• ই-পেপার

মুখোমুখি দেখায় ব্রাজিল নাকি মরক্কো এগিয়ে

যার পরিচালনায় বিশ্বকাপে হারেনি সেই রেফারিকে প্রথম ম্যাচে পাচ্ছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
যার পরিচালনায় বিশ্বকাপে হারেনি সেই রেফারিকে প্রথম ম্যাচে পাচ্ছে আর্জেন্টিনা
মেসিদের প্রথম ম্যাচে রেফারি মার্চিনিয়াক। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিল আর্জেন্টিনা এবার সেখান থেকেই যেন শুরু করবে। শুরুর বাক্য পড়ে অনেকে হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। চলেন বিষয়টা পরিষ্কার হই।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে সেদিন বাঁশি থাকবে রেফারি সাইমন মার্চিনিয়াকের হাতে। কাতার বিশ্বকাপের ফাইনালেও ছিলেন পোল্যান্ডের এই রেফারি। লুসাইল স্টেডিয়ামে সেদিন রোমাঞ্চকর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

এবার শিরোপা ধরে রাখার মিশনের শুরুতে মার্চিনিয়াককে পাচ্ছে আর্জেন্টিনা। তাই বলা হচ্ছে বিশ্বকাপের যেখানে শেষ করেছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা, এবার সেখান থেকেই শুরু করছে আলবিসেলেস্তারা। মার্চিনিয়াক সহকারী হিসেবে পাচ্ছেন দুই স্বদেশি তমাস লিস্টকেভিচ ও আদাম কুপসিককে। চতুর্থ ও রিজার্ভ রেফারি হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের দুই অফিশিয়াল ক্যাম্পবেল-কিল্ক কাওয়ানা-ওয়া এবং আইজ্যাক ট্রেভিস।

এর আগে আর্জেন্টিনার তিন ম্যাচ পরিচালনা করেছেন মার্চিনিয়াক। প্রথমবার ২০১৮ বিশ্বকাপে লিওনেল মেসিদের প্রথম ম্যাচে, প্রতিপক্ষ ছিল আইসল্যান্ড। সেবার ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। বাকি দুটি কাতার বিশ্বকাপে। ফাইনালের কথা তো আগেই বলা হয়েছে। বাকিটি হচ্ছে নকআউট ম্যাচে। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। অর্থাৎ, মার্চিনিয়াক ছিলেন এমন ম্যাচে কখনো হারেনি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার মেসিদের ভাগ্যে কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

জুলকান ইনডোর অ্যারেনায় শেষ হলো ‘জুলকান বিটডাউন’

ক্রীড়া প্রতিবেদক
জুলকান ইনডোর অ্যারেনায় শেষ হলো ‘জুলকান বিটডাউন’
বাংলাদেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের খেলোয়াড়রা। সৌজন্য ছবি

বাংলাদেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের ইতিহাসে এক রোমাঞ্চকর মাইলফলক স্পর্শ করলো অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট ‘জুলকান বিটডাউন’ (Zulcan Beatdown)। গতকাল, ১৩ জুন ঢাকার জুলকান ইনডোর অ্যারেনায় দর্শকদের উপচে পড়া ভিড় এবং তুমুল উন্মাদনার মধ্য দিয়ে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে।

দুপুর ঠিক ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই টুর্নামেন্টে বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (MMA) এবং কিকবক্সিংয়ের কেইজে (খাঁচায়) নিজেদের দক্ষতার প্রমাণ দিতে প্রথমবারের মতো রিংয়ে নামেন একঝাঁক প্রতিভাবান তরুণ ও তরুণী ক্রীড়াবিদ। ১৮টি হাই-ভোল্টেজ লড়াই ও দর্শকদের উন্মাদনায় এই আয়োজন ছিল জমজমাট।

দেশীয় কমব্যাট স্পোর্টস প্রতিভাবানদের সঠিক ও আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম প্রদানের লক্ষ্যে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সম্পূর্ণ টুর্নামেন্টে বিভিন্ন ওজন শ্রেণিতে পুরুষ ও নারী প্রতিযোগীদের মধ্যে মোট ১৮টি রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হয়।

খেলোয়াড়দের আক্রমণাত্মক লড়াই, নিখুঁত রণকৌশল এবং অদম্য সাহসিকতার সাক্ষী হন হাজারো দর্শক। খাঁচার ভেতরের এই হাড্ডাহাড্ডি লড়াই দেশের মার্শাল আর্টসের ভবিষ্যৎ সম্ভাবনার এক উজ্জ্বল চিত্র তুলে ধরেছে। কমব্যাট স্পোর্টসের নতুন হাব ‘জুলকান ইনডোর অ্যারেনা’য় এটি অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্টটি বাংলাদেশে কমব্যাট স্পোর্টস সংস্কৃতির দ্রুত বিকাশকে আরো একবার প্রমাণ করল।

ক্রীড়া প্রেমী, দর্শক এবং প্রশিক্ষকরা খেলোয়াড়দের অসাধারণ স্ট্যামিনা এবং খাঁচার ভেতরের পেশাদার আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। এই আয়োজনের মাধ্যমে জুলকান ইনডোর অ্যারেনা আগামী দিনের বিশ্বমানের মার্শাল আর্টস চ্যাম্পিয়ন তৈরির প্রধান কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যৎ চ্যাম্পিয়ন তৈরিতে অ্যামেচার ফাইটের গুরুত্ব হবে অপরিসীম। 

এই আয়োজনটি নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন দেশের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ প্রসঙ্গে বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অব অপারেশন্স মাসুদুর রহমান মান্না বলেন, ‘ভবিষ্যতে প্রফেশনাল ফাইটার পেতে হলে আমাদের অ্যামেচার ফাইটকে সবচেয়ে বেশি উৎসাহ দিতে হবে। বাংলাদেশের প্রায় সব কমব্যাট জিমকে সঙ্গে নিয়ে অ্যামেচার ফাইটকে এনকারেজ (উৎসাহিত) করার জন্যই আজকের এই বিশেষ আয়োজন।’

আয়োজকদের প্রত্যাশা, এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা লড়াকু যোদ্ধারাই একদিন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে গৌরবের সঙ্গে তুলে ধরবেন।

রোনালদোকে জড়িয়ে ধরে কান্না, কে এই তরুণী?

ক্রীড়া ডেস্ক
রোনালদোকে জড়িয়ে ধরে কান্না, কে এই তরুণী?

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যেও। বিশ্বকাপের বড় বড় তারকারা এখনো মাঠে নামেনি। মাঠ মাতানোর আগেই ভাইরাল পতুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এক তরুণী ভক্ত রোনালদোর সঙ্গে দেখে সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। মুর্হূতে নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিও।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিআরসেভেনের সঙ্গে দেখা করতে পর্তুগালের ট্রেনিং ক্যাম্পের বাইরে অপেক্ষা করছিলেন বেলজিয়ামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর সেলিন ডেপ্ট। রোনালদোকে দেখেই আবেগ ধরে রাখতে পারেননি এই জনপ্রিয় ইউটিউবার। কান্নায় ভেঙে পড়েন তিনি। তার পরই তারকা ফুটবলারকে জড়িয়ে ধরেন। তৈরি হয় বিশেষ এক আবেগঘন মুর্হূত।

সেলিনকে কাঁদতে দেখে রোনালদো বলেন, ‘কেঁদো না।’ জবাবে আবেগপ্রবণ সেলিন বলেন, ‘সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে এক বিরাট অনুপ্রেরণা।’ 

এর পরে রোনালদোর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেন সেলিন। পর্তুগিজ অধিনায়ক হাসিমুখে সেই অনুরোধ মেনে নেন। 

কে এই সেলিন ডেপ্ট?

সেলিন ডেপ্ট বেলজিয়ামের একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তিনি মূলত ইউটিউব এবং টিকটকে কনটেন্ট তৈরি করেন। ক্যারিয়ারের শুরুর দিকে ফুটবলও খেলেছেন। বর্তমানে বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকাদের একজন তিনি। টিকটকে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। অন্যদিকে ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় ৬ কোটি।

২৬ বছর বয়সি সেলিন এর আগে বিশ্বের বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে কনটেন্ট তৈরি করেছেন। সেই তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং নেইমারের মতো ফুটবলাররা। এবার রোনালদোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় ২ কোটি টাকা বোনাস পেলেন ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় ২ কোটি টাকা বোনাস পেলেন ক্রিকেটাররা
প্রথম ওয়ানডেতে মুস্তাফিজ উইকেট নেওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : কালের কণ্ঠ

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাতে অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর নজির গড়েছে বাংলাদেশ। ধবলধোলাইয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামার আগে বড় সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরা।

সিরিজ জেতায় আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার প্রেসসচিব আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ। তাতে ২১ বছরের অপেক্ষা ফুরায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রথম এবং সর্বশেষ জয়টি ২০০৫ সালে পেয়েছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে সিরিজ নিজের করে নিয়েছে বাংলাদেশ।

আগামীকাল সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে। ম্যাচটি যথারীতি মিরপুরেই। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সিরিজটি হচে চট্টগ্রামে। সূচি অনুযায়ী ম্যাচ ১৭, ১৯ ও ২১ জুন।