• ই-পেপার

নাটোরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু, আহত ৪

নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু, আহত ৪
ছবি: কালের কণ্ঠ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (২১) নামে এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন পরীক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে অনুষ্ঠিত আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে মাইন উদ্দিনসহ কয়েকজন শিক্ষার্থী বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের রাশেদিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে যান। পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। পথে আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ তিন পরীক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরও এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী ও নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে প্রায় দুই ঘণ্টা লক্ষ্মীপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যান ও এর চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে দেওয়া স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে দেওয়া স্ট্যাটাস ভাইরাল
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দারোগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুয়েল উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চরিত্যা পাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে।

এদিকে রবিবার দিবাগত রাতে ব্রাজিলের খেলা দেখে নরওয়ের কাছে ২-১ গোলের হারের পর তিনি ফেসবুকে লিখেছেন ‘দল হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না’। এরপর নিজেই যখন হারিয়ে গেলেন তখন তার সেই ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। 

স্থানীয়রা জানায়, চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকা থেকে প্রতিদিনের মতো নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন জুয়েল। তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুয়েলের প্রতিবেশী ও ফুটবলার বাপ্পারাজ তালুকদার বলেন, ‘জুয়েল ভালো ফুটবল খেলতেন। কয়েকদিন আগেও চাম্বল মাঠে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আজ তিনি নেই, মেনে নিতে খুব আমাদের কষ্ট হচ্ছে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।

জুয়েলের ছোট ভাই মো. আরাফাত জানান, ‘সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে আনা হয়েছে। পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাজবাড়ীতে বহিষ্কার ৩

রাজবাড়ী প্রতিনিধি
এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাজবাড়ীতে বহিষ্কার ৩
ছবি : কালের কণ্ঠ

রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বহিষ্কৃত তিন পরীক্ষার্থী পাংশা সরকারি কলেজের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে তারা মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি শনাক্ত করেন। পরে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।

পাংশা মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ এ বি এম ওয়াহিদুজ্জামান ডাবলু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষাকক্ষে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের সময় তিন পরীক্ষার্থীকে হাতেনাতে শনাক্ত করেন। এরপর পরীক্ষার নিয়ম অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।’

বংশাই নদীতে ভেসে যাওয়া মরদেহ উদ্ধারে তৎপর পুলিশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বংশাই নদীতে ভেসে যাওয়া মরদেহ উদ্ধারে তৎপর পুলিশ
ছবি : কালের কণ্ঠ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভেসে যেতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে।

সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলা সদরের পুষ্টকামুরী পূর্বপাড়া এলাকায় বংশাই নদীর ওপর নির্মিত আলহাজ একাব্বর হোসেন সেতুর নিচ দিয়ে মরদেহটি ভেসে যেতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি মির্জাপুর থানায় জানালে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সেতুর নিচে পানিতে ভাসমান একটি বস্তুর ওপর কাকের আনাগোনা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বস্তুটি সেতুর কাছাকাছি এলে তারা সেটিকে মরদেহ বলে নিশ্চিত হন। মরদেহটি মধ্যবয়সী এক ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। তবে পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, মরদেহটি উজান থেকে স্রোতের সঙ্গে ভেসে এসেছে। পানিতে দীর্ঘ সময় থাকায় মরদেহটি ফুলে উঠেছিল। তবে এটি কিভাবে নদীতে এসেছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশের একাধিক দল নদীর বিভিন্ন স্থানে মরদেহটির খোঁজ করছে। নদীতে স্রোত থাকায় মরদেহটি দ্রুত ভাটির দিকে চলে গেছে। নৌকার সাহায্যে নদীর তীর ও বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার হলে পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।