• ই-পেপার

মাইকেল

জাদুর পুনর্জন্ম, নাকি কিংবদন্তির ‘নিয়ন্ত্রিত’ চিত্রায়ণ?

অপূর্ব-ইয়াশের রহস্যময় ‘হেডলাইন’ কবে আসছে?

বিনোদন প্রতিবেদক
অপূর্ব-ইয়াশের রহস্যময় ‘হেডলাইন’ কবে আসছে?
সংগৃহীত ছবি

প্রথমবারের মতো একই ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে। ‘হেডলাইন’ শিরোনামের এই সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক সালেহ সোবহান অনীম। 

হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে সিরিজটির প্রথম পোস্টার, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

প্রকাশিত পোস্টারে ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরিহিত অবস্থায় দেখা যায় অপূর্ব ও ইয়াশ রোহানকে। তাদের চোখে-মুখের তীক্ষ্ণ অভিব্যক্তি যেন কোনো অজানা সত্যের অনুসন্ধানের ইঙ্গিত দিচ্ছে। পোস্টারের নকশায় দুজনকে পুরোনো খবরের কাগজের স্তূপ ছিঁড়ে বেরিয়ে আসতে দেখা যায়, যা একটি চাপা পড়ে থাকা চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচনের আভাস দেয়।

পুরো পোস্টারজুড়ে পুরোনো সংবাদপত্রের ব্যবহার সাংবাদিকতা ও অনুসন্ধানমূলক গল্পের আবহকে আরও শক্তিশালী করেছে। গাঢ় রঙের ব্যবহার এবং রহস্যময় উপস্থাপনা দর্শকদের মনে প্রশ্ন তৈরি করছে—কোন খবর বা কোন ‘হেডলাইন’-এর পেছনে ছুটছেন এই দুই চরিত্র? সেই উত্তর মিলবে আগামী ২৫ জুন।

সিরিজটিতে অপূর্ব ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরো অনেক শিল্পী।

সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানা অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে রকম গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের আমরা ঠিক সেই ধরণের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’

জানা গেছে, আগামী ২৫ জুন হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘হেডলাইন’। 

হঠাৎ অপু বিশ্বাসের রহস্যময় বার্তা

বিনোদন ডেস্ক
হঠাৎ অপু বিশ্বাসের রহস্যময় বার্তা
সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি বরাবরই ভক্তদের নজর কাড়ে। বিভিন্ন প্রচারণামূলক কাজ ও ব্যক্তিজীবন ঘিরে আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে গাঢ় বেগুনি রঙের শাড়িতে দেখা যায়, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ শাড়িটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এর সঙ্গে গলায়, কানে ও হাতে মানানসই গয়না পরায় তার সাজে ফুটে উঠেছে এক রাজকীয় আবহ, যা অনেকের কাছেই বিয়ের সাজের কথা মনে করিয়ে দিয়েছে।

ছবির সঙ্গে একটি দার্শনিক বার্তাও জুড়ে দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’

May be an image of one or more people, henna and wedding

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইতে শুরু করে। অনেকেই তার সৌন্দর্য ও আভিজাত্যপূর্ণ সাজের প্রশংসা করেছেন।

তবে প্রশংসার পাশাপাশি কিছু নেটিজেন সাম্প্রতিক ব্যক্তিগত আলোচনার প্রসঙ্গও টেনে এনেছেন। সম্প্রতি অভিনেত্রী বুবলী জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে শাকিব খান এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অপু বিশ্বাসের নামও উল্লেখ করছেন। কারণ, বুবলীর আগে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন অপু বিশ্বাস। তাদের সংসারে একমাত্র ছেলে আব্রাম খান জয় রয়েছে। ফলে নতুন এই পারিবারিক আলোচনার মধ্যেও অপুর সাম্প্রতিক পোস্টটি নেটিজেনদের মধ্যে বাড়তি কৌতূহলের জন্ম দিয়েছে।

বাপ্পারাজের সরে দাঁড়ানোয় সভাপতি প্রার্থী কে হচ্ছেন?

বিনোদন প্রতিবেদক
বাপ্পারাজের সরে দাঁড়ানোয় সভাপতি প্রার্থী কে হচ্ছেন?
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে পরে সরে দাঁড়ান চিত্রনায়ক বাপ্পারাজ। 

এরপর সেই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রের পরিচিত ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

আরমান ও মুক্তি দুজনই তাদের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শিল্পী সমিতির এই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্যানেল ও প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে।

শিল্পী সমিতির বিভিন্ন মেয়াদে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আরমান। সর্বশেষ তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তবে এবারই প্রথম সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি।

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে আরমান বলেন, ‘সিনিয়র ও জুনিয়র শিল্পীদের উৎসাহেই সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। অতীতে শিল্পীরা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, এবারও তাদের আস্থা পাব বলে আশা করছি। শিল্পী সমিতি ঘিরে আমাদের বেশকিছু পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে সেগুলো বাস্তবায়নে কাজ করব।’

এর আগে বাপ্পারাজ সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং রুমানা ইসলাম মুক্তিকে সঙ্গে নিয়ে প্যানেল গঠনের কথাও জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এদিকে আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কামাল মো. কিবরিয়া লিপু। আর আপিল বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ছটকু আহমেদকে।

কুদৃষ্টি নিয়ে সতর্কবার্তা দিলেন মিথিলা

বিনোদন প্রতিবেদক
কুদৃষ্টি নিয়ে সতর্কবার্তা দিলেন মিথিলা
সংগৃহীত ছবি

কুদৃষ্টি বা ‘ইভিল আই’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাবনাপ্রসূত বার্তা শেয়ার করেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। নিজের পোস্টে তিনি কাছের মানুষদের মধ্যেও ঈর্ষা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে পারে বলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

স্ট্যাটাসে মিথিলা লেখেন, “কুদৃষ্টি অপরিচিতদের কাছ থেকে আসে না। এটা আসে আপনার টেবিলে বসে থাকা মানুষগুলোর কাছ থেকে; যারা আপনার মুখের দিকে তাকিয়ে হাসে, কিন্তু আপনার জয়ে তাদের বুকের ভেতর অন্য রকম এক অনুভূতি হয়। যারা আপনার জীবন সম্পর্কে জানতে চায়, আপনাকে অভিনন্দন জানাতে নয়, বরং আপনাকে পরখ করে দেখতে। যারা মুখে ‘মাশাআল্লাহ’ বলে, কিন্তু মন থেকে তা বলে না। আল্লাহ আপনাকে যা দিয়েছেন, তা নিয়ে নীরব থেকে সেটিকে রক্ষা করুন।”

No photo description available.

তিনি আরো লেখেন, ‘কুদৃষ্টি একটি বাস্তব বিষয়। তাই আপনার রিজিক রক্ষা করুন, আপনার সম্পর্ক রক্ষা করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপ রক্ষা করুন। যারা আপনার স্বপ্নগুলোর কথা জানে, তাদের সবাই সেগুলোর সফলতা কামনা করে না।’

মিথিলার এই বক্তব্যে ব্যক্তিগত সাফল্য, সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করে সংযত থাকার পরামর্শ উঠে এসেছে। 

তার মতে, সব হাসিমুখই আন্তরিকতার প্রতীক নয়; অনেক সময় কাছের মানুষদের মধ্যেও ঈর্ষা বা নেতিবাচক মনোভাব লুকিয়ে থাকতে পারে।