• ই-পেপার

চার দিন ১০ ঘণ্টা করে মিরপুরের যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

মগবাজারে বাস চাপায় নিহত পথচারীর পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
মগবাজারে বাস চাপায় নিহত পথচারীর পরিচয় শনাক্ত
ফাইল ছবি

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে বাসের চাপায় নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তি হলেন, পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেকুটিয়া গ্রামের মৃত ইউসুফ মল্লিকের ছেলে এ আর আকতারুল আলম (৬৫)।

আকতারুল আলম ওষুধের ব্যবসা করতেন। মেরুল বাড্ডার ডিআইডি প্রজেক্টের ৯ নম্বর রোডের ১৫ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার ইমাম মাহাদী নামের একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ররিবার (৭ জুন) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট মোড়ে এক মোটরসাইকেল চালকের সঙ্গে আকতারুল আলমের কথা-কাটাকাটি হয়। তর্কাতর্কির একপর্যায়ে ওই চালক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে আজীমের গ্লোরী পরিবহন নামের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত  সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আল-আমিন জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে বাসের চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে বাসের চাপায় পথচারী নিহত
সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ মোটরবাইক চালককে আটক করেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক ওই সময়ই আজীমের গ্লোরী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন বলেন, ‘নিহতের মরদেহ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আমরা তার স্বজনদের খবর দিয়েছি। স্বজনেরা এলে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যাবে।’

এসআই আল-আমিন আরও জানান, এ ঘটনায় জাহিদ নামের ওই মোটরসাইকেল চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ধানমণ্ডিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ধানমণ্ডিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সেতুর কাছে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) সকালে ধানমণ্ডি থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাইনুল হাসান (২৩), ইব্রাহিম খলিল (৩১) ও সোরহাব হোসেন (২৯)। পুলিশ জানিয়েছে, তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং ঢাকার বাইরে থেকে এখানে মিছিল করতে এসেছিলেন।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ধানমণ্ডি এলাকায় মিছিল করার জন্য জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদান করে তারা এখানে এসে জড়ো হন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

মতিঝিলে ব্যাংকের সামনে গুলি চালিয়ে টাকার ব্যাগ ছিনতাই

অনলাইন ডেস্ক
মতিঝিলে ব্যাংকের সামনে গুলি চালিয়ে টাকার ব্যাগ ছিনতাই

রাজধানীর মতিঝিলে ব্যাংকের সামনে লোকমান (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রবিবার (৭ জুন) বিকেলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল ৩টা ১০ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে ৬ জন ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে জনতা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার সামনে আসে। তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার হাত ও পায়ে দুটি গুলি লেগেছে বলে জানা গেছে। তিনি চিকিৎসাধীন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে। ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ধারণা করছে, এটি পরিকল্পিত ছিনতাই। ব্যাংক থেকে টাকা তোলার তথ্য আগে থেকেই ছিনতাইকারীদের কাছে ছিল কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং তাদের গতিপথ নির্ধারণে কাজ চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিকেলে তিনি মতিঝিলের শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল। পরে পথচারীরা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরো জানান, ব্যবসায়ীর হাতের কনুইয়ের নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।