• ই-পেপার

এলো জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির ঘোষণা

ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি

বিনোদন ডেস্ক
ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
সংগৃহীত ছবি

তারকাদের এক ঝলক দেখতে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই উচ্ছ্বাস কখনো কখনো নিরাপত্তার জন্যও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সম্প্রতি একটি প্রচারণামূলক অনুষ্ঠানে এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ দর্শকপ্রিয়তা ও বক্স অফিস সাফল্যের কারণে আজও আলোচিত। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নতুন কাস্ট নিয়ে নির্মিত হয়েছে ‘ককটেল ২’, যেখানে অভিনয় করেছেন শহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা। সিনেমাটি মুক্তির আগে চলছে জোর প্রচারণা, আর সেই প্রচারণার এক অনুষ্ঠানেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।

অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় প্রিয় তারকাদের ঘিরে ভিড় করেন অসংখ্য ভক্ত। সেলফি ও কাছ থেকে দেখার আগ্রহে মুহূর্তেই চারপাশে তৈরি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীদেরও বেশ বেগ পেতে হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে রাশমিকাকে নিরাপদে এগিয়ে নিতে কৃতি শ্যানন দুই হাত দিয়ে তাকে আগলে রাখছেন। নিরাপত্তাকর্মীদের সহায়তায় দুজন গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময়ও কয়েকজন ভক্ত তাদের খুব কাছাকাছি চলে এসে ছবি তোলার চেষ্টা করেন। এতে কিছু সময়ের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অতিরিক্ত ভিড় ও ব্যক্তিগত পরিসরের প্রতি অসচেতন আচরণের সমালোচনা করেছেন। একই সঙ্গে রাশমিকার প্রতি কৃতি শ্যাননের যত্নশীল ও সহায়ক মনোভাবের প্রশংসাও করেছেন অসংখ্য নেটিজেন।

তারকাদের জনপ্রিয়তার কারণে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নতুন নয়। এর আগেও বিভিন্ন অনুষ্ঠান ও জনসমাগমে ভক্তদের অতিরিক্ত উচ্ছ্বাসের কারণে অনেক অভিনেতা-অভিনেত্রীকে নিরাপত্তাজনিত সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সাম্প্রতিক এই ঘটনাও সেই আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে।
 

মাথা মুড়িয়ে নতুন লুকে সালমান, নেপথ্যে কী?

বিনোদন ডেস্ক
মাথা মুড়িয়ে নতুন লুকে সালমান, নেপথ্যে কী?
সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার সালমান খান হঠাৎই এক ভিন্ন লুকে প্রকাশ্যে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মাথা মুড়িয়ে জনসমক্ষে হাজির হওয়া অভিনেতার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের অনেকের মনে ফিরে এসেছে তার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘তেরে নাম’-এর ‘রাধে’ চরিত্রের স্মৃতি।

কালো পোশাকে, ছিমছাম দাড়ি আর ন্যাড়া মাথায় সালমানের এই উপস্থিতি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নতুন এই লুক দেখে নেটিজেনদের একটি বড় অংশ ‘তেরে নাম’-এর সম্ভাব্য সিক্যুয়াল নিয়ে জল্পনা শুরু করেছেন।

সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, ‘তেরে নামের স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে।’ আবার কেউ লিখেছেন, ‘খুব শীঘ্রই আসছে।’ যদিও এসবই ভক্তদের কল্পনা ও প্রত্যাশা; এ বিষয়ে সালমান খান বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

May be an image of one or more people and leather

সম্প্রতি আমির খান প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে আমির খান ও কারিনা কাপুরের সঙ্গে হাসিমুখে আলোকচিত্রীর ক্যামেরায় পোজ দেন তিনি। সেই মুহূর্তের ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

তারকাবহুল এই আয়োজনে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেখা, কাজল, জুহি চাওলা, ইমরান খানসহ আরও অনেকে।

এদিকে অভিনেতাকে ঘিরে আরেকটি আলোচনাও চলছে। রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনাকে কেন্দ্র করে পরিচালক ভারত শ্রীনাথ একটি চলচ্চিত্র নির্মাণ করছেন বলে জানা গেছে। সেই গল্পে সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় তুলে ধরা হয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

এ নিয়ে সিনেমাটির প্রচার ও মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা বলেও খবর প্রকাশিত হয়েছে।

‘ও এখন আরো ছোট হয়ে গেছে’, শাকিবকে দেখে মুগ্ধ পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক
‘ও এখন আরো ছোট হয়ে গেছে’, শাকিবকে দেখে মুগ্ধ পূর্ণিমা
সংগৃহীত ছবি

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়েছেন ভক্তরা। একটি টেলিভিশন অনুষ্ঠানে হঠাৎ দেখা হওয়ায় পুরোনো দিনের স্মৃতি, হাসি-আড্ডা আর খুনসুটিতে জমে ওঠে পুরো পরিবেশ।

শনিবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মুখোমুখি হন দুই তারকা। দীর্ঘ বিরতির পর একে অপরকে দেখে আন্তরিক অভ্যর্থনা জানান তারা। আলাপচারিতার একপর্যায়ে শাকিব খানকে দেখে মজার মন্তব্য করেন পূর্ণিমা।

হাসিমুখে তিনি বলেন, ‘তাকে আমি যা দেখেছি, তার থেকে তো ও এখন অনেক ছোট হয়ে গেছে। আরো বেশি ছোট। তার যতগুলো ছবি আছে, আমি কিন্তু দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।’

পূর্ণিমা জানান, একসঙ্গে নিয়মিত কাজ না হলেও শাকিব খানের নতুন সিনেমা ও ক্যারিয়ারের অগ্রগতি তিনি আগ্রহ নিয়ে অনুসরণ করেন। দেশীয় সিনেমার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শাকিবের উপস্থিতি তার নজরে এসেছে।

এ সময় আরো একটি মজার মন্তব্য করে পূর্ণিমা বলেন, ‘আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরো ভালো লাগত।’

এক সময় ঢালিউডের অন্যতম সফল জুটি ছিলেন শাকিব খান ও পূর্ণিমা। ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ ও ‘বাধা’সহ তাদের একাধিক সিনেমা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে দুজনের কর্মব্যস্ততা ভিন্ন পথে গেলেও পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক যে অটুট রয়েছে, সাম্প্রতিক এই সাক্ষাৎ তারই ইঙ্গিত দিয়েছে।

জানা গেছে, একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে গিয়েছিলেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে বিশেষভাবে সাজানো হয়েছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানের আবহে বাজানো হয় জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’, যা পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে।

সেই মুহূর্তে মজার ছলে পূর্ণিমা বলেন, ‘আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো। দুষ্টু দুষ্টু প্রশ্ন করবো।’ জবাবে হেসে শাকিব খান বলেন, ‘যা ইচ্ছা করো।’

দুই তারকার এই পুনর্মিলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আবারও তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

কবে ঢাকার মঞ্চে গাইবেন অনুপম রায়?

বিনোদন ডেস্ক
কবে ঢাকার মঞ্চে গাইবেন অনুপম রায়?
সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়কে নিয়ে আবারও উচ্ছ্বসিত ঢাকার সংগীতপ্রেমীরা। দেশের শীর্ষস্থানীয় টি ব্র্যান্ড সিলনের উদ্যোগ এবং আয়োজনে আবারও ঢাকার মঞ্চ মাতাবেন এই গায়ক। 

জানা গেছে, আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘দি অনুপম রায় ব্যান্ড’ একটি বিশেষ লাইভ কনসার্টে সংগীত পরিবেশন করবে। 

আয়োজকরা জানান, এই আয়োজন দর্শকদের জন্য হয়ে উঠবে স্মরণীয় এক সংগীত সন্ধ্যা।

এর আগে ২০২৫ সালে বিশ্বখ্যাত জাল ব্যান্ড ও বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজের লাইভ কনসার্টে টি পার্টনার হিসেবে অংশ নেয় সিলন। এ ছাড়া ২০২৬ সালের মার্চে আয়োজিত তিন দিনব্যাপী রিকশা ফেস্টিভ্যালের মুখ্য পৃষ্ঠপোষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি।

আয়োজকদের বিশ্বাস, অনুপম রায়ের সুর ও গানে মুখরিত এই বিশেষ সন্ধ্যায় সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তৈরি হবে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা।