• ই-পেপার

সংসদে সরকারদলীয় এমপি

গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে, অস্বস্তিতে ফেলে

বিরোধীদলীয় উপনেতাকে সভাপতি করে সংসদের সরকারি হিসাব কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় উপনেতাকে সভাপতি করে সংসদের সরকারি হিসাব কমিটি গঠন

বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে। চলতি সংসদে এই প্রথম কোনো কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া হলো।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম। পরে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে কমিটি গৃহীত হয়।

প্রস্তাবটি উত্থাপনের সময় চিফ হুইপ জানান, সংবিধান ও সংসদের বিধিবিধান অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে।

সরকারি হিসাব কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারি হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।

উল্লেখ্য, সরকারি হিসাব কমিটি মূলত সরকারি বিভিন্ন হিসাব-নিকাশ এবং ব্যয়ের স্বচ্ছতা তদারকির দায়িত্ব পালন করবে বলে কার্যপ্রণালি বিধিতে উল্লেখ রয়েছে।

ইউরোপে কর্মসংস্থানে আনসার-ভিডিপির নারী সদস্য বাছাই শুরু

নিজস্ব প্রতিবেদক
ইউরোপে কর্মসংস্থানে আনসার-ভিডিপির নারী সদস্য বাছাই শুরু
ছবি : কালের কণ্ঠ

ইউরোপে বৈধ ও নিরাপদ উপায়ে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০০ নারী সদস্য বাছাই কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচিত সদস্যদের ইউরোপের দেশ মলদোভায় কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হবে বুধবার (৮ জুলাই) আনসার সদরদপ্তরে এ কার্যক্রমের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) শহর প্রতিরক্ষা দল (টিডিপি) থেকে সদস্যদের বাছাই করা হচ্ছে। প্রথম ধাপে ঢাকা মহানগর আনসার উত্তর ও পূর্ব জোনের প্রাথমিকভাবে নির্বাচিত ১৩৯ জন নারী সদস্য এতে অংশ নেন।

আনসার কর্তৃপক্ষ জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ রাখতে পাঁচটি পৃথক বাছাই কমিটি গঠন করা হয়েছে। লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই ও মৌখিক পরীক্ষাসহ প্রতিটি ধাপে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

প্রার্থীরা নিজ নিজ স্মার্টফোন ব্যবহার করে গুগল ফর্মের মাধ্যমে অনলাইনে লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে তাদের উচ্চতা, ওজনসহ শারীরিক যোগ্যতা যাচাই এবং পাঁচটি কমিটির সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের সামনে সাক্ষাৎকার নেওয়া হয়।

পরীক্ষার প্রতিটি ধাপের নম্বর বিশেষায়িত সফটওয়্যারে সংরক্ষণ করা হচ্ছে। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে মেধাতালিকা প্রস্তুত করায় মানবীয় হস্তক্ষেপ বা কারচুপির সুযোগ থাকছে না।

প্রথম ধাপ শেষে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা মহানগর আনসার দক্ষিণ ও পশ্চিম জোনের আরো ১৬১ জন নারী সদস্য একই প্রক্রিয়ায় বাছাই পরীক্ষায় অংশ নেবেন।

আনসার সদরদপ্তর জানায়, চূড়ান্তভাবে নির্বাচিতদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে পেশাগত দক্ষতার পাশাপাশি ইউরোপের সমাজ-সংস্কৃতি, কর্মপরিবেশ ও ভাষাগত প্রস্তুতির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, যাতে তারা বিদেশে গিয়ে সফলভাবে কাজ করতে পারেন।

এই উদ্যোগ সফল হলে দালালনির্ভর ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের পরিবর্তে বৈধ, নিরাপদ ও মেধাভিত্তিক জনশক্তি রপ্তানির একটি নতুন মডেল তৈরি হবে। একই সঙ্গে নারীদের কর্মসংস্থান, রেমিট্যান্স বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে।

সংসদে ভূমিমন্ত্রী

খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে

নিজস্ব প্রতিবেদক
খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে

খাসজমি অবৈধ দখলমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমিদস্যুমুক্ত খাসজমি নিশ্চিত করা এবং প্রকৃত ভূমিহীন মানুষের মধ্যে এসব জমি বিতরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যেই সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে খাসজমি উদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কোনো এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারগুলোর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা পর্যন্ত জমি দেওয়ার বিষয়ও বিবেচনা করা হবে।

তিনি বলেন, অতীতে দায়িত্বে থাকা কিছু কর্মকর্তার ব্যর্থতা এবং স্থানীয় ভূমিদস্যুদের দখলের কারণে অনেক সরকারি জমি বেহাত হয়েছে। বর্তমান সরকার সেসব জমি উদ্ধার করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণে কাজ করছে।

তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে উদ্ধার অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি খাসজমি উদ্ধার এবং প্রকৃত ভূমিহীনদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

দেশে বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই : জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক
দেশে বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই : জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি : ভিডিও থেকে নেওয়া।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই। ফলে এসব কেন্দ্রের বিপরীতে কোনো ক্যাপাসিটি চার্জও পরিশোধ করা হচ্ছে না।

আজ বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩)-এর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তবে তিনি জানান, শাহজিবাজার পাওয়ার কম্পানি লিমিটেডের ৮৬ মেগাওয়াট এবং আশুগঞ্জের প্রিসিশন এনার্জি লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ শেষ হওয়ার পর ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি নবায়ন করা হয়েছে এবং কেন্দ্র দুটি বর্তমানে চালু রয়েছে।

সংসদে মন্ত্রী জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর শাহজিবাজার পাওয়ার কম্পানি লিমিটেড (৮৬ মেগাওয়াট) এবং প্রিসিশন এনার্জি লিমিটেড, আশুগঞ্জের (৫৫ মেগাওয়াট) সঙ্গে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি নবায়ন করা হয়েছে এবং কেন্দ্র দুটি বর্তমানে পরিচালিত হচ্ছে।

ক্যাপাসিটি চার্জ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু না থাকায় এসব কেন্দ্রের বিপরীতে কোনো ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হচ্ছে না।

এ ছাড়া বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সরকারের বিদ্যমান কোনো চুক্তিও নেই বলেও জানান জ্বালানিমন্ত্রী।