বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এখন আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে তার উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে শুরু হয়েছে জল্পনা।
প্রশ্ন উঠেছে, মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছেন নোরা?
এই গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে। সে সময় মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনসের একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে, তিনি নাকি এক ‘রহস্যময় ফুটবলারের’ জন্যই মাঠে গিয়েছিলেন।
পরবর্তীতে ভারতীয় একাধিক প্রতিবেদনে সেই ফুটবলারের নাম হিসেবে উঠে আসে মরক্কো জাতীয় দল ও প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর ডিফেন্ডার আশরাফ হাকিমির নাম। যদিও এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি।
গুঞ্জনে আরো ইন্ধন জোগায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ঘটনা। ভক্তদের দাবি, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছেন। এর পর থেকেই দুজনকে নিয়ে সম্পর্কের জল্পনা আরো ছড়িয়ে পড়ে।

এদিকে আজ ভোরে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ দেখতে সরাসরি মাঠে উপস্থিত হয়েছিলেন নোরা ফাতেহি। মরক্কো দলকে সাপোর্ট করে ম্যাচের প্রায় প্রতি মুহূর্তেই রিলস ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
ম্যাচ শুরুর সময় মরক্কো তারকাদের একটি ভিডিও শেয়ার করে নোরা লিখেন, ‘আমাদের খেলোয়াড়রা এখানে’। এরপর মরক্কো ব্রাজিলকে একটি গোল দেওয়ার পর সেটি নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন, শেয়ার করেন ভিডিও। এরপর ব্রাজিল যখন মরক্কোকে গোল দেয় সেই ভিনিসিয়াসের গোলের ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নো’।
তবে এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—কেউই প্রেমের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের একসঙ্গে তোলা কোনো ছবি, যৌথ উপস্থিতি কিংবা আনুষ্ঠানিক বিবৃতিও সামনে আসেনি, যা প্রেমের সম্পর্কের দাবি নিশ্চিত করে। ফলে বিষয়টি বর্তমানে কেবল গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
বিনোদন অঙ্গনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়া নতুন নয়। একটি ‘লাইক’, একই অনুষ্ঠানে উপস্থিতি কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ থেকেও প্রায়ই নানা জল্পনা তৈরি হয়।
আশরাফ হাকিমি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান রয়েছে। ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে দুজনই সন্তানদের যৌথভাবে লালন-পালনের সিদ্ধান্ত নেন।
বিচ্ছেদের পর হাকিমির সঙ্গে ডাচ-মরোক্কান সুপারমডেল ইমান হাম্মামের সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যায়। যদিও তারা কখনোই সেই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু স্বীকার করেননি।
সব মিলিয়ে নোরা ফাতেহি ও আশরাফ হাকিমিকে ঘিরে কৌতূহল বাড়লেও, এখন পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।




