সমাজকে ভালোভাবে গড়তে বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ‘অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিনের সঙ্গে বসুন্ধরা শুভসংঘ গাছের চারাও দিচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। আমার নির্বাচনী এলাকায় বসুন্ধরা শুভসংঘ সেলাই মেশিন বিতরণের মহৎ উদ্যোগ গ্রহণ করায় আমি ধন্যবাদ জানাচ্ছি।’
শুক্রবার (৩ জুলাই) বিকেলে মনোহরদী উপজেলা অডিটরিয়ামে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সেলাই মেশিনের মাধ্যমে আয় করে নারীরা সংসারের হাল ধরতে পারবে। নিজেরা কাপড় সেলাই করে বেচে যাওয়া টাকা সন্তানদের জন্য খরচ করতে পারবেন। এর মাধ্যমে সামগ্রিক সংসারের উন্নতি ঘটবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে জেলা হাসপাতালে ১০ শয্যা করে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও ১০ শয্যা চালু করা হবে। আমরা নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন হচ্ছে, বাকিগুলো ও দ্রুত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির।
বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম মোল্লা বাবুল প্রমুখ।
উপকারভোগীরা জানান, বিনা মূল্যে প্রশিক্ষণের পাশাপাশি সেলাই মেশিন প্রদান তাদের জন্য একটি বড় প্রাপ্তি। অনেকেই দীর্ঘদিন ধরে আয়ের একটি স্থায়ী উৎসের অপেক্ষায় ছিলেন। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ তাদের নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে।
উপকারভোগী আছিয়া আক্তার জানান, এই সেলাই মেশিন কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারব।
তিনি বসুন্ধরা গ্রুপের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সফলতা কামনা করছি।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘আমরা গ্রামীণ নারীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে স্বাবলম্বী করতে তাদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ করেছি। গত ৩ বছরে আমরা সারা দেশে ৩ হাজারের বেশি সেলাই মেশিন বিতরণ করেছি। সেলাই মেশিন ছাড়া ও বিভিন্নভাবে বসুন্ধরা গ্রুপ অসহায়দের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে ও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, ‘আমরা সারা দেশের ন্যায় নরসিংদী জেলার তৃণমূল পর্যায়েও বসুন্ধরা শুভসংঘের শুভকাজগুলো ছড়িয়ে দিচ্ছি। আমরা শিবপুর ও মনোহরদীতে সেলাই মেশিনসহ বিভিন্নভাবে অসচ্ছলদের স্বাবলম্বী করতে সহযোগিতা করেছি। ভবিষ্যতে তা জেলাজুড়ে অব্যাহত থাকবে। বাংলাদেশের সংকটগুলোর সময় বসুন্ধরা শুভসংঘ সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে চলার চেষ্টা করে।’
প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, ‘নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা এখন নিজ বাড়িতে কিংবা ছোট পরিসরে সেলাইয়ের কাজ শুরু করে পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে ভবিষ্যতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করারও সুযোগ তৈরি হবে।’





