। এই জয়ে শেষ ৩২-এর টিকিটও প্রায় নিশ্চিত ‘দ্য রুকস’দের। কিন্তু এমন এক ঐতিহাসিক ও গৌরবময় দিনকে ম্লান করে দিল ইসমায়েল কোনের এক ক্যারিয়ার হুমকিতে ফেলা ভয়ংকর চোট। পুরো কানাডা শিবিরে এখন আনন্দের চেয়ে কান্নার রোলই বেশি।

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে, কানাডা তখন ৩-০ গোলে এগিয়ে। ২৪ বছর বয়সী তারকা মিডফিল্ডার কোনে বল রিসিভ করার পরপরই কাতারের আসিম মাদিবো অত্যন্ত বিপজ্জনকভাবে তাকে চ্যালেঞ্জ করেন।

কোনে এবং তার আশেপাশের খেলোয়াড়দের তাৎক্ষণিক প্রতিক্রিয়াই বুঝিয়ে দিচ্ছিল কতটা ভয়াবহ ছিল সেই ফাউল। মাঠে লুটিয়ে পড়া কোনের চোখে-মুখে তখন তীব্র যন্ত্রণার ছাপ, পা ভেঙে যাওয়ার দৃশ্যটি ছিল স্পষ্ট। 

সতীর্থরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে ছুটে আসেন, রেফারি দ্রুত খেলা থামিয়ে মেডিকেল টিমকে মাঠে ডাকেন। ওদিকে অপরাধবোধে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন কাতার ডিফেন্ডার মাদিবো। মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে, হাতাহাতির উপক্রম হয়।

চোটের ভয়াবহতা এতটাই ছিল যে, চলতি বিশ্বকাপ তো বটেই, কোনের ফুটবল ক্যারিয়ারই এখন বড় শঙ্কায়। তবে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময়ও গ্যালারির দিকে তাকিয়ে বুড়ো আঙুল উঁচিয়ে দর্শকদের সান্ত্বনা দিতে দেখা যায় এই অকুতোভয় ফুটবলারকে।

ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে কানাডার কোচ জেসি মার্শ বলেন, ‘ঘটনাটি একদম আমাদের চোখের সামনে ঘটেছে। হাড় ভেঙে যাওয়ার শব্দ আমরা সবাই শুনতে পেয়েছি। আমি এখনো ইসমায়েলের সঙ্গে কথা বলতে পারিনি, ও হাসপাতালে আছে। অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।’ 

মার্শ আরো বলেন, ‘চোটের ধরন দেখে দলের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। কোনে আমাদের দলের হৃদপিণ্ড। ওকে হারানো আমাদের জন্য এক বিশাল ক্ষতি।’

তবে কোনের সেই স্ট্রেচারে শুয়ে সমর্থকদের হাত নাড়ার দৃশ্যটি ছুঁয়ে গেছে কোচকে। তিনি বলেন, ‘এটিই ইসমায়েল। আর এই দলটার চরিত্রও অসাধারণ। আমি বছরের পর বছর ধরে এই দলটার মানসিক শক্তির কথা বলে আসছি। সবাই ভেতরে ভেতরে চূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের খেলায় মনোযোগ ধরে রাখতেই হতো।’

মনোযোগ তারা ধরে রেখেছিল ঠিকই। কোনের বিদায়ের পর স্তব্ধ গ্যালারি আর মাঠের খেলোয়াড়রা যেন এক সুতোয় গেঁথে গেলেন। কানাডা আরও তিনটি গোল করে কাতারের জাল ছিন্নভিন্ন করে দেয়। 

দ্বিতীয়ার্ধের পানিবিরতির (হাইড্রেশন ব্রেক) সময় ডাগআউটে কেঁদে ফেলেন কোচ মার্শ। আর কোনের বদলি হিসেবে নামা নাথান সালিবা দলের চতুর্থ গোলটি করার পর কোনের জার্সি উঁচিয়ে ধরে সতীর্থের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।

মার্শ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ও আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে এবং দুর্দান্ত ক্যারিয়ার গড়বে। ওয়াটার ব্রেকের সময় আমি ছেলেদের বলেছিলাম—কোনে চাইত আমরা ম্যাচটা শেষ করি, ছেলেরা সেটাই করেছে।’

মার্শ নিশ্চিত করেছেন যে, কাতারের মাদিবো ম্যাচ শেষে কানাডার ড্রেসিংরুমে এসে কোনের কাছে ক্ষমা চেয়েছেন। মার্শের বলেন, ‘ও ড্রেসিংরুমে এসেছিল দুঃখপ্রকাশ করতে। আমার মনে হয় না ও ইচ্ছা করে এত ভয়ংকর ফাউল করেছে। আমি ওকে দোষ দিচ্ছি না, তবে ওদের ড্রেসিংরুমের বেঞ্চের আচরণ আমি বুঝতে পারিনি।’ 

এই ফাউলের কারণে মাদিবো লাল কার্ড দেখেন। এর আগে প্রথমার্ধে তাজন বুকাননকে ফাউল করে লাল কার্ড পেয়েছিলেন হোমাদ আল আমিন। ফলে ৯ জনের দল নিয়ে ম্যাচ শেষ করতে হয় কাতারকে। 

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ভক্তদের ওপর গুলি, নিহত ১

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ভক্তদের ওপর গুলি, নিহত ১
ছবি : রয়টার্স

বিশ্বকাপের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়জয়কার। কিন্তু মাঠের বাইরের এক রক্তক্ষয়ী ঘটনা এবার বিষাদের ছায়া ফেলল ফুটবল বিশ্বকাপে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, গুলির ঘটনায় আর্জেন্টিনার একদল আমেরিকান সমর্থককে বহনকারী উবারচালক আহত হয়েছেন। এছাড়া পৃথক গুলির ঘটনায় আরো তিনজন আহত ও একজন নিহত হয়েছেন। 

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের প্রায় পাঁচ মাইল এলাকায় পাঁচটি পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা হয় ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে।

ঘটনাস্থলগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত চার মাইল দূরে ছিল।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে দুই আর্জেন্টিনা সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন।

এ সময় একটি গাড়ি তাদের পাশ দিয়ে গিয়ে দুটি গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা মনে করেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে। পরে চালককে আহত অবস্থায় দেখে বিষয়টি বুঝতে পারেন।
ঘটনার পর পুলিশ তাদের থানায় নিয়ে গিয়ে জবানবন্দি নেয়। পরে টহল গাড়িতে করে তাদের স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আহত উবার চালকের অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।

পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে সংঘটিত তিনটি গুলিবর্ষণের সময় সব গাড়িই পূর্ব দিকে যাচ্ছিল। বাকি দুটি ঘটনা ঘটে শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোডে।

এ ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার শরীরে গুলির আঘাত শনাক্ত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা জ্যাকব বেকিনা জানান, ভুক্তভোগীদের সবাই জানিয়েছেন, তারা সড়ক বা মহাসড়কে গাড়ি চালানোর সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল।

তদন্তকারীদের ধারণা, অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব গুলিবর্ষণের পেছনে একই সন্দেহভাজনের হাত রয়েছে।

পরে পুলিশ শহরতলি ইনডিপেনডেন্সের একটি বাড়িতে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। তবে বুধবার সকাল ৮টার দিকে সেখানে প্রবেশ করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, কানসাস সিটি পুলিশ জানিয়েছে, ১১ জুনের একটি অবৈধ অস্ত্র ব্যবহারের মামলায়ও ওই সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ভক্তদের দুঃসংবাদ দিলেন জার্মান গোলরক্ষক নয়্যার

ক্রীড়া ডেস্ক
ভক্তদের দুঃসংবাদ দিলেন জার্মান গোলরক্ষক নয়্যার
ছবি : রয়টার্স

২০২৪ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ বলেছিলেন। কিন্তু কোচ জুলিয়ান নাগেলসম্যানের বিশেষ অনুরোধ আর দেশের টানে ফের গ্লাভস হাতে জাতীয় দলে ফিরে আসেন ম্যানুয়েল নয়্যার। ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের প্রত্যাবর্তন নিয়ে ফুটবলপাড়ায় অনেক গুঞ্জন থাকলেও এবার সব ধোঁয়াশা নিজেই দূর করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, চলমান ২০২৬ বিশ্বকাপই জার্মানির জার্সিতে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে থাকা বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তির এখন একমাত্র লক্ষ্য—দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক মঞ্চ থেকে এক রাজকীয় বিদায় নেওয়া।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে নিজের অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন নয়্যার। তিনি বলেন, ‘আমার কাছে বিষয়টি একেবারে পরিষ্কার যে, জার্মানির হয়ে এটাই আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পর আগামী ইউরোতে খেলার কোনো পরিকল্পনা আমার নেই। গত কয়েক দিন ধরে আমি এই সত্যটা মেনে নিয়েছি যে, এগুলোই দেশের জার্সিতে আমার শেষ ম্যাচ। তবে আমি বিদায়ী কোনো স্মারক বা জার্সির দিকে তাকিয়ে আবেগপ্রবণ হতে চাই না, প্রতিটি ম্যাচ স্রেফ উপভোগ করতে চাই।’

২০২৪ সালে ইউরোর পর নেওয়া অবসরের সিদ্ধান্তটি যে ভুল ছিল না, তা মনে করিয়ে দিয়ে নয়্যার আরো যোগ করেন, ‘তখন ঘরের মাঠে দুর্দান্ত একটা ইউরো খেলে অবসরের সিদ্ধান্ত নেওয়াটা শতভাগ সঠিক ছিল। কারণ গত দুই বছর ধরে জাতীয় দলের এই বাড়তি মানসিক ও শারীরিক চাপ প্রতিনিয়ত নেওয়া আমার পক্ষে সত্যিই কঠিন হতো।’

উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফিরেই নিজের চেনা রূপ দেখিয়েছেন এই বিশ্বস্ত দেয়াল। ফেরার প্রথম ম্যাচেই কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের বিশাল জয়ে দুর্দান্ত অবদান রাখেন নয়্যার। 

রেফারিদের বগলে বিজ্ঞাপন, ফিফার অবিশ্বাস্য বাণিজ্য-কৌশল

ক্রীড়া ডেস্ক
রেফারিদের বগলে বিজ্ঞাপন, ফিফার অবিশ্বাস্য বাণিজ্য-কৌশল
সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জন্য টাকার খনি। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান আসরে ফিফার বাণিজ্যিক আগ্রাসন যেন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আয়ের জন্য প্রতিটি খাতকে যেভাবে নিঙড়ে নেওয়া হচ্ছে, তা ফুটবলপ্রেমীদের যেমন চমকে দিয়েছে, তেমনি সমালোচনার ঝড়ও তুলেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বিশ্বকাপ ম্যাচের প্রতিটি মুহূর্তই বিজ্ঞাপন প্রচারে ব্যয় করছে ফিফা, এমনকি অব্যবহৃত থাকছে না রেফারির বগলও!

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর বরাত দিয়ে জানা গেছে, অতিরিক্ত আয়ের জন্য ফিফা এবার সম্পূর্ণ নতুন ও অদ্ভুত এক পন্থা বেছে নিয়েছে—চতুর্থ রেফারির বগলের অংশে বিজ্ঞাপন বিক্রি করছে তারা। ফুটবল ইতিহাসে নজিরবিহীন এই ‘বগল বিজ্ঞাপন’ মূলত চলতি বিশ্বকাপ থেকে ফিফার প্রত্যাশিত ৮.৯ বিলিয়ন ডলার আয়ের শত শত উৎসের একটি মাত্র।

২০২৩-২০২৬ চক্রে ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাটির লক্ষ্য রেকর্ড ১৩ বিলিয়ন ডলার আয় করা, যার সিংহভাগই আসবে এই বিশ্বকাপ থেকে। এই বিপুল অংকের লক্ষ্যমাত্রা ছুঁতে ফিফা এমন এক কৌশল নিয়েছে, যেখানে আয়ের সামান্য সম্ভাবনা থাকলেও কোনো জায়গা হাতছাড়া করা হচ্ছে না; এমনকি তা যদি হয় রেফারির বগল!

সম্প্রতি ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে এক অভিনব দৃশ্য দেখা যায়। মাঠের পাশে বদলি খেলোয়াড় নামানোর বোর্ড প্রদর্শনের সময় চতুর্থ রেফারির বগলের নিচে ঘাম ও দুর্গন্ধ প্রতিরোধক (অ্যান্টিপারস্পিরেন্ট) ব্র্যান্ড ‘শিওর’-এর লোগো জ্বলজ্বল করছিল। ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের মালিকানাধীন এই ব্র্যান্ডটি মনে করছে, ঘামরোধী পণ্যের প্রচারের জন্য রেফারিদের বগলের চেয়ে উপযুক্ত ও কার্যকর বিজ্ঞাপনস্থল আর হতেই পারে না! জানা গেছে, বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে ‘শিওর’-এর আন্তর্জাতিক ব্র্যান্ড ‘রেক্সোনা’র নাম প্রদর্শিত হবে। এটি কেবল রেফারির বগলেই সীমাবদ্ধ থাকছে না, অতিরিক্ত সময় ও খেলোয়াড় বদলের সংকেত দেওয়া বোর্ডেও শোভা পাচ্ছে।

অবশ্য ফিফা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আপাতত সহকারী রেফারি এবং মূল রেফারিদের বগলে কোনো বিজ্ঞাপন রাখা হয়নি, কেবল চতুর্থ রেফারিদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

বিজ্ঞাপন বাণিজ্যের এখানেই শেষ নয়। এবারের বিশ্বকাপে বাণিজ্যিকীকরণের জন্য একের পর এক নজিরবিহীন ক্ষেত্র সামনে এনেছে ফিফা। এমনকি ম্যাচের প্রতি কোয়ার্টারে যখন নির্ধারিত পানিবিরতি (হাইড্রেশন ব্রেক) দেওয়া হচ্ছে, তখনো বসে নেই সম্প্রচারকারীরা; সেই সময়টুকুতেও টেলিভিশন স্ক্রিনে দেখানো হচ্ছে অতিরিক্ত বিজ্ঞাপন।

বিজ্ঞাপনের পাশাপাশি মাঠের টিকিট ও স্যুভেনির বিক্রি থেকেও দেদারসে টাকা আসছে। গত বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ গোলে জয়ের রোমাঞ্চকর ম্যাচটিতে স্টেডিয়ামের বাইরে বিভিন্ন অফিশিয়াল স্টোরের সামনে দর্শকদের দীর্ঘ সারি দেখা গেছে। ফলে এবার ম্যাচ-ডের আয়ও আগের সব রেকর্ড ভেঙে ফেলার পথে।

তিনটি দেশের যৌথ আয়োজনে চলমান এই প্রতিযোগিতায় এবার সর্বমোট রেকর্ড ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ইতিহাসের সবচেয়ে বড় এই আসর থেকে সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ এবং টিকিট বিক্রির মতো খাত থেকেই আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে ফিফা।