নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (২১) নামে এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন পরীক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে অনুষ্ঠিত আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে মাইন উদ্দিনসহ কয়েকজন শিক্ষার্থী বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের রাশেদিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে যান। পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। পথে আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ তিন পরীক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরও এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী ও নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে প্রায় দুই ঘণ্টা লক্ষ্মীপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যান ও এর চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





