খাসজমি অবৈধ দখলমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমিদস্যুমুক্ত খাসজমি নিশ্চিত করা এবং প্রকৃত ভূমিহীন মানুষের মধ্যে এসব জমি বিতরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যেই সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে খাসজমি উদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কোনো এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারগুলোর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা পর্যন্ত জমি দেওয়ার বিষয়ও বিবেচনা করা হবে।
তিনি বলেন, অতীতে দায়িত্বে থাকা কিছু কর্মকর্তার ব্যর্থতা এবং স্থানীয় ভূমিদস্যুদের দখলের কারণে অনেক সরকারি জমি বেহাত হয়েছে। বর্তমান সরকার সেসব জমি উদ্ধার করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণে কাজ করছে।
তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে উদ্ধার অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি খাসজমি উদ্ধার এবং প্রকৃত ভূমিহীনদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।



